অচল পাখার হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সরকারি চিকিৎসাসেবার যে কী বেহাল অবস্থা, নারায়ণগঞ্জ হাসপাতালই তার একমাত্র উদাহরণ নয়। তবে এটি সরকারের বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানের অদক্ষতা, অযোগ্যতা ও সমন্বয়হীনতার একটি বড় দৃষ্টান্ত হতে পারে।
প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, নারায়ণগঞ্জ হাসপাতালটিতে রোগীদের জন্য শয্যা আছে ৩০০টি। আর এর বিপরীতে ১৫৭টি বৈদ্যুতিক পাখা থাকলেও বর্তমানে ৫২টি নষ্ট। আর যে ৯৮টি চালু আছে, তা এতটাই ধীর গতিতে চলে যে বাতাস পাওয়া যায় না।
গরমের দিনে এই নষ্ট পাখার নিচে রোগীরা ছটফট করলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের কিছু যায়-আসে না। হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরকারি প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তর একে অপরের ওপর দায় চাপিয়ে আত্মরক্ষা করতে চাইছে। হাসপাতালের পাখা এক মুহূর্তের জন্য অচল থাকার কথা নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, পাখা সরবরাহ করার দায়িত্ব গণপূর্ত বিভাগের এবং এ জন্য তাদের তিন দফা চিঠি দেওয়া হয়েছে। আর নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, আগে এ ধরনের কাজ ঢাকা থেকে সরাসরি করা হতো। এক মাস ধরে স্থানীয় অফিসের ওপর দায়িত্ব ন্যস্ত করা হলেও তহবিল দেওয়া হয়নি। তহবিল পাওয়া গেলে এক সপ্তাহের মধ্যে পাখাগুলো সরবরাহ করা যাবে।
কিন্তু যদি তহবিল পাওয়া না যায়, তাহলে কী হবে? হাসপাতালের পাখাগুলো নষ্টই থেকে যাবে? অনেক সময়ই সরকারি হাসপাতালের রোগী বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে ভাগিয়ে নেওয়ার নানা অপতৎপরতা চলে, অঘটন ঘটানো হয়। নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালের পাখা নষ্ট হওয়ার ঘটনা তারই অংশ কি না, তা-ও তদন্ত করে দেখতে হবে। একই সময়ে এত বিপুলসংখ্যক পাখা নষ্ট হয়ে থাকা মোটেও স্বাভাবিক কোনো ঘটনা নয়।
আমরা অবিলম্বে নারায়ণগঞ্জ হাসপাতালের বন্ধ পাখাগুলো চালু করার দাবি জানাই। একই সঙ্গে হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই। রোগীদের দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া কেবল অমানবিক নয়, শাস্তিযোগ্য অপরাধও।