দেশে যে রাজনৈতিক অচলাবস্থা চলছে, তার নেতিবাচক প্রভাব রাষ্ট্র ও সমাজের সর্বক্ষেত্রে দৃশ্যমান হয়ে উঠছে। এমন নয় যে এ রকম সংকট এবারই প্রথম দেখা যাচ্ছে। কিন্তু এবার এই সংকটের ব্যাপ্তি আগের যেকোনো সময়ের থেকে বেশি। এটা বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে জনপ্রশাসনে।
বুধবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, সচিবালয়ে নজিরবিহীন স্থবিরতা চলছে তিন সপ্তাহের বেশি সময় ধরে। ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই এটা শুরু হয়েছে। আমাদের প্রতিবেদক বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেছেন, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীর দৈনন্দিন দায়িত্ব পালন বলতে অফিসে আসা আর যাওয়া; অনেকে দেরিতে অফিসে গিয়ে ফিরে যাচ্ছেন দুপুরের মধ্যেই। তিন-চারটি সরকারের আমল ধরে চাকরি করছেন এমন কয়েকজন কর্মকর্তা মন্তব্য করেছেন, প্রশাসনে এমন স্থবিরতা তাঁরা এর আগে কখনো দেখেননি।
জনপ্রশাসনে স্থবিরতা দেখা দিয়েছে প্রধানত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কম উপস্থিতি এবং ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে। জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রায় অনুপস্থিত থাকছেন। স্বরাষ্ট্র, খাদ্য, ভূমিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের স্থবিরতাকে বলা হচ্ছে নজিরবিহীন। নির্বাচনকালীন মন্ত্রিসভার নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে বিধিনিষেধ আছে এটা ঠিক, তাই বলে মন্ত্রণালয়গুলোর হাতে কোনো কাজ নেই, এটা তো হতে পারে না। বরং সব মন্ত্রণালয়ে অনিষ্পন্ন কাজের ফাইলের পাহাড় জমে উঠছে। উন্নয়ন প্রকল্পগুলোর কাজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে।
রাজনৈতিক অনিশ্চয়তার কারণে কর্মকর্তা-কর্মচারীদের মানসিক অবস্থাটি বোধগম্য। কিন্তু তাই বলে ‘কাজে-কর্মে মন বসে না, সারাক্ষণ আতঙ্কে থাকি’—জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মনের এই অবস্থা তো উদ্বেগের বিষয়। এভাবে কত দিন চলবে? তা ছাড়া এ রকম অবস্থায় অনিয়ম-দুর্নীতির সুযোগ অনেক বেড়ে যায়। উচ্চপর্যায়ের কোনো কোনো কর্মকর্তা টাকার বিনিময়ে কর্মচারীদের ইচ্ছামতো বদলি করছেন—এমন অভিযোগ প্রথম আলোর উল্লিখিত প্রতিবেদনে রয়েছে।
জনপ্রশাসনের এই স্থবিরতা জাতির জন্য উদ্বেগের বিষয়। নির্বাচন অনুষ্ঠান ও পরবর্তী সরকার গঠনের আগ পর্যন্ত এভাবেই চলবে—এ রকম দৃষ্টিভঙ্গি থেকে এই স্থবিরতাকে দেখা উচিত নয়। অন্তর্বর্তীকাল বা ক্রান্তিকাল যা-ই বলি না কেন, জনপ্রশাসনের স্বাভাবিক ছন্দ ও গতিশীলতা বজায় রাখা একান্ত জরুরি।