অচলাবস্থায় জাহাঙ্গীরনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আবারও অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষকেরা। গত এক বছরে এভাবে তাঁকে বারবার অবরুদ্ধ হতে হয়েছে বাসভবন অথবা দাপ্তরিক কার্যালয়ে। তাঁরা উপাচার্যের বাসভবনের সুযোগ-সুবিধাও কমিয়ে দেবেন বলে জানিয়েছেন। শিক্ষকদের আন্দোলন এভাবে অশিক্ষকসুলভ পথে গড়ালে বিশ্ববিদ্যালয়টির ভবিষ্যৎ নিয়ে সত্যিই সন্দেহ জাগে।
উপাচার্য হিসেবে অধ্যাপক আনোয়ার হোসেনের যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে শিক্ষকদের একটি অংশের আন্দোলন চলছে। দৃশ্যত দেখা গেছে, এই আন্দোলনে উভয় পক্ষই একসঙ্গে পরাজিত। কারণ, আন্দোলনের চাপে যেমন উপাচার্যের পদত্যাগ ঘটেনি, তেমনি উপাচার্যও আন্দোলনকারীদের ক্ষোভ প্রশমনেও ব্যর্থ হয়েছেন। উভয় পক্ষ লড়াই চালিয়ে গেলেও, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হয়েছে। বছরেরও বেশি সময়জুড়ে দফায় দফায় ধর্মঘট, ঘেরাও, বিক্ষোভ ইত্যাদির কারণে ক্যাম্পাসে অশান্তি বিরাজ করছে, ক্লাস-পরীক্ষার ক্ষতি হয়েছে। ব্যাপারটা অনেকটা জাতীয় রাজনৈতিক পরিস্থিতিরই অনুরূপ।
রাজা রাজায় এই যুদ্ধে উলুখাগড়ারাও অবশেষে নড়েচড়ে বসেছে। একদিকে যখন উপাচার্য বাসভবনে অবরুদ্ধ, অন্যদিকে তখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও ক্লাস-পরীক্ষার দাবি জানিয়ে সমাবেশ করেছেন। তাঁরা উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন। যখন আন্দোলন হয় ক্ষমতার জন্য, যখন উপাচার্যকে ক্ষমতা ও সম্মানের স্বার্থে জেদ ধরে রাখতে হয়, তখন আসলেই কোনো সমাধান সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট এমনকি আচার্যও এই অবস্থার বিহিত করতে পারেননি।
শিক্ষকদের দাবিদাওয়ার যৌক্তিকতা থাকতে পারে, উপাচার্যেরও থাকতে পারে নিজস্ব যুক্তি ও বৈধতা। কিন্তু শিক্ষকদের আন্দোলন কেন উপাচার্যের পদত্যাগকেন্দ্রিক হয়ে যাবে? স্পষ্টত, জাহাঙ্গীরনগরে শিক্ষকদের একাংশের আন্দোলনের মধ্যে কাউকে সরিয়ে কাউকে ক্ষমতায় বসানোর অভিপ্রায় ধরা পড়ে।
এই অবস্থা দীর্ঘদিন ধরে বজায় রয়েছে, কিন্তু এভাবে বেশি দিন চলতে পারে না। উভয় পক্ষকেই একটা আপস-মীমাংসায় আসতে হবে। সেটা যদি তারা নিজেরা না পারে, তাহলে আইনের মধ্যে থেকে সরকারকেই এখানে হস্তক্ষেপ করতে হবে। জাহাঙ্গীরনগরের পরিস্থিতি হতাশাজনক, এই হতাশার অন্ধকার দূর করায় আচার্যের তরফে উদ্যোগ নেওয়া ছাড়া বিকল্প দেখা যাচ্ছে না।