
আগামী নির্বাচন কোন ধরনের সরকারের তত্ত্বাবধানে হবে, তা নিয়ে এখনো চলছে হানাহানি আর প্রতিনিয়ত বাগিবতণ্ডা। সংঘাতে প্রাণ হারাচ্ছে মানুষ, বিনষ্ট হচ্ছে সম্পদ। দুই জোটের রাজনীতি এখন এক ইস্যুতেই আটকে আছে—নির্বাচন। প্রথম আলোর জরিপে জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হয়েছে, সেখানে দেশের ৯০ শতাংশ মানুষ একটি নিরপেক্ষ ব্যবস্থার পক্ষে রায় দিয়েছে। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিশ্বাসযোগ্য ব্যবস্থারই প্রয়োজন। যে ব্যবস্থায়, যে নামেই হোক, নিরপেক্ষ না হয়ে দলীয় ছাপ থাকলে সে নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা থেকেই যাবে। ওই নির্বাচনে সব দল অংশ নিলেও ক্ষমতাসীন দল যদি পুনর্নির্বাচিত হয়, তখনই শুরু হবে আন্দোলন। তবে এখন পর্যন্ত যা মনে হচ্ছে, বিরোধী দল ওই ধরনের সরকারের তত্ত্বাবধানে নির্বাচন করতে আগ্রহী নয়।
নির্বাচনকালীন সরকারব্যবস্থা কেমন হবে, তার রূপরেখা বিরোধী দলও এখন পর্যন্ত হাজির করেনি। হয়তো করবেও না! তবে বিরোধী দল এখন এজেন্ডা এবং শর্ত ছাড়া এ বিষয় নিয়ে আলাপ করতে রাজি হয়েছে বলে যে খবর প্রকাশ হচ্ছে, তাতে কিছুটা স্বস্তির আমেজ এলেও এ আলোচনা দাবি আদায়ের কাছাকাছি না গেলে বিরোধী দলের এত আন্দোলন, এত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্য নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হবে। অপর দিকে ক্ষমতাসীন জোটও এ মুহূর্তে ছাড় দেওয়াকে তাদের দুর্বলতা প্রকাশের বার্তা দেওয়া হবে বলে মনে করছে। এ কারণে আগামী কয়েক মাস সংলাপের বিষয়টি বক্তব্য-পাল্টাবক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
ইতিমধ্যে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। এসব নির্বাচনের ফলাফল পর্যন্ত হয়তো সরকারি দল অপেক্ষা করবে বলে মনে হয়। এসব নির্বাচনে বিরোধী দল যোগ দেওয়ায় বিগত কয়েক বছরের মধ্যে হয়তো এবারই সরকারি দল প্রথমবারের মতো সরাসরি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। স্মরণযোগ্য যে, এ পর্যন্ত বিগত তিনটি সিটি করপোরেশন নির্বাচনে সরকারি দল-সমর্থিত প্রার্থীদের পরাজয় হয়েছিল। যে চারটি পুরোনো সিটি করপোরেশনে নির্বাচন হতে যাচ্ছে, সেগুলোতে ২০০৮ সালের নির্বাচনে বর্তমান বিরোধী দলের সমর্থিত কোনো প্রার্থী ছিল না, তথাপি অন্তত একটি সিটি করপোরেশনে বর্তমান শাসক দলের সদ্য বিদায়ী মেয়রকে জিততে বেশ বেগ পেতে হয়েছিল। এসব নির্বাচনের ওপরই নির্ভর করছে ঢাকা দুই সিটি করপোরেশনের নির্বাচনের ভবিষ্যৎ এবং জাতীয় রাজনীতিতে নতুন মোড়।
২.
তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার—যেটাই থাকুক না কেন, একটি বিষয় ক্ষমতাসীন দলের নেতাদের একাংশ মনে করে যে বর্তমানে সংবিধানের বিধান যেভাবে রয়েছে, সেভাবে নির্বাচন কঠিন হবে এবং নির্বাচন হলেও তার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। কিছু আইনি জটিলতার সৃষ্টি হওয়া ছাড়াও নির্বাচন পরিচালনা যারা করবে, নির্বাচন কমিশন, আদৌ প্রস্তুত কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে। এ ধরনের নির্বাচনে সমতল ক্ষেত্র তৈরি করতে নির্বাচন কমিশন পারবে কি না, সে ব্যাপারেও প্রশ্ন রয়েছে। সংসদ ভেঙে নির্বাচন করার ইঙ্গিত প্রধানমন্ত্রী কয়েকবার দিলেও সে ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংশোধনী দরকার। সেসব নিয়ে কোনো উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না। বর্তমানে সংবিধান যে অবস্থায় রয়েছে, সেখানে মেয়াদ শেষ হওয়ার আগে সংসদ ভেঙে দেওয়ার এখতিয়ার, বিশেষ ক্ষেত্র ছাড়া, রাষ্ট্রপতিকে দেওয়া হয়নি। এমনকি সংবিধানে উল্লেখিত কারণগুলো ছাড়া প্রধানমন্ত্রীও সুপারিশ করতে পারেন না। এমতাবস্থায় সংসদ ভেঙে নির্বাচনের ব্যবস্থা করতে গেলেও বিদ্যমান সংবিধানের কয়েকটি ধারায় পরিবর্তন আনতে হবে। কিন্তু এসব নিয়ে আলোচনাই হচ্ছে না।
আগামী নির্বাচনকালীন সরকারব্যবস্থার যদিও কোনো রূপরেখা কোনো পক্ষই দেয়নি, তবে সরকারি দলের বিভিন্ন নেতার বক্তব্য পরস্পরবিরোধী বলে মনে হয়। একদিকে প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের কথা বলছেন, অপর দিকে সরকারের শীর্ষস্থানীয় অন্য নেতারা নির্বাচিত ব্যক্তিদের দ্বারা সরকার গঠনের কথা বলছেন। এখানেও ধোঁয়াশা রয়েছে। সংসদ ভেঙে গেলে অথবা মেয়াদ শেষ হলে, বিলুপ্ত হলে কোনো সদস্যই নির্বাচিত থাকছেন না; সে ক্ষেত্রেও অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিত হবে। এমনকি বিশ্বে সংসদীয় গণতন্ত্রের প্রচলিত ধারায় সরকার গঠন করলেও সে সরকার দলীয় হলেও নির্বাচিত থাকছে না। কাজেই এসব বিষয় ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে অনিশ্চয়তা কাটবে না।
আমাদের দেশে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের অবিশ্বাস রয়েছে, তাতে অদূর ভবিষ্যতে অন্যান্য দেশের রীতিও বিরোধী দলের কাছে গ্রহণযোগ্য হবে না। যা-ই হোক, আগামী নির্বাচনের আগে এমন একটি সরকারের প্রয়োজন, যা সব দলের কাছে এবং বৃহত্তর আঙ্গিকে ভোটারদের আস্থা অর্জন করতে পারে।
৩.
নির্বাচনকালীন সরকারব্যবস্থা যা-ই হোক, নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনেরই। আর সেই নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে তা গ্রহণযোগ্য হবে না। সে অবস্থায় নির্বাচন কমিশনকে পড়তে হবে উভয়সংকটে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সংবিধানের বাইরে নির্বাচন কমিশন যেতে পারে না। একইভাবে নির্বাচন কমিশনে যাঁরা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাঁদের নৈতিকতার দিকটিও ভেবে দেখতে হবে। উদ্যোগী হয়ে সব দলের সঙ্গে কথা বলতে হবে।
বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নির্বাচন কমিশনও অনেকটা অনিশ্চয়তায় রয়েছে, সন্দেহ নেই। প্রায় দেড় বছরের মাথায়ও নির্বাচন কমিশন প্রস্তাবিত আইন সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গেই কথা বলতে পারেনি। নির্বাচন কমিশনের সুপারিশমালার বহুলাংশ আইন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হয়নি বলে তথ্যে প্রকাশ। ইতিপূর্বের কমিশন অভিজ্ঞতার আলোকে যেসব প্রস্তাব দিয়েছিল, সেগুলো কতটা প্রয়োজনীয় তা বর্তমান কমিশনকেই নিরূপণ করতে হবে। সরকারের একতরফা আইনি সংস্কারের সুপারিশ নির্বাচন কমিশনের হাতকে শক্তিশালী করবে না। নির্বাচন কমিশনকে আরও ক্ষমতাবান করার কথা রাজনৈতিক বাগাড়ম্বরের মধ্যে অতীতেও সীমাবদ্ধ ছিল, এখনো রয়েছে। এ ব্যাপারে উদ্যোগ নিতে ক্ষমতাসীন দলকেও যেমন দেখা যায়নি, তেমনি নির্বাচন কমিশনও সক্রিয় নয়। কাজেই আগামী নির্বাচন যদি দলীয় সরকারের তত্ত্বাবধানে সংসদ বহাল রেখে অনুষ্ঠিত হয়, তাহলে বর্তমান নির্বাচনী আইন যথেষ্ট নয়। তেমনি সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থায়ও যদি নির্বাচন হয়, নির্বাচনী আইনের ব্যাপক সংশোধনীর প্রয়োজন হবে। এমনকি পূর্বতন ব্যবস্থায় ফিরলেও নির্বাচন কমিশনকে আইনের মাধ্যমে আরও ক্ষমতায়ন করতে হবে।
৪.
লেখাটি শুরু করেছিলাম বাংলাদেশের দুজন বিখ্যাত এবং অতি শ্রদ্ধেয় ব্যক্তির উদ্ধৃতি দিয়ে। যদিও বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ‘বাজিকর’দের স্তর ব্যাখ্যা করেননি, তিনি শ্রোতা ও পাঠকদের ওপরে ছেড়ে দিয়েছেন। তবু বলতে হয়, তাঁর উপলব্ধি কতখানি সময়োপযোগী, তা পাঠকমাত্র বুঝতে পারছেন। সাভারে রানা প্লাজা ধসের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমাদের সমাজের সর্বস্তরের ‘বাজিকর’দের দাপট অনেক বেশি। যে দাপটে পুলিশ ও বেসামরিক প্রশাসন এক ঘটি থেকে পানি পান করছে। কাজেই সোহেল রানারা তাঁদের কৃতকর্মের জন্য গ্রেপ্তার হতে পারেন, কিন্তু শাস্তি পাবেন কি না, সে ব্যাপারে সংশয় আছে। যে দেশে সাজাপ্রাপ্ত খুনের আসামি সসম্মানে মুক্তি পেতে পারেন, সে দেশে রানারা দীর্ঘ সময়ের জন্য জেলে থাকবেন, এমন কথা ভাবাই যায় না।
দেশটি এখন দারুণ সংকটে রয়েছে। পোশাকশিল্পে ধস নামলে মধ্যম আয়ের দেশ হওয়ার স্বপ্ন বিলাসিতাই থেকে যাবে। আমাদের দেশে আরেকটি রোগের ব্যাপ্তি ঘটছে, তা হলো ‘অতিকথন’। কে কখন কোন বিষয়ে একমুখে কত কথা বলেন, তা বলা দুরূহ ব্যাপার। তাঁদের কাণ্ডকারখানা আর অতিকথনে মনে হয় দেশে তুঘলকি কারবার চলছে। কবি যথার্থই বলেছেন, ‘অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ’। এই উট কোথায় গিয়ে থামবে, আমরা আঁচ করতে পারছি না।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক।