অটিস্টিক শিশুদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীনা কোন গান শুনছ? ‘বঁধুয়া আমার চোখে জল এনেছে বিনা কারণে নাকি তেরে বিনা?’ কিংবা ‘শাওন রাতে যদি’ গানটা কি তোমার বেশি পছন্দ? শায়েরী ফোন করে আমাকে বলে। আরও বলে, থ্রি ইডিয়টস আমি দেখেছি, তুমি দেখোনি?  জারিন তাসনিম শায়েরী আমার নাতনি। অপূর্ব সুন্দরী কিন্তু ডাক্তারদের মতে সে অটিস্টিক। বয়স ১৩ বছর।

শায়েরী পড়াশোনা করতে, টিভি দেখতে আর গান শুনতে খুব পছন্দ করে। ওর স্মরণশক্তি অসাধারণ। অটিজম  ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. রওনক হাফিজের পরামর্শে ওকে নরমাল স্কুলে ভর্তি করানো হয়। ঢাকার লালবাগের বশিরউদ্দিন সরকারি প্রাইমারি স্কুল থেকে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ভালোভাবে পাস করেছে। ইংরেজি ওর প্রিয় বিষয়। কিন্তু অঙ্কে কাঁচা। ও এখন একটি বালিকা উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ছে। ও কম্পিউটার, মোবাইল থেকে নিজের পছন্দমতো গান বের করে শুনতে পারে। ও অনেক গান জানে—বাংলা, হিন্দি, ইংরেজি। ও জানায়, সে স্টেজ শো করবে। শায়েরীর অনেক কিছু করার ইচ্ছে। সবচেয়ে বেশি আগ্রহ পড়াশোনায়। হঠাৎ যদি ওর পড়াশোনা বন্ধ হয়ে যায়, তো ওর জীবন দুর্বিষহ হয়ে উঠবে।

শায়েরীর অনেক অসুবিধাও রয়েছে। যেমন ওকে একা ছেড়ে দেওয়া যায় না, সব সময় খেয়াল করতে হয়। কিছু কিছু শব্দ ওর কাছে অনেক ভীতিকর। ওর মধ্যে সব সময় একটা অস্থিরতা কাজ করে। এই শায়েরীকে নিয়ে ওর বাবা-মায়ের চিন্তার শেষ নেই।

এখন অটিজম সম্পর্কে কমবেশি সবাই জানে। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন পুতুল বাংলাদেশে অটিজমের ওপর কাজ করছেন। অটিজম দিবসে প্রধানমন্ত্রী পড়াশোনায় আগ্রহী এসব শিশুকে নরমাল স্কুলে ভর্তি করানোর কথা বলেছিলেন। সায়মা হোসেনও বলেছিলেন, ওদের জন্য যা করা দরকার, উনি করবেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে স্কুলগুলোতে নির্দেশ না এলে তো কিছুই হবে না।

অভিজ্ঞতার আলোকে সব অটিস্টিক শিশু যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং কিছুটা হলেও নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য নিম্নে বর্ণিত ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছি।

১. দেখা যায় অটিস্টিক শিশুরা সব বুঝলেও বেশি বড় উত্তর পড়তে বা লিখতে চায় না। তাই ওদের জন্য কিছুটা সংক্ষিপ্ত সিলেবাস চাুল করা প্রয়োজন। ২. উত্তর দেওয়ার সুবিধার্থে প্রশ্নের ধরনটাও আলাদা হওয়া দরকার। ৩. ওদের যেহেতু মনোযোগ কম আর হাতের সমস্যা থাকে, সে জন্য পরীক্ষার বাড়তি সময়টা ১৫ মিনিট থেকে বাড়িয়ে এক ঘণ্টা করলে ভালো হয়। ৪. পাঠ্যবইয়ে কিছু কিছু বিষয় দেখা যায়, ওরা একদমই পছন্দ করে না। তাই সিলেবাসে বিকল্প বিষয় নেওয়ার সুযোগ থাকা দরকার। ৫. যেহেতু সব শিক্ষক ওদের সমস্যাগুলো বুঝতে পারেন না, তাই নির্দিষ্টসংখ্যক শিক্ষককে ওদের সম্পর্কে অবহিত করতে প্রশিক্ষণের ব্যবস্থা করলে পড়ানোটা অনেক সহজ হবে। ৬. অটিজম দিবসে এবং অন্য সময়ে সময়ে রাষ্ট্র থেকে ওদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা যেতে পারে।

 উল্লিখিত বিষয়ের আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

দিলারা আখতার

অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক

নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী।