প্রতিবছরের মতো এবারও জেঁকে বসেছে শীত। এসেছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। তাদের কলকাকলিতে প্রাণপ্রাচুর্যে ভরে উঠেছে দেশের নানা প্রান্তের হাওর, বাঁওড়, বিল, লেকসহ অসংখ্য জলাশয়। বালিহাঁস, বাটুল, চখাচখি, শামুকখোল, খোপাডুবুরিসহ অন্যান্য পাখির চঞ্চল ওড়াওড়ি মুগ্ধ করে যেকোনো মানুষকে। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এসব পাখি আসে আমাদের দেশে একটু উষ্ণতার জন্য। অথচ একশ্রেণীর অসাধু চক্র শুধু অর্থের লোভে নির্মমভাবে শিকার করছে এসব অতিথি পাখি।
বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে অতিথি পাখি শিকার ও বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। কিন্তু এ আইনের সুষ্ঠু প্রয়োগ নেই বলে এই মৌসুমে পাখিশিকারিদের দৌরাত্ম্য চলে। শুধু পেশাদার নয়, অনেক শৌখিন শিকারিও অতিথি পাখি শিকার করেন। প্রতিদিনই মারা পড়ছে শত শত অতিথি পাখি। এতে একদিকে মারাত্মক হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। বাড়ছে ক্ষতিকর পোকামাকড়ের প্রকোপ, যার কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে অতিথি পাখি রক্ষার দায়িত্ব আমাদের সবার। আসুন, আমরা অতিথি পাখি শিকার বন্ধ করি। পরিবেশের বাস্তুতন্ত্রকে সমুন্নত রাখার জন্য সামান্য হলেও সবাই অবদান রাখি।
তারেক আজিজ
শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।