আমাদের দেশে প্রকৃতির বন্ধু নানা প্রজাতির পাখি বিভিন্ন দেশ থেকে অতিথি হয়ে আসে। দেশের হাওর, বাঁওড়, নদী-নালা, বিলসহ বিভিন্ন জলাশয়ে বিচরণ করে কিছুদিন। কেননা, শীতকালে সাইবেরিয়াসহ বিভিন্ন অঞ্চল তীব্র শীতে আক্রান্ত হয়। তুষারপাত ঘটে। বরফে আচ্ছন্ন থাকে। এ সময় এসব অঞ্চলে পাখিদের টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই পাখিগুলো আমাদের মতো নাতিশীতোষ্ণ দেশ কিংবা অঞ্চলে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে উড়ে আসে। এরা আমাদের প্রকৃতির অতিথি। শীত শেষে চলে যায় আপন ঠিকানায়। আর এই সুযোগে কিছু লোভাতুর মানুষ এই পাখিগুলোকে হত্যা করে অর্থাৎ শিকার করে বিক্রয় করে অথবা রসনা বিলাস করে। কিন্তু এই পাখি সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। এরা প্রকৃতির বন্ধু। এরা প্রকৃতির শোভাবর্ধনকারী। এরা ভারসাম্য রক্ষা করে প্রকৃতির। এদের হত্যা করা, শিকার করা অন্যায়।
আসুন, এই পাখিদের আমরা রক্ষা করি। এ ব্যাপারে সচেতন নাগরিক, পরিবেশবাদী সংগঠন, মিডিয়া কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার সুহূদ প্রকৃতিপ্রেমী মানুষকে এগিয়ে আসা দরকার। পাখি শিকারের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ হোক। সর্বোপরি, অতিথি পাখিসহ সব পাখি শিকার বন্ধ হোক।
কঙ্কন সরকার
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।