অতীতের বিধুরতায় সর্বজনীন ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রাপাড়ের ছবির মতো সাজানো শহর নড়াইল। আমার শৈশব ও কৈশোরের দিনগুলো কেটেছে এখানে। তখন ইন্টারনেট, স্মার্টফোন আর ল্যাপটপ ছিল না; মানুষের বিনোদনের একটা বড় অংশ জুড়ে ছিল বন্ধুবান্ধব আর স্বজনদের সঙ্গে উত্সবের আনন্দ ভাগ করে নেওয়া। সে ঈদই হোক বা দুর্গাপূজা। ধর্মের ভেদাভেদ ভুলে আমরা অপেক্ষা করতাম এ উত্সবের দিনগুলোর জন্য। অনেক বছর পরেও সে স্মৃতিগুলো উজ্জ্বল।

সামছুর রহমান খান আমার ছোটবেলার শিক্ষক। পেশায় শিক্ষক নন; সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন আর রাতে আমাকে পড়াতেন। স্যার আসতেন সাইকেলে চড়ে। নিজের থেকেও বেশি যত্ন করতেন তাঁর সাইকেলটির। কাউকে তাঁর সাইকেল ধরতে দিতেন না। বছরের একটি দিন তিনি রাতে না এসে আসতেন সকালে—সে ঈদের দিন। ঈদের নামাজ সেরে, বাড়িতে রান্নার ব্যবস্থা করে আমাদের বাড়িতে এসে আমাকে আর আমার ছোট বোনকে সাইকেলে চড়িয়ে তাঁর বাড়িতে নিয়ে যেতেন। বছরের পর বছর এভাবেই ঈদের দিন আমরা তাঁর বাড়িতে গেছি। অনেক বছর পর আজ ভাবি, উত্সবের দিন মানুষের কত কাজ, নিজের সন্তান-আত্মীয়-বন্ধুদের সঙ্গে সময় ব্যয় না করে তিনি ছুটে আসতেন আমাদের তাঁর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য!

ঈদের দিনের একটা বড় অংশ তিনি কাটাতেন আমাদের সঙ্গে। ওই একটি দিন তাঁর সাইকেলটিও তিনি আমাকে দিতেন খানিকক্ষণ চালানোর জন্য। খাওয়াদাওয়ার পর্ব শেষ হলে তিনি আমাদের বাড়িতে পৌঁছে দিতেন। এরপর বাড়ি ফিরে একের পর এক পাড়াপ্রতিবেশী আর বন্ধুদের বাড়িতে যেতেন।

আমার বাবার সহকর্মী ছিলেন শরীফ আবদুল হাকিম। আইন পেশার পাশাপাশি সাংবাদিকতা করতেন। বয়সে আমার বাবার চেয়ে বেশ বড়ই ছিলেন। তাঁর সন্তানেরা সবাই অনেক আগে থেকে সুপ্রতিষ্ঠিত। তাঁরা সবাই নড়াইলের বাইরে থাকতেন। অনেকবার ঈদের দিনে এসে তিনি আমাদের নিয়ে গেছেন তাঁর বাড়িতে। এভাবে উত্সবের মুহূর্তগুলো সন্তানদের সঙ্গে একান্তভাবে কাটানোর মায়া ত্যাগ করে তিনি ভাগ করেছেন আমাদের সঙ্গে।

ঈদের দিনের আবহাওয়া খারাপ থাকলে বা বৃষ্টি থাকলে আমাদের মন খারাপ হয়ে যেত। তাই মনে মনে চাইতাম, ঈদের দিনে যেন বৃষ্টি না হয়।

আমাদের ছোট শহরটিতে এ রকম অনেক মানুষ ছিলেন, যাঁদের কথা এখনো মনে পড়ে। যাঁরা ঈদের আনন্দে আমাদের শরিক করতেন। এসব মানুষের সঙ্গে সম্পর্কগুলো গড়ে উঠেছিল কোনো প্রত্যাশা ছাড়াই। আর্থিকভাবে অনেকেই হয়তো অনেক সচ্ছল ছিলেন না, তবুও ঈদের দিন আমাদের জন্য সবচেয়ে ভালো খাবারটির আয়োজন করতেন। আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু ছিলেন প্রয়াত গাজী আলি করিম। তখনকার দিনে কমলালেবু পাওয়া যেত শুধু শীতকালে। একবার গ্রীষ্মের এক ঈদে কমলালেবু দিয়ে বলেছিলেন, ‘ঢাকা থেকে নিয়ে এসেছি, তোর জন্য দুইটা রেখেছিলাম।’

দশক গড়িয়ে গেছে। দেশ থেকে দেশান্তরিত হয়েও স্মৃতিগুলো বড় তাড়ায়। এখন বুঝতে পারি, মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে নিজের আনন্দের মুহূর্তগুলো, সহজলভ্য নয় এমন জিনিসগুলো অপরের সঙ্গে অত সহজে শেয়ার করা যায়। মনটা খারাপ হয় এটা ভেবে যে, এখন নিজে অর্থ উপার্জন করি, কিন্তু এ মানুষগুলোকে একবার আমার আনন্দের অংশীদার করতে পারলাম না।

উত্সবকে সর্বজনীন রূপ দেওয়ার এ প্রবণতা হয়তো আমাদের—বাঙালিদের—রক্তে আবহমান কাল ধরে চলে আসছে। প্রবাসেও ঈদ বাঙালির এক সর্বজনীন উত্সব। এবারের ঈদেও আমরা বন্ধুদের বাড়িতে বেড়াতে যাব, উত্সবের আনন্দ ভাগ করে নেব। লন্ডনে এবারের ঈদে কেবল আমাদের বন্ধুদের বাড়িতে গেলেই হবে না, আমার পাঁচ বছরের ছেলের বন্ধুদের বাড়িতেও যেতে হবে। প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়ুক ঈদের এ আনন্দ, এ সর্বজনীনতা। সবাইকে ঈদ মোবারক।

সুব্রত বোস: ব্যবস্থাপনা পরিচালক, অনারারি ফেলো, ইম্পিরিয়াল কলেজ এবং কিংস কলেজ, লন্ডন।