অথচ মামলা প্রত্যাহারের হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন সবাই উদ্বিগ্ন, তখন সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলার দোহাই দিয়ে আরও ৭২টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করেছে। এই নিয়ে বর্তমান সরকারের আমলে সাত হাজার ১৭৩টি মামলা আংশিক বা পুরো প্রত্যাহার করা হলো। সরকারের দাবি অনুযায়ী, এসব মামলা বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। বৃহস্পতিবারের বৈঠকে যে ৭২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, তার মধ্যে ১৬টি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকার; তাও সব নিয়মনীতি উপেক্ষা করেই।
এখানে যে প্রশ্নটি না উঠে পারে না, সেটি হলো বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা থেকে বিদায় নিয়েছে ২০০৬ সালে। এরপর তত্ত্বাবধায়ক সরকার পেরিয়ে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার পথে। এই মামলাগুলো যদি রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়ে থাকে, তাহলে আইনি প্রক্রিয়ায় কেন নিষ্পত্তি করা হলো না? তদন্ত কর্মকর্তারা ফাইনাল প্রতিবেদন না দেওয়ায় প্রমাণিত হয় যে এসব মামলার ভিত্তি আছে। এসব মামলার মধ্যে খুন, ডাকাতি ও চাঁদাবাজি, দখলবাজির মামলাও আছে। তাহলে কি সরকার এসব ঘটনা বেমালুম অস্বীকার করতে চায়? ঘটনা ঘটলে যেমন ঘটক থাকবে, তেমনি তাকে সে জন্য শাস্তিও পেতে হবে। কিন্তু মাঝপথে মামলা প্রত্যাহার করে নেওয়া হলো সেই শাস্তি থেকে তাকে রেহাই দেওয়া।
যারা যখন ক্ষমতায় থাকে, তারা যদি রাজনৈতিক হয়রানিমূলক মামলার নামে গয়রহ খুন, ডাকাতি ও দস্যুতার মামলাগুলো এভাবে প্রত্যাহার করতে থাকে, তাহলে অপরাধ দমন তো হবেই না, জনজীবনও বিপন্ন হতে বাধ্য। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুযোগে যে শুধু দলীয় মাস্তান ক্যাডাররাই জেলখানা থেকে বুক ফুলিয়ে বেরিয়ে আসে তা নয়, পেশাদার চোর-ডাকাতেরাও এ সুযোগ নেয়। এমনকি উেকাচের বিনিময়ে বিরোধী দলের ক্যাডার-মাস্তানদেরও বেরিয়ে আসতে দেখা গেছে।
রাজনৈতিক মামলা প্রত্যাহার নিয়ে যে উেকাচ-বাণিজ্য হয়, তা-ও কারও অজানা নয়। আমরা পুরো বিষয়টির বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। সরকারের দাবি, বিএনপির আমলে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা হলেও তাদের আমলটি নাকি একেবারেই ধোয়া তুলসী পাতা। তাহলে বিচার তদন্তে বাধা কোথায়? নিজের দলের চিহ্নিত অপরাধীদের রাজনৈতিক মামলার দোহাই দিয়ে বিচারের মুখোমুখি করা থেকে বাইরে রাখলে আইনের শাসন প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়।