সেদিন পত্রিকায় যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রের কিশোরদের প্রতিবাদ দেখলাম। অনেকে এই বিচিত্রভাবে হাত-পা-বুক চিরে প্রতিবাদটাকে অবাক চোখে হয়তো দেখবেন। কিন্তু আমি মনে করি না এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর আগেও কিশোরেরা এভাবে প্রতিবাদ করেছে।
আমি খুবই অবাক ও আতঙ্কিত হই, যখন দেখি আমারই বয়সী কিংবা তার চেয়েও ছোট শিশু–কিশোরদের অমানুষিক অত্যাচারের মাঝে রাখা হয়।
এসব কিশোরের জন্য দৈনিক সরকারি বরাদ্দ ৫১ টাকা (!)৷ এটি দেখে আমি একধরনের কৌতুক অনুভব করি! এই বরাদ্দটা যাঁরা নির্ধারণ করেছেন, তঁাদের ক্ষেত্রে আমি একদম লিখে দিতে পারি যে তাঁরা তাঁদের ছেলেদের হাতখরচ এর চেয়ে বেশি দেন।
আমি মনে করি, এই প্রতিষ্ঠানের নাম কোনোভাবেই কিশোর ‘উন্নয়ন’ কেন্দ্র হওয়া উচিত নয়। এটিকে বলতে হয় কিশোর অত্যাচার কেন্দ্র। কারণ, বিপথে যাওয়া তরুণদের সঠিক পথে আনতে হলে আগে দরকার অনেকখানি ভালোবাসা—আর এই ক্ষেত্রে ভালোবাসার জায়গায় তাদের ঠিকভাবে মৌলিক চাহিদাগুলো পূরণ করা হচ্ছে না; বরং তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
শুনতে হয়তো খারাপ লাগবে তবু বলি, যঁারা এই কিশোর সংশোধনী কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, তাঁদেরই আগে সংশোধনী কেন্দ্রে পাঠানো উচিত।
তাহমিদ-উল-ইসলাম
বরিশাল মডেল স্কুল ও কলেজ, বরিশাল৷