অনলাইন পাঠক মন্তব্য: মত দ্বিমত তৃতীয় মত
সিটি নির্বাচনে হারলেও লাভ বিএনপির!
সংবাদ, রিয়াদুল করিম, মার্চ ২৭, ২০১৫
l মত
বিএনপি তো সবকিছুই লাভের আশায় করে বলে মনে হয়। শেয়ারবাজার লুটপাটে তারা নীরব। কারণ, টাকা গেছে জনগণের। আরও কত দরকারে জনগণ বিএনপিকে মানুষের কাছে চেয়েছে, কিন্তু বিএনপি সেসবে নেই। শুধু ভোটের জন্য তারা মরিয়া। কারণ, ভোট পেলেই তো গদি লাভের নিশ্চয়তা। বিএনপির ভাগ্য ভালো আওয়ামী লীগ অনবরত অকাজ–কুকাজ করে জনগণের মন বিষিয়ে তুলেছে, তাই আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপি ছাড়া আর কেউ থাকছে না। তা না হলে আমি ১০০ শতাংশ নিশ্চয়তা দিয়ে বলব, বাংলাদেশে খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের মতো নেতারা জনগণের প্রতিনিধি হতে পারেন না। আমাদের পোড়া কপালগুণে ওরা নেতা।
ইবনে মিজান
জি, আমরা জনগণ আগে থেকেই জানি জিতলে বলবেন, সরকারের জনপ্রিয়তা নেই। সুতরাং সাধারণ নির্বাচন এখনই চাই। আর যদি
হারেন তাহলে প্রমাণ ছাড়াই বলবেন, জোর করে, কারচুপি করে হারানো হয়েছে। এই সংস্কৃতি বদলানোর জন্যেই
তো ১/১১ সরকার এসেছিল। কিন্তু আমরা এত সহজে কোনো কিছু শিখতে চাই না।
জামসেদ
l দ্বিমত
৫ শতাংশ ভোটারের নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর থেকেই মানুষের দৃষ্টি অন্য দিকে নিতে কি না করছেন শেখ হাসিনা! সিটি করপোরেশন নির্বাচনও সে রকমই এক ফাঁদ। এর আগে যতবারই আন্দোলন দানা বেঁধেছে, ততবারই ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে এনেছে আওয়ামী লীগ সরকার। ৫ জানুয়ারির নির্বাচনের পরও বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু ফল কী হয়েছিল? যখন আওয়ামী লীগ দেখল জনগণ ৫ জানুয়ারির বদলা নিচ্ছে, তখনই স্বমূর্তি ধারণ করলেন আওয়ামী লীগাররা। সিটি করপোরেশন নির্বাচনেও তা হবে, এমন আশঙ্কা সর্বত্র। তার পরও বিএনপির কেউ কেউ এ নির্বাচনে যাওয়ার চিন্তাভাবনা করছেন। গেলে বিএনপিকে প্রার্থী মনোনয়নে অনেক সতর্ক হতে হবে।
মো. আবদুর রহমান
মিরপুরের কারখানায় যে ১৫ জন শ্রমিক আগুনে পুড়ে মারা গেলেন, তাঁরা কি মানুষ না? তাজরীন গার্মেন্টসে যে ১২০ জন আগুনে পুড়ে মারা গেলেন আর ১৪০ আহত হলেন, তঁারা কি মানুষ না? কী বিচার হয়েছে আজ পর্যন্ত? তাঁরা রাজনীতির বলি না বলে তাদের কথা বলতে লজ্জা পান?
নাম প্রকাশে অনিচ্ছুক
l অন্যমত
দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার এবং নাগরিকদের ভোটের অধিকার প্রতিষ্ঠার দায় শুধু বিএনপির একার নয়, গোটা দেশের। তাই দুটি শহরের সিটি করপোরেশন নির্বাচনের হিসাব–নিকাশ দিয়ে জনগণের বৃহৎ স্বার্থকে উপেক্ষা করার মানসিকতা ত্যাগ করা উচিত।
মুজিবর রহমান
আমাদের দুটি দলই একে অন্যকে দোষারোপের রাজনীতি করে টিকে আছে। এর মধ্যে আবার এক দল আরেক দলকে কীভাবে শেষ করা যায়, সেই চিন্তায় সারা জীবন পার করছে। এক দল শেষ হয়ে গেলে অন্য দল এমনিতেই শেষ হয়ে যাবে? নাকি অনিবার্য নিয়মে তারাও বিলুপ্ত হবে?
মো. হানিফ
অনলাইন পাঠক মন্তব্য: মত দ্বিমত তৃতীয় মত
পুরুষ নির্যাতন দমন আইন করার দাবি হাজি সেলিমের
সংবাদ, ২৪ মার্চ, ২০১৫
l মত
সহমত পোষণ করছি। আমাদের দেশে নারী নির্যাতন দমন আইন নামে যে আইন প্রচলিত আছে, সত্যিকার অর্থে এটা পুরুষ নির্যাতনের হাতিয়ার হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে। আর এই আইনটি কীভাবে সংবিধানসম্মত, তা আমার বুঝে আসে না। সংবিধানে বলা আছে, রাষ্ট্রের সব নাগরিক সমান সুবিধা ভোগ করবে, সেখানে অর্ধেক মানুষের বিশেষ সুবিধা দিয়ে কীভাবে এই আইনটি বলবৎ থাকে!!! হাজি সেলিম তো তাই ঠিকই বলেছেন।
আবু সাইয়েদ
l দ্বিমত
এই জন্য পুরুষ নির্যাতন আইন করতে হবে? যেকোনো নির্যাতনের বিরুদ্ধেই তো আইন আছে, যেটা নারী-পুরুষ সবার জন্যই প্রযোজ্য। কিন্তু নারীরা যেহেতু বেশি পরিমাণে নির্যাতিত, এ জন্য আলাদা করে নারী নির্যাতন দমন আইন করা হয়েছে। এমন তো নয়, একজন পুরুষ নির্যাতনের শিকার হলে তার প্রতিকার আইনে নেই। তাই বিশেষ করে পুরুষ নির্যাতন আইন করা কেন প্রয়োজনীয় বলে মনে করছেন আপনি?
সবুজ রহমান
lঅন্যমত
আমাদের দৈনন্দিন জীবনের অতি গুরুত্বপূর্ণ মৌলিক কিছু সমস্যা যেমন প্রশাসনে প্রকাশ্যে ঘুষ-দুর্নীতি, প্রকাশ্যে খাদ্যে ভেজাল, ছাত্ররাজনীতির নামে সন্ত্রাসী, শিক্ষার নামে মানহীন কুশিক্ষা, অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য, মানহীন চিকিৎসা, ধর্মের নামে অনাচার, মানহীন পরিবহনব্যবস্থা, ভয়ানক পরিবেশদূষণ, সরকারি সম্পদ অবৈধ দখল—এগুলো নিয়ে আলোচনা না করে এমন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট অবান্তর ও হাস্যকর।
এম আহমেদ
অনলাইন পাঠক মন্তব্য: মত দ্বিমত তৃতীয় মত
সালাহ উদ্দিনের নিখোঁজ হওয়া: কিছু সতর্কবাণী
মতামত, আসিফ নজরুল, ২৩ মার্চ, ২০১৫
l মত
বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকে হত্যা করা হয়েছিল, শেখ হাসিনার সভাস্থলে গ্রেনেড হামলা করে অনেককে নিহত-আহত করা হয়েছিল। ওসব হামলা যারাই করুক না কেন, তৎকালীন সরকার হিসেবে এর দায়ভার গ্রহণ করে সঠিক বিচারের আওতায় আনার কথা তখনকার বিএনপি সরকারের ছিল, যা তারা যথাযথভাবে করেনি। বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে ওভাবে সরাসরি আক্রমণ করা হয় না ঠিকই কিন্তু নানা প্রকারের গুম-খুন আরও অধিক হারে জেঁকে বসেছে। এভাবে কি একটা দেশ, একটা জাতি চলতে পারে! দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কা থেকে বাঁচানোর জন্য কি এর আশু সুরাহা হওয়া আবশ্যিক নয়? আমাদের ও আমাদের রাজনীতিবিদদের চৈতন্যোদয় ঘটা উচিত।
মাহতাব হোসেন
l দ্বিমত
সালাহ উদ্দিন সাহেব কোনো সন্ত্রাসী ছিলেন না বলে আসিফ সাহেব সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু উনার একেকটা বিবৃতিতে যে নিরীহ
মানুষ পুড়ে মারা যেত, সেগুলো কি সন্ত্রাস না? এ সন্ত্রাসের দায় তাহলে কার? বিএনপি–জামায়াত আর কত স্বেচ্ছা অন্ধ হয়ে থাকবে? সালাহ উদ্দিন সাহেবের হরতালের বিবৃতিতেই সেই পেট্রল-সন্ত্রাসগুলো হতো। লগি-বইঠায় কোনো নিরীহ নারী, পুরুষ, শিশু কি মারা গিয়েছিল? আর শেরাটন হোটেলের সামনে গানপাউডারে মানুষ পোড়ানোটাও বিএনপির পুলিশের সাজানো নাটক ছিল, যা তখনই প্রমাণিত হয়েছিল। তা ছাড়া, মানুষ পোড়ানো সংস্কৃতির সঙ্গে বিএনপি–জামায়াতের যে দারুণ সখ্য, তা বর্তমান পেট্রল আন্দোলনে প্রমাণ হয়ে গেছে।
ইমতিয়াজ কবির
lঅন্যমত
আমরা সুনাগরিক হিসেবে কখনোই কোনো অপরাধকে জায়গা দিতে পারি না। দেশের রাজনীতি যখন ব্যর্থতায় পর্যবসিত হয়, তখন রাষ্ট্রবিরোধী চক্র সে সুযোগটি নিয়ে থাকে। মাঠে যখন কেউ অপরাধ করে, তখন সে এবং তার নির্দেশদাতার জন্য শাস্তি আছে, যা বাংলাদেশ পেনাল কোডে স্বীকৃত। কোনো সুস্পষ্ট অভিযোগে কাউকে গ্রেপ্তার না করে তত্পরিবর্তে কাউকে গুম করে দেওয়া কি গ্রহণযোগ্য? আমরা এর প্রতিকার করতে না পারলে কিংকর্তব্যবিমূঢ় থাকতে পারি, তাই বলে হাসিঠাট্টা করে এমন ভয়ংকর অপরাধকে অন্য খাতে প্রবাহিত করে তাকে স্বীকৃতি দিতে পারি না। কারণ, এটা বন্ধ না হলে যে কেউ পড়তে পারে এর বেড়াজালে। সুতরাং, জাতি হিসেবে আমাদের সচেতন ও সতর্ক হওয়া উচিত।
মাহমুদ হাসান
একটি অপরাধ দিয়ে আরেকটি অপরাধকে বৈধতা দেবেন না দয়া করে। সালাহ উদ্দিন আহমদ যদি পেট্রলবোমার রাজনীতির সঙ্গে জড়িত হন তবে প্রচলিত আইন অনুযায়ী জনসমক্ষে তাঁর বিচার করেন; দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। গুম-খুন স্বাধীন সভ্য দেশে অকল্পনীয় বিষয়। আমি আওয়ামী লীগ এবং বিএনপির সকল সমর্থক—সবার প্রতিই অনুরোধ করব, দয়া করে ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলুন।
সাহেদ মর্শেদ