অনলাইন মাধ্যম হওয়ার কথা ছিল যোগাযোগ, বন্ধুত্ব ও শুভবোধের, অনেকের কাছে তা হয়ে উঠেছে অপরকে হয়রানির কলকাঠি৷ ব্যক্তির গোপনীয়তা, সম্মান আর নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করা হচ্ছে ফেসবুক, ব্লগ ইত্যাদি প্ল্যাটফর্ম ব্যবহার করে৷ কবি জীবনানন্দ দাশের ভাষায়, ‘অপরের মুখ ম্লান করে দেওয়া ছাড়া প্রিয় সাধ নেই’ যাদের, ইন্টারনেটভিত্তিক মাধ্যম যেন তাদের প্রিয় হাতিয়ার৷ এসবের বিরুদ্ধে আইন আছে; তবে সচেতনতাও জরুরি৷ আইনের প্রয়োগের পাশাপাশি আমাদের তাই প্রয়োজন অপরের অধিকারের প্রতি সম্মান ও সহিষ্ণুতা বাড়ানোর সংস্কৃতির প্রসার ঘটানো৷
বৃহস্পতিবারের প্রথম আলোয় জানানো হয়েছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির মাত্রা বেড়ে যাচ্ছে৷ এর প্রধান শিকার হন সাধারণত নারীরা৷ অনেকের নাম, ছবি, ফোন নম্বর ইত্যাদি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হচ্ছে৷ কিছু কিছু ক্ষেত্রে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে৷ তাদের ব্ল্যাকমেল করা হচ্ছে, তাদের সামাজিক মর্যাদা ধ্বংস করার বিকৃত আনন্দ নিচ্ছে কোনো কোনো পাষণ্ড৷ একটি ঘটনায় এক নারী প্রশাসকের আপসহীনতার প্রতিশোধ নিতে তাঁর নামে কুৎসা, ফটোশপ করা ছবি ছড়িয়ে তাঁর সামাজিক ও পারিবারিক জীবন ধ্বংস করার নজির রয়েছে৷ এসব ঘটনা, হরহামেশাই ঘটছে৷ এসবের জেরে কারও কারও জীবনে নেমে আসছে ভয়াবহ বিপর্যয়৷ অন্যদিকে, ধর্মীয় ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর ফল যে কতটা বিপজ্জনক হতে পারে, তা সম্প্রতি রামু, সাঁথিয়াসহ বিভিন্ন জেলার সাম্প্রদায়িক হামলা-নিপীড়নের ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে৷
এর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০১৩ প্রণীত হয়েছে৷ এই আইন যতটা রাজনৈতিক ও নাগরিক অধিকার দমনে ব্যবহার করা হয়, প্রকৃত ভুক্তভোগীদের রক্ষায় ততটা দেখা যায় না৷ এমনকি সরকারি সংস্থার মাধ্যমে নাগরিকের ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করা ও তা প্রকাশ করার অভিযোগও রয়েছে৷ সুতরাং মিথ্যা, অশ্লীল ও হয়রানিমূলক অনলাইন কার্যকলাপ আর ব্যক্তির মতপ্রকাশের অধিকারের মধ্যে পার্থক্য করতে হবে৷ আর ওয়েবসাইট বন্ধ করার বদলে আপত্তিকর উপাদান অপসারণেই বেশি মনোযোগী হতে হবে৷
আইনের যথাযথ প্রয়োগ, প্রতিকারমূলক প্রতিষ্ঠানের বিকাশের পাশাপাশি তাই সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা সৃষ্টি দরকার৷ শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যম ব্যবহার করে এটা করা যেতে পারে৷ পাশাপাশি নারীদের হয়রানির ঘটনায় শাস্তি প্রয়োগের দৃষ্টান্তও থাকা চাই৷