অনলাইনে কোরবানির পশু বেচাকেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের মাধ্যমে কোরবানির পশু বেচাকেনায় এবারের ঈদুল আজহার আগে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে—এই সংবাদে স্পষ্ট হয়েছে যে আধুনিক প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশও পিছিয়ে নেই। আর জনবহুল এ দেশে কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনার ঝক্কি কমাতে অনলাইন কেনাবেচা যে বেশ কার্যকর হতে পারে, তারও স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে।
রাজধানী ঢাকায় কোরবানির পশুর হাটগুলোতে সশরীরে গিয়ে পশু কেনা এবং তা বাসায় নিয়ে আসা যে কত ঝক্কিঝামেলার ব্যাপার, তা ভুক্তভোগীমাত্রই জানেন। হাটগুলোতে পশুবিক্রেতাদেরও পেরেশানি কম হয় না। এ রকম পরিস্থিতিতে অনলাইনে পশুর ছবি, বিবরণ, প্রস্তাবিত দাম ইত্যাদি দেখে, যাচাই-বাছাই করে পছন্দের পশুটি কেনার জন্য বায়না করলে যদি পশুটি যথাসময়ে বাসার দুয়ারে এসে হাজির হয়, এ তো জাদুকরি ব্যাপার!
প্রথম আলোয় বৃহস্পতিবার প্রকাশিত এ-সংক্রান্ত এক প্রতিবেদনে এই জাদুকরি সমাধানের বিবরণ রয়েছে। অনলাইনে বায়না করলে পশুবিক্রেতা ক্রেতার বাসার দুয়ারে তাঁর পছন্দের পশুটি পৌঁছে দিয়ে যান। দামও পরিশোধ করা যায় অনলাইনেই। নগদ টাকা নিয়ে পশুর হাটে যাওয়া-আসার ঝুঁকি ও ঝামেলা আর থাকছে না। পশু কেনার পর কয়েক দিন ধরে বাসায় রাখা, তাকে খাওয়ানো, তার মলমূত্র পরিষ্কার করা—এসব সমস্যারও সমাধান হয়ে যাচ্ছে।
অনলাইনে কোরবানির পশু কেনাবেচার এই ব্যবস্থা আরও দ্রুত প্রসারিত হওয়া উচিত, তাহলে পশুর হাটগুলোর ওপর চাপ দ্রুতই কমে আসবে। তা ছাড়া এই প্রক্রিয়ার প্রসারের সঙ্গে সঙ্গে কিছু মানুষের নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। যেমন, অনলাইনে কোরবানির পশুর বিজ্ঞাপন প্রচারের জন্য কিছু আলাদা প্রতিষ্ঠান গড়ে উঠবে। পশু ক্রেতার বাসায় পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত হতে পারে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। অনলাইনে আর্থিক লেনদেনও এর ফলে বেড়ে যেতে পারে অনেক। কারণ, ঈদুল আজহার কোরবানির পশুর বাজার বিশাল। বিপুল অঙ্কের নগদ টাকার লেনদেন হয় এই সময়ে।
শুধু কোরবানির পশু কেনাবেচা নয়, অনলাইনে পণ্য বিপণনের ক্ষেত্র আরও নানা দিকে প্রসারিত করা যায়। উদ্যমী ও সৃজনশীল উদ্যোক্তাদের এদিকে মনোযোগী হওয়া উচিত।