অনিশ্চিত গন্তব্যে দেশের অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রাজনীতি এখন সম্পূর্ণ অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে, সেই সঙ্গে অর্থনীতিও। চলমান রাজনৈতিক সংকটের কী করে কত দিনে সমাধান হবে, সে সম্বন্ধে বিবদমান দুই পক্ষের নেতৃত্ব যাঁরা দিচ্ছেন, তাঁদেরও কোনো ধারণা আছে বলে মনে হয় না। তাঁদের তৈরি সংকটের কারণে দেশের অর্থনীতিকে যে কত বড় মূল্য দিতে হতে পারে, সে সম্বন্ধে তাঁদের তেমন ভাবনাচিন্তা আছে বলেও দেখা যাচ্ছে না।

এর আগের জাতীয় নির্বাচনগুলো ঘিরেও রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল এবং তাতে অর্থনীতি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন হয়, তাতে টানা হরতালের কারণে চট্টগ্রাম বন্দর দুই মাস কার্যত অচল হয়ে পড়েছিল। এ জন্য ব্যবসা-বাণিজ্যের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তা কাটিয়ে উঠতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। তবে নানা কারণে এবারের রাজনৈতিক সংকটের জন্য অর্থনৈতিক ক্ষতি আরও অনেক ব্যাপক ও গভীর হওয়ার আশঙ্কা আছে।

অতীতের তুলনায় বাংলাদেশের অর্থনীতির আকার যেমন বড় হয়েছে, তেমনি বিশ্ববাজারের সঙ্গে সম্পৃক্ততাও অনেক বেড়েছে এবং পশ্চাৎ শিল্পের বিকাশের ফলে অর্থনীতির আন্তখাত নির্ভরশীলতাও বেড়েছে। এর ফলে পণ্য উৎপাদন, পরিবহন, বাজারজাতকরণ ও জাহাজীকরণ—এসব কিছু নিরবচ্ছিন্নভাবে সচল রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এর কোথাও বিঘ্ন ঘটলে একাধিক খাতের ক্ষতির বোঝা পুঞ্জীভূত হয়ে অর্থনীতির ওপর বড় আঘাত আসতে পারে।

এবারের সংঘাতময় রাজনৈতিক বিরোধের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এটা ঢাকাকেন্দ্রিক না হয়ে ছোট ছোট শহরে ও গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ছে। এ কারণে প্রত্যন্ত অঞ্চলে উৎপাদনের উপকরণ সরবরাহ ও উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ দুটোই বিঘ্নিত হবে। গ্রামীণ অর্থনীতি বাজারব্যবস্থার প্রচলিত প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়ে তেমন নিয়ন্ত্রিত হয় না, বরং এর ভিত্তি হলো সামাজিক অনুশাসন ও ক্রেতা-বিক্রেতার মধ্যে ব্যক্তিগত আস্থার সম্পর্ক। অর্থনীতির ভাষায় এটা হলো একধরনের সামাজিক মূলধন, যা গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়া সহিংস রাজনৈতিক বিরোধের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা খুব দৃশ্যমান না হলেও গ্রামীণ অর্থনীতির বিকাশে এর নেতিবাচক প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।

এবারের রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে রয়েছে নানা দুর্নীতি-অনিয়মের কারণে ইতিমধ্যেই দুর্বল হয়ে যাওয়া একটি আর্থিক খাত। অর্থনীতির মন্দাভাবের কারণে এমনিতেই ব্যাংকগুলোর আর্থিক অবস্থার কিছুটা অবনতি ঘটছিল। এর ওপর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হল-মার্কজাতীয় জালিয়াতির ঘটনার প্রভাব বেসরকারি ব্যাংকগুলোর ওপরও এসে পড়েছে। এ অবস্থায় শিল্পোৎপাদন ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হলে একদিকে ঋণখেলাপি বাড়বে, অন্যদিকে ব্যবসায়ীদের চলতি মূলধনের সরবরাহেও টান পড়বে। ক্ষতিগ্রস্ত হবে দুই পক্ষই। এমনকি দু-একটি ব্যাংকের দেউলিয়া হয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। আর অনেক ক্ষুদ্র উদ্যোক্তাও মূলধন হারিয়ে পথে বসতে পারেন।

চলমান সহিংস রাজনৈতিক বিরোধের ফলে তাৎক্ষণিক ক্ষয়-ক্ষতি তো আছেই, সেই সঙ্গে আছে ভবিষ্যতের অনিশ্চয়তা ও দেশের ভাবমূর্তির প্রশ্ন। লক্ষণীয় যে হরতাল-অবরোধ শুরু হওয়ার আগে থেকেই কিন্তু সম্ভাব্য রাজনৈতিক বিরোধের আশঙ্কার কারণে বিশ্ব অর্থনীতির সঙ্গে সম্পর্কিত সূচকগুলোর অবনতি শুরু হয়েছিল। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের হিসাব থেকে দেখা যায়, বৈদেশিক সাহায্যের ব্যবহার, বিদেশি বিনিয়োগ, রেমিট্যান্স প্রবাহ—সবই নিম্নমুখী। রপ্তানির প্রবৃদ্ধিও কমে যাচ্ছে। দেশের তৈরি পোশাকশিল্প এমনিতেই বিশ্বজুড়ে ভাবমূর্তির সংকটে আছে, তার ওপর আছে শ্রমিক অসন্তোষ। যুক্তরাষ্ট্র সে দেশের বাজারে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার জন্য শর্ত বেঁধে দিয়েছে। আরও আশঙ্কার বিষয়, ইউরোপিয়ান ইউনিয়নও আমাদের পোশাক রপ্তানির শুল্কমুক্ত সুবিধা বাতিলের বিষয় বিবেচনা করছে। সন্দেহ নেই, রাজনৈতিক বিরোধ চলতে থাকলে পোশাকশিল্পের সংকট আরও প্রকট আকার ধারণ করবে।

তবে পুরো বিষয়টির একটি মানবিক দিকও আছে, যা শুধু ব্যবসা-বাণিজ্যের ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে মাপা যাবে না। চলমান সহিংস রাজনৈতিক বিরোধ ও নানা কর্মসূচির সবচেয়ে বড় ভুক্তভোগী হলো দিনমজুর ও খেটে খাওয়া মানুষ, যাদের জীবিকা দৈনন্দিন আয়-রোজগারের ওপর নির্ভর করে। এদের কতজন যে সহায়-সম্বল হারিয়ে আজীবনের জন্য নিঃস্ব হয়ে যাচ্ছে, তার হিসাব পাওয়া কঠিন হবে। জিডিপির প্রবৃদ্ধি বা অন্যান্য প্রচলিত অর্থনৈতিক সূচকেও তা সঠিকভাবে ধরা পড়বে না।

ওয়াহিদউদ্দিন মাহমুদ: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ।