
অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো। বন্ধুত্ব, নাকি দানসত্র বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আসিফ নজরুলের লেখা নিবন্ধে মতামত জানিয়ে তাজুদ্দিন আহমেদ লিখেছেন, বিদেশনীতির অন্যতম শর্ত হলো আপনি বন্ধু হিসেবে যেকোনো দেশকে পেতে পারেন, কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারেন না। আমার মনে হয়, বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী সরকার পাকিস্তান ও চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়াবে এবং তাতে ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হবে। কিন্তু ভৌগোলিক কারণেই চীন বাংলাদেশের প্রতিবেশী হতে পারে না। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হলে এখন যেটুকু সুবিধা পাচ্ছি, ভবিষ্যতে হয়তো সেটুকুও পাব না। দেলোয়ার হোসেন: যদি বলি, ভারতই বাংলার মানুষকে ‘ভারতবিদ্বেষী’ করে তুলেছে, সেটি কি খুব বাড়িয়ে বলা হবে? আমাদের সরকারের নতজানু নীতির কারণেই ভারত দিনে দিনে আগ্রাসী হয়ে উঠেছে। পররাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন উদ্যোগ কি তবে বিফলে গেল? এ ফয়সাল: একটি স্বাধীন দেশ হিসেবে আমাদের সমহিমায়, আত্মমর্যাদাবোধ ও দেশপ্রেমের মহান দীক্ষায় মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বেরিয়ে আসতে হবে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে করা অসম চুক্তি এবং ভারসাম্যহীন ও নতজানু পররাষ্ট্রনীতি থেকে। একই সঙ্গে বন্ধ করতে হবে দেশের রাজনীতিতে নোংরা সব খেলা। আমরা বলি, আমাদের পররাষ্ট্রনীতি সবার প্রতি বন্ধুত্বের, কারও সঙ্গে শত্রুতা নয়। তবে রাজনীতিকেরা কেন পাকিস্তান-ভারত নিয়ে রাজনৈতিক খেলা ও রাজনীতিতে মেতে রয়েছেন? গুলিবর্ষণকারী অমিয়কে নির্দোষ ঘোষণা ফেলানী হত্যা মামলার রায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অভিযুক্ত জওয়ান অমিয় ঘোষকে নির্দোষ বলে ঘোষণা দেওয়া হয়েছে। এ সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে আবু তাহের লিখেছেন: ফেলানীরা এ দেশেই বিচার পায় না, আর ভারতে পাবে! ভারতের কাছে সুবিচার আশা করিনি। যা ভেবেছিলাম, তা-ই হয়েছে। সাব্বির আহাম্মেদ: যাদের টাকা আর ক্ষমতা আছে, তারাই ন্যায়বিচার পায়। গরিব ও অসহায়দের জন্য আইন-বিচার নেই, এটা তো বহুকালের সত্যি। মাসুদ মোহাম্মদ রানা: আমি এখানে অমিয় ঘোষের দোষের কিছু দেখছি না। এর আগে ভারতের দুজন জেলেকে গুলি করে হত্যা করেছিল ইতালির নৌসেনারা। ভারত তার জন্য ইতালিকে এমন নাকানিচুবানি খাইয়েছে যে ইতালির পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল। আর বাংলাদেশ? এক ফেলানী, দুজন গরুচোর আর কিছু গরিব মানুষের জন্য ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করবে?
শুভ্র: এ হত্যার বিরুদ্ধে বিরোধী দল বিএনপি যদি সরকারের কূটনৈতিক তৎপরতার পাশাপাশি একটি জনমত গড়ে তোলার মতো আন্দোলন করতে পারত, তবে ভারত বুঝত যে বাংলাদেশের মোটামুটি সব মহলের জনগণই খেপেছে। তাই তখন হয়তো সুবিচার হতো। ফেলানী যদি ভারতের নাগরিক হতো, তবে দেখা যেত সে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং আন্না হাজারের মতো মানবাধিকারকর্মীরা আন্দোলন করে সরকারের ভিত কাঁপিয়ে দিতেন। আমরা তো সেটি পারি না, তাই সব সহ্য করতে হয়।
শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠি, রাবার বুলেট
রাজধানীর চানখাঁরপুলের আনন্দবাজারে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কর্মীদের সঙ্গে যুবলীগ ও শ্রমিক লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘাতকারীদের ছত্রভঙ্গ করতে এ সময় পুলিশ লাঠিপেটা করেছে এবং রাবার বুলেট ছুড়েছে। এ সংবাদে কুয়াশা আহমেদ মন্তব্য করেছেন: শিক্ষার্থীরা কেন সড়ক অবরোধ করবে? এসব কি তাদের কাজ? আনন্দবাজার দখল বা দখলমুক্ত করার কাজ কি তাদের? তারা কি দখলদার সৈনিক? ‘দখল’, ‘চাঁদাবাজি’ শব্দগুলোর সঙ্গে ছাত্রদের সম্পর্ক থাকবে কেন?
মো. তানভীর আহমেদ: বায়ান্ন সালের ভাষা আন্দোলনে সরকারের স্বৈরাচরী আন্দোলনের প্রতিবাদে ছাত্ররা রাজপথে নেমে বুকের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ছাত্ররা সক্রিয় ছিল বলে তৎকালীন সরকার তাদের ধরে নিয়ে হত্যা করে। আর আজ ২০১৩ সালে আওয়ামী লীগের অনুগত যুবলীগ-শ্রমিক লীগের দখলদারির প্রতিবাদ করতে গিয়ে কাঁদানে গ্যাসের শেল, বুলেট ও লাঠির আঘাত সহ্য করতে হলো ছাত্রদের। কী চমৎকার!
মহিউদ্দিন মাসুদ: দখলের রাজনীতিতে ছাত্রলীগ-যুবলীগ কেউ কাউকে চেনে না। নিজেরাই লড়ে। পুলিশ আর কত ধৈর্য ধরবে?
হেফাজতের ঘটনা নিয়ে মিথ্যা প্রচারণা চালালে ব্যবস্থা: পুলিশ
রাজধানীর শাপলা চত্বরে গত ৫ মে দিবাগত রাতে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে হতাহতের সংখ্যা নিয়ে কেউ মিথ্যাচার করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। এ সংবাদে মতামত জানিয়ে সমির আহমেদ লিখেছেন: আগে পুলিশ বলেছে, অভিযানে হতাহতের ঘটনা ঘটেনি। এখন বলছে ১৩ জন মারা গিয়েছিল। যদি একজন নাগরিকও বিনা বিচারে মারা যায়, তবে রাষ্ট্রেরই উচিত তা তদন্ত করে বাকিদের জানানো। আপনারা তো তা করেননি, উল্টো এখন হুমকি দিচ্ছেন যে কেউ অভিযান নিয়ে মন্তব্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। দেশটা কি মগের মুলুক হয়ে গেল?
হুমায়ুন কবির: হাজার হাজার মানুষ মরে গেল, অথচ তাদের একজনের আত্মীয়স্বজনও থানায় ডায়েরি করল না! কেউ নিখোঁজ হয়েছে বলে পত্রিকায় ছাপানো ছবিও দেখলাম না!
এস শুভ: হেফাজতে ইসলামের নেতৃত্ব যদি দলটির হাতে থাকত, তবে ঘটনাটি হয়তো ঘটতই না। সেদিন হেফাজতকে শাপলা চত্বর থেকে না সরালে যত মানুষের ক্ষতি হতো, সে তুলনায় ১৩ জনের নিহত হওয়ার ঘটনাটি নগণ্য।
মো. রহমান: পুলিশের কথায় বিশ্বাস নেই। নিরপেক্ষ তদন্ত কমিশন হলে হতাহতের আসল সংখ্যা বেরিয়ে আসত। তাতেই সরকারের ভয়।
ঘুষ দিলেই চাকরি!
খাদ্য অধিদপ্তরে নিয়োগ-প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে পত্রিকায় প্রকাশিত খবরে মতামত জানিয়ে কামাল লিখেছেন: বাংলাদেশে দুর্নীতি এখন শিল্পকর্মের পর্যায়ে চলে গেছে। সমাজে এখন যাঁরা সৎ জীবন যাপন করেন, বাকিরা তাঁদের দেখিয়ে বলে, ‘লোকটা সৎ।’ আগে এভাবে দুর্নীতিবাজদের দেখিয়ে দিত, সামাজিকভাবে একটু এড়িয়েও চলত। আসলে অর্থই যেখানে সবকিছুর নিয়ামক, যেখানে সুশাসন বা নীতির বালাই থাকে না। সেখানে মুক্তিযুদ্ধ বা ধর্মের চেতনাধারীরা ব্যর্থ হয়ে যায়।
আইয়ুব: ঘুষ দিলেই চাকরি। এটা এ দেশের কোনো গোপন সংবাদ নয়। ভদ্র ভাষায় বললে, ‘ওপেন সিক্রেট।’ ঘুষ খাওয়াটাও এখন এক আধুনিকতা। বিয়ের সময় পাত্রীর বাবাও উপরি কামাইয়ের জামাই খোঁজেন। সুতরাং, ঘুষখোরেরা এখন সবার কাছে ধিক্কৃত নয়, বরং স্বীকৃত।
কাজী ফজলুল আজিজ: কী অন্যায় হচ্ছে তা তো জানা কথা। অন্যায় হচ্ছে, এটা বলতে থাকলেই কি অন্যায় থেমে যাবে? অন্যায় রুখে দাঁড়ানোই হলো আসল কথা।
মামুন খান: ঘুষেই যার জীবন শুরু, ঘুষেই তার ধারাবাহিকতা। এ এক ঘুষের জীবনচক্র।
(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)