অন্যায় করার অধিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে জানতাম মানুষ ন্যায়নীতি, সত্য ও সততাকে সমুন্নত রাখার জন্য আন্দোলন করে, ধর্মঘট করে। কিন্তু কী কাল চলছে, মানুষ এখন শুধু অন্যায় করেই ক্ষান্ত হচ্ছে না; অন্যায় করার আইনসংগত অধিকারও চাইছে। যখন একা অন্যায় প্রতিষ্ঠা করতে পারে না, তখন দল বেঁধে পথে নামে। ভাঙচুর করে, বড় গলায় অন্যায়কে মেনে নেওয়ার দাবি জানায়। এতে কার কী ক্ষতি হলো, তাদের কিছু যায় আসে না। শুধু মুনাফাটা তাদের চাই।
৩ অক্টোবর ওষুধ ব্যবসায়ীরা ধর্মঘট করেছেন। কারণ কী! তাঁদের কারও কারও বিরুদ্ধে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ঔষধ প্রশাসন অভিযান পরিচালনা করেছে। কারও কারও জেল-জরিমানা হয়েছে। কিছু ওষুধের দোকান সিলগালা করা হয়েছে। ভেবে দেখুন, ওষুধ হচ্ছে জীবনরক্ষাকারী একটি বিষয়। আমরা অনেকে অনেক রকম কথা বলতে পারি। কিন্তু একটা মানুষের কাছে জীবনের চেয়ে তো আর বড় কিছু হতে পারে না। সেই ওষুধ নিয়েই কি না জীবন-মরণ খেলা। একবারও ওষুধ ব্যবসায়ীরা ভেবে দেখলেন না, তাঁদের ব্যবসাটা আর দশটা ব্যবসার মতো নয়। এক কেজি পেঁয়াজ-তেল এক দিন না নিলেও কারও জীবন ঝুঁকিতে পড়বে না। কিন্তু একটি সঠিক ওষুধ সময়মতো রোগীর শরীরে না পড়লে সেই জীবনপ্রদীপটি নিভে যেতে পারে।
একবার কেউ ভাবলেন না, তাঁরা যখন ওষুধের দোকান বন্ধ রেখেছেন—তখন হয়তো কোনো রোগী অপারেশন থিয়েটারে, কোনো রোগী ডাক্তারের চেম্বারে, কোনো রোগী দুর্ঘটনাকবলিত বা আকস্মিক কোনো অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে। তার জন্য জরুরিভিত্তিতে ওষুধ প্রয়োজন। সেদিনও যে কেউ এমন সমস্যায় পড়েনি, এমন মানুষ খোঁজ করলে অনেক পাওয়া যাবে। এ ছাড়া যাঁরা শহরে অপরিচিত। অসুখ-বিসুখের মতো বিপদে পড়ে শহরে আসেন। পথঘাট চেনেন না। তাঁরা এ রকম ধর্মঘটের মতো আপদের মুখোমুখি হয়ে কতটা বিপন্নবোধ করেন, এটা কেবল ভুক্তভোগীরাই বলতে পারেন।
এই ধর্মঘটের মহৎ (!) লক্ষ্যটা কী, একবার ভেবে দেখেছেন। ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা যাবে। কিন্তু এই বিক্রেতাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। অন্যায়কে আইনগত প্রতিষ্ঠা দেওয়ার নজির মনে হয় এই সোনার বাংলাতেই সম্ভব। মাঝেমধ্যে চিকিৎসকেরাও এমন ধর্মঘটে যান। শিক্ষকেরাও কখনো কখনো এ ধরনের আন্দোলন করে থাকেন। অন্য পেশার লোকজনও কম যান না।
আমি বলছি না কেউ অন্যায়ের শিকার হলে প্রতিবাদ করবেন না, নিশ্চয়ই করবেন। কিন্তু এ জন্য মানুষকে কি জিম্মি করা যুক্তিসংগত কোনো পথ! প্রতিবাদের কত ভাষাই তো আছে, কত পথই তো আছে—সে পথ না খুঁজে কেন সাধারণ মানুষকেই বলি হতে হচ্ছে। তাঁদের কোনো কণ্ঠস্বর নেই বলে! অর্থাৎ যে যেখানে আছেন এবং তাঁদের দল আছে, সংগঠন আছে। তাঁরা দৈত্য হয়ে উঠছেন। বিবেক, মানবতা—এই অনুভূতির জায়গাই যেন এখন মুনাফার কাছে চরমভাবে লাঞ্ছিত (শুধু ওষুধ ব্যবসায়ীই নন, প্রায় সব ক্ষেত্রেই সবার কাছে ব্যক্তিগত বা গোষ্ঠীগত লাভটাই যেন এখন আগে)।
আমরা সাধারণ মানুষ, যাঁরা সংঘবদ্ধ নই, যাঁদের কণ্ঠস্বর উঁচু নয়, যাঁরা নানা কারণেই পাদপ্রদীপের আলোর নিচে ধুকপুক করে কোনোরকমে টিকে আছি। ঘটনা-দুর্ঘটনায় এই মানুষগুলো জিম্মি হয়ে পড়ছি। এই সাধারণ মানুষের পক্ষে শক্ত হয়ে অনেক সময় প্রশাসনও দাঁড়াতে পারছে না।
সাধারণ মানুষের এই অসহায়ত্বই এখন অনেকের ব্যবসা-বাণিজ্যের পুঁজি। খুব কষ্ট হয়, সেবামূলক খাত বলে এখন আর তেমন কিছুই থাকছে না। সবকিছুই মুনাফার নিরিখে মাপা হচ্ছে। যদিও ভাবার মতো কেউ আছে কি না, এটা বলা মুশকিল। তবু সবকিছুতেই ধর্মঘট, সবকিছু নিয়েই আন্দোলন—এসব করা কতটুকু যৌক্তিক, বিবেকসম্পন্ন প্রাণী হিসেবে মনে করি এ বিষয়গুলো নিয়ে মানুষের একটু ভাবা দরকার!
তাসনীম চৌধুরী
সহকারী শিক্ষিকা, মৌলভীবাজার।