অপচয় ও লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে চলছে জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহ—ভাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত। প্রকৃতিও যেন বিরূপ হয়ে উঠেছে। টানা বৃষ্টিহীনতা সে কথাই প্রমাণ করে। এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে লোডশেডিং।
রাত-দিন মিলিয়ে ছয়–সাত ঘণ্টা লোডশেডিং চলছে খোদ ঢাকা শহরেই। দেশের অন্যান্য এলাকার অবস্থা সহজেই অনুমেয়।
গ্রীষ্মের এই সময়টায় বিদ্যুতের চাহিদা থাকে সর্বাধিক। চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি, বিতরণব্যবস্থায় ত্রুটি, অবৈধ সংযোগ ইত্যাদি কারণ যেমন বিদ্যুতের এই বিপর্যয়ের জন্য দায়ী, তেমনি দায়ী বিদ্যুতের যথেচ্ছ ব্যবহার ও অপচয়। যেমন শহুরে জীবনে জীবনযাত্রার মানোন্নয়নের সঙ্গে সঙ্গে বেড়েছে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের মাত্রা—এসি, এয়ারকুলার, রাইসকুকার, ইলেকট্রিক ওভেন, কম্পিউটার, টিভি, ফ্রিজ ইত্যাদি এখন জীবনেরই একটা অংশ।
কিন্তু অনেকেই এগুলোর নিয়মতান্ত্রিক ব্যবহারের মাত্রা সম্পর্কে সচেতন নন। ফলে বিদ্যুতের অপচয় হচ্ছে। যান্ত্রিক জীবনকে গতিশীল রাখতে বেড়েছে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের ব্যবহার।
এসব যন্ত্র একটানা আট ঘণ্টা চার্জ দেওয়ার প্রয়োজনে যত্রতত্র গড়ে উঠেছে চার্জ দেওয়ার নানা কারখানা৷ যেখানে অবৈধ বিদ্যুৎ-সংযোগের মাধ্যমেই চলছে এসব কারখানা। এসব কারণে বিপুল পরিমাণ বিদ্যুতের অপচয় করা হচ্ছে।
এসব অনিয়ম রোধ করা গেলে এবং বিদ্যুৎ ব্যবহারে জনগণ মিতব্যয়ী হলে সারা দেশের বিদ্যুৎ পরিস্থিতির আরেকটু উন্নতি হতো। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি৷
সাবিনা পারভীন
গোড়ান, ঢাকা।