অপরাজনীতির অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখন এক কঠিন ক্রান্তিকাল অতিবাহিত হচ্ছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষকে প্রাণ হাতে নিয়ে ঘরের বাইরে বেরোতে হচ্ছে। সমঝোতা ছাড়াই তফসিল ঘোষণার পর থেকে বিরোধী দলের টানা অবরোধে এ পর্যন্ত অসংখ্য প্রাণ কেড়ে নিয়েছে ‘রাজনৈতিক সহিংসতা’ নামের ক্ষুধার্ত বাঘ। তার হিংস্র আক্রমণ চলছেই। নির্বাচন নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতমুখী অবস্থানের কারণে দেশ এখন এক মৃত্যু-উপত্যকায় পরিণত হয়েছে। আর লাশের দায়ভার বণ্টনেও চলছে ঠেলাঠেলি।

বিএনপির নেতারা বলছেন, নির্বাচনকালীন সরকারকে ইস্যু করে সারা দেশে সহিংসতায় যেসব প্রাণ ঝরছে, যতগুলো লাশ পড়ছে, তার সম্পূর্ণ দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিতে হবে। তাঁদের মতে, চলমান রাজনৈতিক সংকট প্রধানমন্ত্রীই তৈরি করেছেন। নির্বাচনকালীন সরকার বিষয়ে একটি মীমাংসিত বিষয়কে সংবিধান কাটাছেঁড়া করে জটিল করে তুলেছেন; সংলাপ-সমঝোতার দরজাও বন্ধ করে দিয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণ অনুযায়ী নির্বাচন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এককথায় সরকারও তার অবস্থানে অনড়। আর এ সংকট উত্তরণে জাতিসংঘসহ উন্নত রাষ্ট্রগুলোর একাধিক কূটনৈতিক তৎপরতার কোনো সুফল এখনো মানুষ প্রত্যক্ষ করেনি। রাজনৈতিক সংকট সমাধানের অভাবে বিপন্ন হচ্ছে অসংখ্য সাধারণ মানুষের জীবন।

দুই নেত্রীর উদ্দেশেই বলছি, আপনারা সংঘাতের পথ পরিহার করে সমঝোতায় আসুন। দেশটা আমাদের, তাই নিজেদের মধ্যে কোন্দল জিইয়ে রেখে অযথা বহির্বিশ্বের হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করবেন না। মানুষ এখন অনেক রাজনীতি-সচেতন। তাই বলছি, দেশের সাধারণ মানুষের জীবনে চরম অরাজকতা সৃষ্টির মাধ্যমে হয়তো আপনাদের রাজনৈতিক কর্মসূচি বা হীন উদ্দেশ্য সফল করবেন, কিন্তু শান্তিপ্রিয় সচেতন মানুষ কিন্তু তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঠিকই আপনাদের যেকোনো দুরভিসন্ধির সঠিক জবাব দেবে। তাই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। এটি দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক হবে।

সুমিত বণিক, উন্নয়নকর্মী
কটিয়াদী, কিশোরগঞ্জ।