কয়েক দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষের ফল প্রকাশিত হলো। সারা দেশে লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৭০ ভাগই এই ফল নিয়ে হতাশায় ভুগছেন। অনেকেই তাঁদের পরীক্ষা অনুযায়ী কাঙ্ক্ষিত নম্বরের কাছাকাছি পৌঁছাতে পারেননি। দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
যাঁরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পান এবং টাকার অভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন না, কেবল তাঁরাই এখানে ভর্তি হন জীবনকে ভালোভাবে গড়ে তোলার জন্য। এককথায় বলা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে সাধারণ মানুষের বিশ্ববিদ্যালয়। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এখানে শিক্ষার্থীরা সেশনজট, পরীক্ষার অনিয়ম, অনাকাঙ্ক্ষিত নম্বর, খাতার অবমূল্যায়ন, দুর্বল ব্যবস্থাপনা, বিলম্ব, ভুল ফলাফল প্রকাশসহ সব মিলিয়ে শিক্ষার্থীরা খুবই অসাধারণ নির্যাতনের শিকার হচ্ছেন। সম্মান দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থীর ফল দেখে খুবই অবাক হলাম যে ২০০৯ সালের দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষায় ২৭ নম্বর পেয়ে ২০১০ সালে ওই বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পান ২৭ নম্বর, আবার ২০১১ সালে একই বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দিয়ে ২৭ নম্বরই পেলেন। আরও কয়েক জনের ক্ষেত্রে দেখলাম, ইংরেজিতে প্রথমবার পরীক্ষা দিয়ে পান ২৩ নম্বর, দ্বিতীয়বার পান ২৫ নম্বর এবং দ্বিতীয়বার পান ২৭ নম্বর। এখন প্রশ্ন হলো, একজন শিক্ষার্থী একবারে খারাপ করলে পরেরবার অত্যন্ত ভালো করে পরীক্ষা দিলে কি তাঁর নম্বর আগের অবস্থানেই থাকবে? কিংবা আগের চেয়ে প্রতিবছর সমহারে ২ নম্বর করে বাড়বে? এটা কী ধরনের খাতা মূল্যায়ন? এর পরিপ্রেক্ষিতে অনেকেই বিশ্ববিদ্যালয়ে তাঁদের খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। আশা করি, তাঁরা সবাই কাঙ্ক্ষিত নম্বর ও যথাযথ মূল্যায়ন পাবেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সুদৃষ্টি কামনা করছি।
কাউসার আহমেদ
ঢাকা কলেজ, ঢাকা।