‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ বলে দাবি তুলেছিলেন প্রয়াত সাংবাদিক ও রাজনীতিবিদ নির্মল সেন। আজ সেই দাবিই বাংলাদেশে সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। যা দেশবাসীর সবার প্রাণের দাবি, তা উপেক্ষা করতে পারে না কোনো গণতান্ত্রিক সরকার। অথচ আমরা দেখছি অপহরণ, গুম, নির্যাতন বন্ধে সরকারের ব্যর্থতা সীমাহীন। অপর পক্ষকে দোষারোপ করে ধোঁয়া ছড়িয়ে তারা কী আড়াল করছে আসলে?
নারায়ণগঞ্জে সাত ব্যক্তিকে অপহরণের সঙ্গে সঙ্গে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়, অপহূত একজনের পরিবার সম্ভাব্য অপহরণকারীদের নাম উল্লেখ করে অভিযোগ করে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি। শেষে অপহূতদের লাশ পাওয়া গেল শীতলক্ষ্যা নদীতে। অর্থাৎ ঘটনা কি এই দাঁড়াল না যে, দিনদুপুরে সাতজন মানুষকে তুলে নিয়ে গিয়ে সমগ্র দেশবাসীর প্রচণ্ড প্রতিবাদের মধ্যেই খুন করে লাশ ফেলে দেওয়া হলো, আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই করতে পারল না? কোথায় সরকার? কোথায় তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো? কী করছে তারা?
সাত ব্যক্তির অপহরণ ও খুনের রোমহর্ষক ঘটনা নিয়ে তোলপাড়ের মধ্যেই গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জেই অপহূত হলেন আরও একজন। যারা অপহরণ, খুন আর গুমের নেশায় মেতে উঠেছে, তারা কি এমন অভয় পেয়ে গেছে যে, তাদের কোনো বিচারই হবে না? ত্বকী হত্যার পর থেকে নারায়ণগঞ্জে সরকারদলীয় এক নেতার পরিবার মগের মুলুক কায়েম করে রেখেছে। সরকারের প্রশ্রয় ছাড়া এটা কীভাবে সম্ভব? শুধু নারায়ণগঞ্জ নয়, দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক ঘটে চলেছে অপহরণ, খুন ও গুমের ঘটনা। শাস্তির ভয় ব্যতিরেকে ভয়ংকর সব অপরাধ সংঘটনের স্বর্গরাজ্য বাংলাদেশ কী করে হলো? এর জন্য দায়ী কে?
নারায়ণগঞ্জে সাত খুনের জন্য প্রধানমন্ত্রী বিরোধী দলকে দায়ী করেছেন। কিন্তু আইনগতভাবে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? অন্যদিকে বিরোধী দল অপহরণ, গুম, খুনের জন্য দায়ী করেছে সরকার ও সরকারি দলের লোকজনকে। অতীতের মতো তদন্ত-অনুসন্ধান ছাড়াই দেওয়া উভয় পক্ষের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এতে বাস্তব পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন ঘটবে না, বরং সরকার যদি এসব গুরুতর অপরাধ নিয়েও রাজনৈতিক বক্তব্য দেওয়া অব্যাহত রাখে, তাহলে অপরাধীরা আরও বেপরোয়া হওয়ার সুযোগ পাবে। প্রকৃত অপরাধীদের আড়াল করতে অভিযোগের ধূম্রজাল সৃষ্টি করা হলে খুনে বাহিনীগুলো আরও লাগামছাড়া হওয়ার সবুজসংকেত পায়।
এটা শুধু নারায়ণগঞ্জে নয়, সারা দেশের জন্যই জরুরি কথা: মানুষের নিরাপত্তাহীনতা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কে কোথায় কখন অপহূত হবে, কোথায় কার লাশ পাওয়া যাবে, কে চিরদিনের জন্য নিরুদ্দেশ হয়ে যাবে—এমনই উদ্বেগ-আতঙ্কে নিমজ্জিত আজ গোটা বাংলাদেশের মানুষ। কিন্তু যারা এসব গুরুতর অপরাধ সংঘটনের মধ্য দিয়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে, তারা একই সঙ্গে স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের আইন প্রয়োগ ব্যবস্থা ও শাসনযন্ত্রকে অকার্যকর, অর্থহীন করে দিচ্ছে!