অপহরণ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পর খোঁজ না পাওয়ার ঘটনা বেড়ে চললেও এ নিয়ে যেন কারোরই বিকার নেই। কারা এসব ঘটাচ্ছে, কেন ঘটছে—এ প্রশ্নের জবাব কারও কাছ থেকে মিলছে না, সুরাহাও হচ্ছে না। চট্টগ্রামের পাথর ব্যবসায়ী ফাহাদ ঢাকায় অপহরণের শিকার হওয়ার পর ১০০ দিন কেটে গেছে, খোঁজ নেই। সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারোরই কিছু করার নেই?
আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত অপহূত হয়েছেন ২৬৮ জন। তাঁদের মধ্যে মাত্র ২৪ জন ফিরে এসেছেন বা উদ্ধার হয়েছেন। লাশ উদ্ধার হয়েছে ৪৩ জনের আর এখনো নিখোঁজ আছেন ১৮৭ জন। অপহরণের এই পরিসংখ্যান আতঙ্কজনক।
আরও উদ্বেগজনক দিক হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই অপহরণের শিকার হচ্ছেন যাঁরা, তাঁদের পরিবারের লোকজন এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়ী করছেন। রাজনীতির সঙ্গে জড়িত লোকজন থেকে শুরু করে ব্যবসায়ী ও নানা শ্রেণী-পেশার লোকজনই এর শিকার হচ্ছেন। চট্টগ্রামের ব্যবসায়ী ফাহাদের পরিবারেরও সন্দেহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই এই কাজটি করেছেন। গত বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল ইসলাম সোলায়মানকে উত্তরা থেকে অস্ত্রের মুখে তুলে নেওয়া হয় এবং পরে তাঁর লাশ উদ্ধার হয়। এ ক্ষেত্রেও পরিবারের সদস্যদের একই অভিযোগ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে ‘ক্রসফায়ার’ ‘এনকাউন্টার’ বা ‘বন্দুকযুদ্ধে’ প্রাণহানির যে ঘটনাগুলো অতীতে বিভিন্ন সময়ে ঘটেছে, এর বিশ্বাসযোগ্যতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল। মানবাধিকার সংস্থাসহ বিভিন্ন মহলের কঠোর সমালোচনার মুখে বর্তমানে তার রেশ কমলেও অপহরণ ও গুমের ঘটনার সঙ্গে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ গুরুতর। এবং এই অভিযোগ যেহেতু ঘটনার শিকার পরিবারগুলোর পক্ষ থেকে এসেছে, সেহেতু কারা এ ধরনের কাজের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত, আটক ও বিচারের মুখোমুখি করেই বাহিনীগুলোকে প্রমাণ করতে হবে যে তারা এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত নয়।
অন্যদিকে যে প্রশ্নটি করা জরুরি তা হলো, অপহরণকারী চক্র যদি সশস্ত্র অবস্থায় মাইক্রোবাস দাপিয়ে বেড়ায়, একের পর এক অপহরণের ঘটনা ঘটায়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কী করছে?