অবক্ষয় রোধে রোজাদারের নৈতিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজাদার মানুষের জীবনকে যথার্থ সৌন্দর্যময় ও সাফল্যমণ্ডিত করে তার নৈতিক মূল্যবোধ। মানবজীবনে সততা, ন্যায়পরায়ণতা, আদর্শবাদিতা প্রভৃতি মহৎ গুণাবলির সমাবেশেই রোজাদারের নৈতিকতার স্বরূপ উদ্ভাসিত হয়। ধর্মপ্রাণ মানুষ যত দিন বিবেকবান হয়ে নীতি-আদর্শকে সমুন্নত রাখে, তত দিন মনুষ্যত্বের গৌরব বিকশিত হয়। সার্থক মানুষ ও সুন্দর সমাজ গঠনে মাহে রমজানে নৈতিকতা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম রোজা এমন ইবাদত, যা রোজাদারকে সামাজিক মূল্যবোধ, নীতি-নৈতিকতা, অন্তরের সজীবতা, হৃদয়ের পবিত্রতা ও চিন্তাধারার বিশুদ্ধতা প্রদান করে। মাসব্যাপী রোজা পালনের মাধ্যমে তাকওয়া বা খোদাভীতি অর্জন করা যায়। মানুষকে আত্মিক, নৈতিক, সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক কল্যাণের ধারক বানানোর জন্য আল্লাহ রোজাকে ফরজ করেছেন।
রোজা পালনের মাধ্যমে তাকওয়া অর্জনের কথা উল্লেখ করে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে ইমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সূরা আল-বাকারা, আয়াত: ১৮৩)
অনৈতিকতা জঘন্যতম অপরাধ ও সব অপকর্মের মূল। ধোঁকাবজি, প্রতারণা, প্রবঞ্চনা প্রভৃতি সমাজবিরোধী কাজের মূলে রয়েছে অসততা আর মানুষের জীবনে নৈতিক অবক্ষয় দেখা দিলে সততার অবসান ঘটে। ফলে সমাজজীবনে নানা রকম অনৈতিক কর্মকাণ্ড, পাপাচার, অনাচার, অবৈধ কাজ প্রভৃতি প্রাধান্য পায়। তখন মানুষের মধ্যে নৈতিক গুণাবলি হারিয়ে যায়। এমনিভাবে মানুষ অনৈতিক কার্যকলাপে লিপ্ত হলে মনুষ্যত্ববোধ লোপ পায়, এতে সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হয় ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সমাজে মানুষের সততা ও নৈতিকতার অভাবে ব্যাপক আকারে অন্যায় ও অনৈতিকতা প্রবেশ করে জাতিকে সর্বনাশের দিকে ঠেলে দেয় এবং জাতীয় জীবনে নৈতিক অধঃপতনের সূচনা হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য প্রভৃতি ষড়্রিপুর তাড়নায় মানুষ বিভ্রান্ত ও বিপথগামী হয়ে পড়ে। সে জন্য এসব কুপ্রবৃত্তি দমনের জন্য রোজার প্রয়োজন আবশ্যিক করা হয়েছে। মাহে রমজানে রোজাই যাবতীয় কুপ্রবৃত্তি থেকে রোজাদারকে রক্ষা করে এবং সব ধরনের অনৈতিক ও অসৎ কাজ থেকে বিরত বা সংযত রাখে।
সামাজিক জীবনে রোজাদার ব্যক্তি অসৎ হয়ে পড়লে তার ধ্বংস অনিবার্য হয়। মানুষ যদি একবার নৈতিকতা ও সততা বিসর্জন দিতে পারে, তাহলে আর কোনো অবৈধ কাজই তার কাছে অনৈতিক ও সামাজিক অপরাধ বলে বিবেচিত হয় না। এহেন নৈতিকতার অভাব থেকে সব পাপাচার মাথাচাড়া দিয়ে ওঠে এবং মানুষ প্রাক্-ইসলামি আদিম যুগের অন্ধকার সমাজের দিকে এগিয়ে চলে। তাই রোজাদার মানুষের নৈতিক চরিত্র হতে হবে আদর্শবান। সদাচার ও সত্যবাদিতা হচ্ছে ইহকাল ও পরকালে সফলতা ও মুক্তির উপায়। রমজান মাসে রোজাদারদের পরচর্চা, পরনিন্দা ও মিথ্যাচার বর্জনের মাসব্যাপী প্রশিক্ষণ নিতে হয়। মানুষের নৈতিক চরিত্র গঠন ও অবক্ষয় রোধে রাসুলুল্লাহ (সা.) দিকনির্দেশনা প্রদান করে ঘোষণা করেছেন, ‘অবশ্যই তোমরা মিথ্যাচার থেকে বিরত থাকবে; কেননা, নিশ্চয়ই মিথ্যা অনৈতিক কাজের দিকে পরিচালিত করে এবং নিশ্চয়ই অনৈতিক কাজসমূহ দোজখের দিকে পরিচালিত করে।’ (বুখারি ও মুসলিম)
সুতরাং মাহে রমজানে যাবতীয় অনৈতিক ও অনৈসলামিক কর্মকাণ্ড, অসদাচরণ, কথাবার্তা ও অবৈধ লেনদেন থেকে বিরত থাকুন এবং পরচর্চা ও পরনিন্দা পরিহার করুন। নিখুঁত ও মর্যাদাপূর্ণ রোজা হলো এই যে রোজাদার ব্যক্তি মিথ্যা বলবে না, ঘুষ খাবে না, জিনিস বাটে কোনো প্রকার দ্রব্য নেওয়ার সময় বেশি মেপে নেবে না এবং দেওয়ার সময় কম মেপে দেবে না। তৈরি খাদ্যে বা চাল, ডাল, তেল ও দুধজাতীয় তরল খাদ্যদ্রব্যে ভেজাল দেবে না ও প্রতারণা করবে না। অনাথ-এতিম বা যেকোনো লোকের সম্পদ অন্যায়ভাবে জোর করে আত্মসাৎ করবে না। হত্যাকাণ্ড, ব্যভিচার, ধর্ষণ ও ছিনতাই করবে না। গিবত বা পরদোষ চর্চা করবে না। অথচ বিপথগামী মানুষ চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, দস্যুবৃত্তি প্রভৃতি নৈতিকতাবিরোধী অনেক অসামাজিক কার্যকলাপ করে থাকে। এতে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় ও সমাজ কলুষিত হয়ে পড়ে। তাকওয়া, সত্যবাদিতা, ধৈর্য, আমানত রক্ষা প্রভৃতি আখলাকে হামিদা বা প্রশংসনীয় আচরণগুলো গ্রহণ করা ইসলামি নৈতিকতার অন্তর্ভুক্ত। তাই রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি।’ (ইবনে মাজা)
ইসলামের বিধিবিধান ও অনুশাসন মেনে চলা, সত্যপথের অনুসারী হওয়া, অপরের ক্ষতি না করা, পরোপকারের ব্রতে উদ্দীপ্ত হওয়ার চর্চা দ্বারাই রোজাদারের নৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটে। মানবিক গুণে সমৃদ্ধ চরিত্রই নৈতিক মূল্যবোধে বিকশিত হয়। নৈতিক মূল্যবোধ ব্যক্তিজীবনকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করে, তার আদর্শ সবার জন্য অনুসরণীয় হয়। সেই সমাজ হয়ে ওঠে কলুষমুক্ত এবং মানুষের বসবাসের উপযুক্ত স্থান। সত্যকে সত্য বলে চিনতে পারা, মিথ্যাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করা নৈতিক মূল্যবোধের ফল। সৎ, চরিত্রবান, দৃঢ়সংকল্প, আন্তরিক, উদার প্রকৃতির মানুষ নৈতিক মূল্যবোধের সৃষ্টি। আর মূল্যবোধের আদর্শ দিয়ে ন্যায়ের আদর্শকে সমুন্নত রাখা সম্ভব। রোজাদার মানুষের স্বভাব-চরিত্র ও আচার-আচরণ যত সুন্দর হবে, ততই সে পুণ্যবান হবে এবং আল্লাহর অধিকতর প্রিয় হবে। তাই রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সদাচারই পুণ্য।’ (মুসলিম) ধর্মীয় মূল্যবোধ, চারিত্রিক মহত্ত্ব, নৈতিক পরিচ্ছন্নতা, চিন্তার বিশুদ্ধতা, আত্মিক পবিত্রতা ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম এ রোজা। সুতরাং মাহে রমজানে নৈতিক অবক্ষয় রোধ তথা মানবচরিত্র সংশোধন করে কাঙ্ক্ষিত লক্ষ্যপানে ধাবিত হওয়ার চেষ্টা করা প্রত্যেক রোজাদারের অবশ্যকর্তব্য।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক।
[email protected]