পূর্বঘোষিত ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে যোগদানের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তাঁর বাসা থেকে বের হতে না দিয়ে সরকার অযৌক্তিক আচরণ করেছে। ফলে ‘অভিযাত্রা’ কর্মসূচির মেয়াদ আরও এক দিন বাড়ল। তাহলে কি গত কয়েক দিনের মতো রাজধানীমুখী বাস-লঞ্চ পথে পথে থামিয়ে দেওয়া চলবে? সরকার কত দিন সারা দেশ থেকে রাজধানীকে বিচ্ছিন্ন করে রাখতে চায়?
শনিবার সন্ধ্যা থেকেই খালেদা জিয়ার বাসভবনের চারপাশে প্রচুর পুলিশ মোতায়েন করে সরকার এক উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। নিরাপত্তা বাড়ানোর নামে এসব পদক্ষেপের কথা বলা হলেও আসল উদ্দেশ্য হলো আন্দোলনের মাঠে খালেদা জিয়াকে উপস্থিত হতে না দেওয়া।
সংসদ যখন বহাল এবং খালেদা জিয়া যখন সংসদে বিরোধীদলীয় নেতার পদমর্যাদায় রয়েছেন, তখন তাঁকে দলীয় কর্মসূচি পালনে বাধা দেওয়ার জন্য তাঁর বাসভবন ঘিরে রাখা, তাঁকে বাইরে বেরোতে না দেওয়া অত্যন্ত নিন্দনীয়। সংসদীয় গণতন্ত্রে সরকারের এ রকম আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একতরফা নির্বাচন করতে হবে বলে তাদের উদ্বেগ থাকতে পারে। কিন্তু এ কারণে মানুষের জন্য অশেষ দুর্ভোগ ডেকে আনতে হবে?
সরকার প্রথম থেকেই ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে নাশকতা সৃষ্টির অপচেষ্টা বলে চিহ্নিত করে আসছিল। শুধু তা-ই নয়, আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হাইকোর্টের ভেতরে বিএনপিপন্থী আইনজীবীদের সমাবেশে ও জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী সাংবাদিকদের সমাবেশে হামলা চালিয়ে সন্ত্রাসী পরিস্থিতির সৃষ্টি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের মিছিলেও লাঠিধারীরা হামলা চালায়। পুলিশ নির্লিপ্ত থেকে ন্যক্কারজনক হামলার প্রতি কার্যত সমর্থনই জানায়।
জনসাধারণের নিরাপত্তা দেওয়া নিশ্চয়ই সরকারের দায়িত্ব। এর আগে গত ৪ মে শাপলা চত্বরে বিএনপির সমাবেশ শান্তিপূর্ণই ছিল। কিন্তু তার পরদিন সেখানে হেফাজতে ইসলাম সমাবেশের নামে চরম বিশৃঙ্খলা ও জ্বালাও-পোড়াও চালায়, তার পুনরাবৃত্তি কেউই চায় না। সেই অজুহাতে বিরোধীদলীয় নেতার বাসভবন ঘিরে রাখা হলে সেটা সরকারের স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছু নয়।