অবরোধ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো ঢাকায় বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আলোচনা শুরু করেছেন। সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোই তাঁর লক্ষ্য। এর আগেও বাংলাদেশের রাজনৈতিক সমস্যা নিয়ে তিনি সরকার ও বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। কথা বলেছেন জাতিসংঘ মহাসচিবও। কিন্তু তাতে জট খুলেছে বলা যাবে না।
রাজনৈতিক অচলাবস্থা নিরসনে নাগরিক সমাজসহ বিভিন্ন মহলের প্রয়াস যখন ব্যর্থ, তখন জাতিসংঘের বিশেষ দূতের এই উদ্যোগের প্রতি দেশের মানুষ তাকিয়ে আছে।
উল্লেখ্য, সংলাপের নামে সময়ক্ষেপণের পাশাপাশি গত এক মাসের অধিকাংশ সময় ধরে বাংলাদেশের জনগণকে লাগাতার হরতাল-অবরোধের ধাক্কা সইতে হচ্ছে। বাস্তবতা হলো, প্রতিটি হরতাল-অবরোধে ভয়াবহ সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে এবং তাতে বিপুল পরিমাণে জাতীয় সম্পদ বিনষ্ট হওয়ার পাশাপাশি জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। বিশেষ করে বাসে আগুন দিয়ে, পেট্রলবোমা ছুড়ে এবং রেলের ফিশপ্লেট খুলে দুর্ঘটনা ঘটিয়ে মানুষ মারার ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এমনকি বিরোধী দলের কর্মসূচি না থাকা সত্ত্বেও গত শুক্রবার বাসে আগুন দিয়ে মানুষ মারা হয়েছে। এসব সন্ত্রাসী ঘটনা যারা ঘটাচ্ছে, তাদের পরিচয়ও অজানা নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, বেশির ভাগ ক্ষেত্রে তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।
এসব সহিংসতার দায় নিয়ে সরকার ও বিরোধী দল পরস্পরকে দায়ী করলেও সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেই; বরং এক পক্ষ অন্য পক্ষকে ঘায়েল করতে অগণতান্ত্রিক ও অসহিষ্ণু পথই বেছে নিয়েছে। বিরোধী দল জাতিসংঘের বিশেষ দূতের সফরকালে অবরোধ কর্মসূচি না দিয়ে বিকল্প কিছু ভাবতে পারত, যেমনটি তারা করেছিল মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময়। অন্যদিকে সরকার মুখে সংলাপের কথা বললেও বিরোধী দলের ওপর দমননীতিও চালাচ্ছে। বিরোধী দলের নেতাদের গয়রহ জেলে কিংবা রিমান্ডে পাঠিয়ে যে রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব নয়, সেটি তাদের বুঝতে হবে।
সরকার সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চায়। আর বিরোধী দল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত। কিন্তু যে জনগণের জন্য সংবিধান ও গণতন্ত্র, সেই জনগণের কথা কেউ ভাবছেন না। জনগণের দুঃখ-দুর্দশা নিয়েও তাঁদের মাথাব্যথা আছে বলে মনে হয় না। এটা কী ধরনের রাজনীতি?
আরও আক্ষেপের বিষয় হলো, বিরোধী দল এমন সময়ে তাদের ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে, যে সময় কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় শোকের সময় সবারই উচিত প্রয়াত নেতার প্রতি যথাযথ সম্মান জানানো। কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেটি দেখাতেও কুণ্ঠিত এবং পরস্পরের প্রতি যুদ্ধংদেহী মনোভাব পোষণ করে চলেছেন, যা দক্ষিণ আফ্রিকার মহান নেতার নীতি ও আদর্শের সঙ্গে সম্পূর্ণ বেমানান।