অবহেলিত রবীন্দ্রনাথ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় (১০ মার্চ ২০১৪) আমার প্রিয় একজন গবেষক গোলাম মুরশিদের একটি লেখা আমার দৃষ্টি আকর্ষণ করেছে। যার বিষয়বস্তু ‘রবীন্দ্রনাথ এত অবহেলিত কেন?’ তিনি বলেছেন, রবীন্দ্রনাথের নামে কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা কোনো সড়কের নামকরণ হয়নি। আমি তাঁর কথার সঙ্গে একমত। তবে বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি তাঁর পরের কথাটির সঙ্গে। যেখানে তিনি বলেছেন, রবীন্দ্রনাথ অবহেলিত।
আপনি দেখবেন, সকালবেলা টেলিভিশনের অনেক চ্যানেল এবং ভারতীয় কয়েকটি বাংলা চ্যানেল নিয়মিত সরাসরি সংগীতের অনুষ্ঠান সমপ্রচার করে থাকে। এসব অনুষ্ঠানে শুধু রবীন্দ্রসংগীতই থাকে না, থাকে রবীন্দ্র রচনাবলির নানা অংশ। নতুন প্রজন্ম এসব গান ও রচনার প্রতি অনেক আগ্রহী। দেশি-বিদেশি অনেক রবীন্দ্র-অনুরাগী আন্তরিকতার সঙ্গে রবীন্দ্র সাহিত্য ও সংগীত নিয়ে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে আমাদের দেশের রবীন্দ্রসংগীতের শিল্পীরা অনেক চর্চা করছেন এবং তা নানা প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন। সে তুলনায় মনে হয় নজরুলচর্চা বরং কম হচ্ছে।
তবে স্বীকার করছি নজরুলের নামে বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট আছে। তথাপি নজরুলের চেয়ে রবীন্দ্রনাথের চর্চা মনে হয় বেশিই হচ্ছে। তাই রবীন্দ্রনাথকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ দেখি না। নামকরণের (রবীন্দ্রনাথের) বিষয়ে সরকার ভেবে দেখতে পারে।
তাসনীম চৌধুরী
কাগাবলা, মৌলভীবাজার।