ঢাকায় অবৈধভাবে নির্মিত ভবনের একটি তালিকা জাতীয় সংসদে দিয়েছেন গণপূর্তমন্ত্রী। সংখ্যাটি চার হাজার ৯৭। অবৈধ হিসেবে তালিকাভুক্ত এই ভবনগুলোর ভবিষ্যৎ কী, সেটা অবশ্য সংসদে দেওয়া মন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়নি। অবৈধভাবে তৈরি হওয়া এই ভবনগুলো নিয়ে সরকার কী করবে, সেটা স্পষ্ট হওয়া জরুরি।
গণপূর্তমন্ত্রী বলেছেন, রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) নিয়মিতভাবে অবৈধ স্থাপনা অপসারণ করে থাকে, যা এখনো অব্যাহত রয়েছে। আমরা জানতে চাই, অবৈধভাবে নির্মিত যে ভবনগুলোর তালিকা তিনি সংসদে দিয়েছেন, সেগুলো কি অবৈধ স্থাপনা হিসেবে উচ্ছেদ করা হবে? রাজউক কি সেগুলো উচ্ছেদের ক্ষমতা রাখে, নাকি মন্ত্রী কথার কথা হিসেবে রাজউকের দায়িত্বের বিষয়টি
উল্লেখ করেছেন?
অবৈধ ভবনের তালিকায় সরকারি প্রতিষ্ঠানের ভবন থেকে শুরু করে বড় বড় অনেক প্রতিষ্ঠান ও প্রভাবশালী ব্যক্তিদের ভবন রয়েছে। আইন নিজের মতো চললে অবৈধ হিসেবে চিহ্নিত এই ভবনগুলো গণপূর্তমন্ত্রীর বক্তব্য অনুযায়ী রাজউকের ‘অপসারণ’ করার কথা। বাংলাদেশে প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইন নিজের মতো চলে না বলেই এ নিয়ে সংশয় হওয়া স্বাভাবিক।
গণপূর্তমন্ত্রী যেহেতু সংসদে ঢাকার অবৈধ ভবনগুলোর তালিকা দিয়েছেন, তাই অবৈধ হিসেবে চিহ্নিত এই ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাঁর দায়িত্ব। শুধু অবৈধ ভবনের তালিকা দিয়ে দায়িত্ব সারার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে, অবৈধ হিসেবে চিহ্নিত এই ভবনগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? এই ভবনগুলো ‘অপসারণ’ করা হবে, নাকি অন্য কোনো পথ? এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। এতগুলো ভবন অবৈধভাবে নির্মিত হওয়ার দায় কোনোভাবেই সরকার এড়াতে পারে না। এখন এই ভবনগুলো অপসারণ কতটা বাস্তবসম্মত হবে, সেটা সরকারকে বিবেচনায় নিতে হবে। কিন্তু অবৈধ হিসেবে চিহ্নিত ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে দেশটি ‘মগের মুলুকে’ পরিণত হবে। এ ক্ষেত্রে সহজ বিকল্প হতে পারে ক্ষতিপূরণ আদায়। কিন্তু সেটা হতে হবে দৃষ্টান্তমূলক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের আইন ভাঙার পথ ধরতে না পারে।