অব্যাহত অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোঁয়াচে রোগের মতো অপহরণের সংক্রমণ সারা দেশেই ছড়িয়ে পড়ছে। এর কি কোনো প্রতিষেধক নেই, নাকি সে চেষ্টাই ঠিকমতো হচ্ছে না? একের পর এক অপহরণের ঘটনা ঘটেই চলেছে এবং প্রায় সব ক্ষেত্রেই এর কোনো কূলকিনারা হচ্ছে না। রোববারের প্রথম আলোয় যশোরে এক কলেজছাত্রের অপহরণ এবং আগে অপহৃত চারজনের উদ্ধার হওয়ার খবর বের হয়েছে। মানে সারা দেশে একের পর এক অপহরণের ঘটনা ঘটে চলেছে।
সাম্প্রতিক সময়ে অধিকাংশ ক্ষেত্রে অপহরণের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে পরিবারের পক্ষ থেকে। পরিবেশ আন্দোলনের নেতা সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামীর অপহরণ ও পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের সাতজনকে অপহরণ ও খুনের ঘটনা সারা দেশে আলোড়ন তোলে। এসব ঘটনার যেমন রহস্যভেদ হচ্ছে না, তেমনি অপহরণও থামছে না। আগের ঘটনাগুলোর কোনো সুরাহা না হওয়ায় জনমনে অাতঙ্ক দেখা দিয়েছে। এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ভাঙিয়ে অন্য কোনো স্বার্থান্বেষী মহলও অঘটন ঘটাতে পারে৷
আমরা বারবারই বলে আসছি, যে বা যারাই এই অপহরণের ঘটনা ঘটিয়ে থাক না কেন, তাদের খুঁজে বের করার দায়িত্ব সরকার তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই৷ প্রথমত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ, সে ব্যাপারে বিশ্বাসযোগ্য তদন্ত করতে হবে। এ ধরনের তদন্তে যদি অভিযোগ ভুল প্রমাণিত হয়, তবে তাদের দায়িত্ব হচ্ছে, কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা খঁুজে বের করা ও তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া। দুর্ভাগ্যজনকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দুই ক্ষেত্রেই চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
আমরা মনে করি, এ ধরনের অপরাধ ঠেকাতে হলে শুরুতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিরুদ্ধে আসা অভিযোগগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে হবে৷ পাশাপাশি কোনো দুর্বৃত্ত চক্র এসব অপকর্ম অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে কি না, তা খুঁজে বের করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের নিরাপত্তা বিধানের দায়িত্ব তো সরকারেরই।