বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রের অগ্রগতিতে ব্যাপক সফলতা অর্জন করেছে। এ অর্জনে এমপিওভুক্ত ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অবদানও উল্লেখযোগ্য। কিন্তু দীর্ঘ সময় ধরে (১৫ থেকে ২০ বছর) শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার পরও সরকারি অংশের বেতন-ভাতা থেকে বঞ্চিত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এসব শিক্ষক-কর্মচারীর অনেকের জীবন থেকে ৩৭-৩৮ কিংবা তার অধিক বছর চলে গেছে। পরিবার-সন্তান হয়েছে অনেকের। অন্য চাকরিতে যাওয়ার বয়সও নেই অনেকের। এ বছরের গোড়ার দিকে শিক্ষামন্ত্রী এমপিওভুক্তির আশ্বাস দিলেও সাম্প্রতিক সে আশ্বাসে যেন নিরাশার চিত্র ভেসে উঠেছে। সারা দেশে প্রায় সাত হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখেরও অধিক শিক্ষক-কর্মচারী রয়েছেন। তাঁরা চাতক পাখির মতো চেয়ে আছেন এমপিওভুক্তির আশায়।
বেসরকারি এসব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে। যথাযথভাবে নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীরা ১০-২০ বছর থেকে শিক্ষিত জাতি গড়ে তোলার কার্যক্রমে শ্রম দিচ্ছেন অথচ বেতনবিহীন তাঁরা। কী এক হতভাগ্য পরিস্থিতি তাঁদের। তাঁদের ক্ষেত্রে যেন এমনটি মনে হয় যে-অভাগা যেদিকে চায়...।
দেশে জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান ব্যাপক হয়েছে, ব্যাপক সফলতা অর্জিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। দেশ-জাতি এগিয়েছে অনেক দূর কিন্তু নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা নিচেই থেকে যাচ্ছেন। তাঁরা যেন চোখের আড়ালে। তাঁরাও তো এ জাতিরই একটি অংশ।
তাই তো দীর্ঘদিন থেকে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের মানবিক বিষয়ে সুদৃষ্টি পড়ার এবং তাঁদের এগিয়ে নিতে পদক্ষেপ গৃহীত হোক, এটাই আকুল আবেদন। আর নতুন করে বেসরকারি প্রতিষ্ঠান (প্রাইভেট নয়) স্থাপনের স্বীকৃতির ব্যাপারে চিন্তা করা দরকার কর্তৃপক্ষের।
কঙ্কন সরকার
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।