অভিভাবকহীন ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রাজধানী শহর, মহানগর; আবার এটাই বাংলাদেশের একমাত্র শহর, যার দেখভালের জন্য নির্দিষ্ট কেউ নেই। মহানগর ঢাকার আয়তন বা সীমানা বলেও এখন আর নির্দিষ্ট কিছু নেই। এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে একটি শহরের যা হওয়ার কথা, তা-ই হচ্ছে ঢাকা শহরে। অসহনীয় যানজট, বিশৃঙ্খল ট্রাফিক–ব্যবস্থা, জলাবদ্ধতা, চলাচলের অনুপযোগী রাস্তাঘাট, আবর্জনার স্তূপ—এটাই বর্তমানে ঢাকার চিত্র।
ঢাকা সিটি করপোরেশনে নির্বাচিত প্রতিনিধি নেই। ঢাকার দেখভাল ও সেবা বৃদ্ধির আশ্বাস দিয়ে বিশেষজ্ঞ মহলের সব বিরোধিতা উপেক্ষা করে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করা হয়েছিল প্রায় আড়াই বছর আগে। সেবা তো বাড়েইনি, বরং পরিস্থিতি দিনে দিনে শোচনীয় হয়েছে। আসলে ঢাকাবাসীর সেবা বা কল্যাণ যে এর লক্ষ্য ছিল না, সেটা শুরু থেকেই পরিষ্কার। মূল বিষয় ছিল রাজনীতি ও রাজনৈতিক নিয়ন্ত্রণ। এখন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনও আটকে আছে সেসব কারণেই।
বছরের পর বছর ধরে বিশ্বে বসবাসের অনুপযোগী শহরের তালিকার শেষের দিকে জায়গা হচ্ছে ঢাকার। ব্রিটেনভিত্তিক ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের গত বছরের জরিপেও বিশ্বের ১৪০টি শহরের মধ্যে ঢাকার স্থান ছিল ১৩৯তম। সেই জরিপের তথ্য অনুযায়ী মূলত পরিবহন, রাস্তাঘাট, পানি ও বিদ্যুতের সমস্যা, পয়োনিষ্কাশন ও জ্বালানি—এসব অবকাঠামোগত সমস্যাই ঢাকাকে বসবাসের সবচেয়ে অনুপযোগী শহরগুলোর কাতারে নিয়ে গেছে।
ঢাকার এই দুর্দশা নিয়ে নির্দিষ্টভাবে কারও মাথাব্যথা নেই, কারণ ঢাকার দায়দায়িত্ব নেওয়ার কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ নেই। কম-বেশি ৫০টি প্রতিষ্ঠান নানাভাবে ঢাকার বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। ঢাকা শহরে বিভিন্ন সময়ে নানা উন্নয়নকাজ চলে এবং এখনো চলছে। তবে মূল সমস্যা হচ্ছে, পরিকল্পনা ও সমন্বয় এবং একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের অভাব। ঢাকাকে সঠিকভাবে পরিচালনার জন্য একটি মেট্রোপলিটন সরকার বা সুপার অথরিটি ধরনের কিছু করার প্রয়োজনীয়তা বিশেষজ্ঞ মহল থেকে দীর্ঘদিন ধরেই উঠছে। আমরাও মনে করি, এ ধরনের কিছুর বিকল্প নেই।