অভিভাবকের ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের এসবি শাখার পরিদর্শক মাহফুজুর রহমান সস্ত্রীক খুন হওয়ার ঘটনাটি সমগ্র জাতিকে যেমন ভীষণভাবে আলোড়িত করেছে, ঠিক তেমনি মাদকের ভয়াবহ অপব্যবহারের চিত্রটি আরও আতঙ্কজনক। একজন সাধারণ অভিভাবক হিসেবে ভীষণ অসহায় বোধ করছি। আমাদের শিশু-কিশোর-তরুণ সন্তানদের আমরা মাদকের থাবা থেকে বাঁচাব কী করে? বিদ্যালয়, সমাজ, রাষ্ট্র কতটুকু নিরাপদ আমাদের সন্তানদের জন্য?

আমাদের বাচ্চারা কেমন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কোনো কিছুই তাদের ভালো লাগে না! আর ভালো লাগবেই বা কীভাবে? বিশেষ করে শহুরে সমাজে, শিশু-কিশোরদের বিনোদন বলতে স্কুল-কোচিং শেষে বাসায় ফিরে কম্পিউটারে গেমস খেলা। এসব গেমসও মারামারি, ধ্বংসযজ্ঞ আর আগ্নেয়াস্ত্রের ঝনঝনানিতে পরিপূর্ণ। এসব থেকে আমাদের বাচ্চারা কী শিখছে? বাড়িতে মা-দাদি-নানি কাজ শেষে বসে যান টেলিভিশনের সিরিয়ালের সামনে। বাড়ির ছোট্ট শিশুটিও কী করবে খুঁজে না পেয়ে বসে যায় মায়ের পাশে, দেখতে থাকে হিংসা-বিদ্বেষে পূর্ণ ভিন্ন সংস্কৃতির সিরিয়ালগুলো।  একবারও ভেবে দেখেছি, কী শিখছে আমাদের বাচ্চারা—এসব সিরিয়াল থেকে?

ছেলেবেলায় আমরা বাসার সামনের মাঠে সবাই মিলে বৌচি, কানামাছি, দাঁড়িয়াবান্ধা এমনকি ফুটবল পর্যন্ত খেলেছি। বার্ষিক পরীক্ষা শেষে এলাকার সমবয়সীরা মিলে ১০ টাকা করে চাঁদা তুলতাম বনভোজনের জন্য। বনভোজনের প্রস্তুতিতে সবার মধ্যে সেকি উত্তেজনা! সবশেষে বনভোজনের দিন সামান্য খিচুড়ি আর ডিমভুনার সেই স্বাদ যেন অমৃত! সেসব ছোট ছোট সুখ, আনন্দ, ছোট ছোট খুশি এখন শুধুই স্মৃতি। হয়তোবা সোনার হরিণও!

বাচ্চাদের জন্য এখন খেলার মাঠ নেই। বিশাল অ্যাপার্টমেন্টের নিচে চাপা পড়ে গেছে নরম সবুজ খেলার মাঠ। তাই তো আমাদের বাচ্চারা অলীক বিনোদন খুঁজে ফেরে নামীদামি রেস্টুরেন্টে গিয়ে পিৎজা-বার্গার খাওয়ায়, নতুবা বন্ধুদের সঙ্গে লং ড্রাইভে ঘুরতে যাওয়ার বায়নায়। ব্যস্ত বাবা-মা দামি পোশাক, খেলনা, গেজেট দিয়েই দায়িত্ব শেষ করেন। তাঁরা হয়তো জানেনই না তাঁদের আদরের সন্তানটির সবচেয়ে বড় উপহার হতে পারত বাবা-মায়ের একটু সঙ্গ। যার অভাবেই হয়তো সে আসক্ত হয়ে পড়ছে মাদকের অন্ধকারে।

আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। সন্তানদের শুধু ভালো রেজাল্ট নয়, একজন মানবিক বোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ব্যাপারে মনোযোগী হওয়া দরকার।

সাবিনা পারভীন

একজন অভিভাবক, গোড়ান, ঢাকা।