ঢাকার অদূরে টঙ্গীতে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনায় গুরুতর সমস্যা রয়েছে বলে সন্দেহের কারণ ঘটল, সেখানে বাসরত ২০ কিশোরের ‘ভয়ংকর প্রতিবাদের’ খবরে। এক কিশোরকে তার ভাই দুটি কফ সিরাপ কিনে দিয়েছিলেন বলে তাকে ফোন করে ডেকে এনে কিশোরটির সামনেই অপমান করায় সে কিশোর কতটা কষ্ট পেয়েছে, তা এই রোমহর্ষক ঘটনা থেকে অনুধাবন করা যায়। তার কষ্ট ও ক্ষোভের সঙ্গে একাত্ম হয়ে তার সঙ্গী আরও ১৯ কিশোর নিজেদের যেভাবে রক্তাক্ত করেছে, তা যে প্রাণঘাতী হয়নি, এটাই এ মুহূর্তে স্বস্তির বিষয়।
কিন্তু সার্বিকভাবে স্বস্তি বোধ করার সুযোগ নেই। কারণ, আহত কিশোরদের অভিযোগ, কিশোর উন্নয়ন কেন্দ্রটিতে তাদের নির্যাতন করা হয়, তাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হয়, ঠিকমতো খাবারও দেওয়া হয় না। সরকারি এই প্রতিষ্ঠান একধরনের সংশোধনকেন্দ্র, যেখানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত কিশোরদের আটক রেখে তাদের মানসিক অবস্থার উন্নয়নের চেষ্টা করার কথা। যে ২০ কিশোর প্রচণ্ড অভিমান ও ক্ষোভ থেকে নিজেদের জখম করেছে, তাদের বয়স ১৪ থেকে ১৮ বছর পর্যন্ত। জাতিসংঘের বিবেচনায় এরা এখনো শিশু। তা ছাড়া আমরা সবাই জানি, এ বয়সের ছেলেমেয়েরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকে। তারা কোনোভাবে বিপথগামী হলে, কোনো ধরনের অপরাধবৃত্তির সঙ্গে জড়িয়ে পড়লে তাদের সংশোধনের যে দায়িত্ব এই প্রতিষ্ঠানের রয়েছে, সেখানে নির্যাতন-নিপীড়ন কিংবা অপমানজনক আচরণের কোনো সুযোগ নেই। কারণ, এভাবে তাদের উপকারের পরিবর্তে ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি থাকে।
এমন ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর দেওয়াই বেশি জরুরি। এ ঘটনা যে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে তাতেও বিষয়টির গুরুত্ব অনুধাবন করা যায়। সাধারণভাবে কোনো অপরাধের অভিযোগে আটক পূর্ণবয়স্ক ব্যক্তির সঙ্গেই নির্যাতনমূলক বা অপমানজনক আচরণ করা আইনত নিষিদ্ধ। কিশোরদের ক্ষেত্রে এটা আরও বিশেষভাবে প্রযোজ্য। কিন্তু টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের এই ঘটনা প্রমাণ দিচ্ছে যে সেখানে কিশোরদের সঙ্গে পদ্ধতিগতভাবেই এ ধরনের ক্ষতিকর আচরণ করা হয়। এটা অবিলম্বে বন্ধ করা উচিত। এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার ব্যাপারে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকা প্রয়োজন।