অভিযুক্তরা যখন ক্ষমতাসীন দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হকের হত্যাকাণ্ডটি দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে, গুলি করে হত্যা করার পর তাঁকে বহনকারী গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে তাঁর মৃতদেহকেও ভস্মীভূত করা হয়েছিল। তিনি ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন এবং তাঁর হত্যাকারী ও হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে যাঁদের নাম এসেছে, তাঁরাও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী।
এ রকম গুরুতর ফৌজদারি অপরাধের শিকার ও অভিযুক্তরা যদি একই দলের মানুষ হন, তাহলে ন্যায়বিচার তথা আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে সরকারের সামনে এক বিরাট চ্যালেঞ্জ উপস্থিত হয়। মামলাটি এগিয়ে নেওয়ার ব্যাপারে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। হত্যাকাণ্ডের পর দুই মাস পেরিয়ে গেলেও এর মূল পরিকল্পনাকারীদের কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আর মামলাটির প্রধান আসামি গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়েছেন। এ রকম একটি রোমহর্ষক হত্যাকাণ্ডের প্রধান আসামি জামিনে মুক্তি পেলে আর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে গেলে স্বাভাবিকভাবেই সংশয় জাগে, আইন প্রয়োগকারীরা আসলে আন্তরিক কি না।
গ্রেপ্তার আসামিদের আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে যাঁদের নাম এসেছে, তাঁদের কেউ ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, কেউ ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক, কেউ বা স্থানীয় যুবলীগের কর্মী। এসবই যদি হয় তাঁদের গ্রেপ্তার না হওয়ার কারণ, তাহলে ধরে নেওয়া যায় হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির স্বজনদের ন্যায়বিচার পাওয়া অত্যন্ত দুরূহ হবে।
কিন্তু আইন প্রয়োগে এমন গড়িমসি গ্রহণযোগ্য হতে পারে না; ক্ষমতাসীন দলের লোক বলে কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারেন না। অবিলম্বে তাঁদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।