নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় র্যাব জড়িত বলে যে অভিযোগ উঠেছে, তা খুবই গুরুতর। একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে এ ধরনের অপরাধ ঘটানোর অভিযোগের বিষয়টি তাই সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সুরাহা করা জরুরি।
র্যাবের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠনের কথা জানানো হয়েছে। তবে এ ধরনের বিভাগীয় তদন্ত কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, সেটা প্রশ্নসাপেক্ষ।
নিহত নজরুল ইসলামের শ্বশুর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে দাবি করেছেন যে ছয় কোটি টাকার বিনিময়ে র্যাবের কয়েকজন কর্মকর্তা সাতজনকে অপহরণের পর খুন করেছেন। এই অপহরণ ও হত্যা মামলার আসামি অপর কাউন্সিলর নূর হোসেন এ কাজের জন্য র্যাবকে টাকা দিয়েছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, যেখান থেকে তাঁরা অপহরণের শিকার হন, র্যাব-১১ লেখা একটি গাড়ি অনেক আগে থেকেই সেখানে ছিল। ফলে যারাই এই অপহরণ ও খুনের ঘটনা ঘটিয়ে থাক, র্যাবের দায়দায়িত্বের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। যে সংবাদ সম্মেলনে এই অভিযোগ আনা হয়, সেখানে স্থানীয় সাংসদ শামীম ওসমান উপস্থিত ছিলেন এবং অভিযোগের ব্যাপারে তাঁর সায় রয়েছে বলেই ধরে নেওয়া যাচ্ছে।
দিনদুপুরে সাতজনকে অপহরণ, দীর্ঘ সময় ধরে তাঁদের উদ্ধার করতে না পারা এবং পরে শীতলক্ষ্যা নদীতে একে একে সবার লাশ ভাসতে থাকার ঘটনা শুধু নারায়ণগঞ্জ নয়, সারা দেশের মানুষকেই স্তম্ভিত ও ক্ষুব্ধ করেছে। একটি সংগঠিত ও শক্তিশালী চক্র ছাড়া এ ধরনের ঘটনা ঘটানো অসম্ভব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাদের গোয়েন্দা ইউনিটগুলো যথাযথভাবে কাজ করলে অপরাধী চক্রের এতটা বেপরোয়া হয়ে ওঠার কথা নয়। তবে সরষের মধ্যে ভূত থাকলে ভিন্ন কথা।
অতীতে র্যাবের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, এসব তদন্তে র্যাব যেসব উদ্যোগ নিয়েছে এবং এর যা ফলাফল, তা অধিকাংশ ক্ষেত্রেই গ্রহণযোগ্যতা পায়নি। র্যাবের বিরুদ্ধে এবার যে গুরুতর অভিযোগ উঠেছে, তা তদন্তে র্যাবের তরফে একটি কমিটি গঠনের বিষয়টিও তাই খুব ফলদায়ক হবে বলে নিশ্চিত হওয়া যাচ্ছে না। অভিযোগ যেহেতু র্যাবের বিরুদ্ধে, তাই র্যাবের বাইরে কোনো গ্রহণযোগ্য তদন্ত কমিটির মাধ্যমে এর তদন্ত হওয়াটাই সমীচীন। ইতিমধ্যে হাইকোর্ট সাত সদস্যের যে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, সেই কমিটি র্যাবের বিরুদ্ধে আনীত অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নেবে আশা করি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র্যাবকে এটা বিবেচনায় নিতে হবে যে র্যাবের কোনো সদস্য যদি কোনো ধরনের অপকর্মে জড়িয়ে পড়েন, তবে এর দায় পুরো বাহিনীর নয়। গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা গেলে এতে কেউ অভিযুক্ত প্রমাণিত হলে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, তবে এতে বাহিনী হিসেবে র্যাবের বিলীয়মান ভাবমূর্তি কিছুটা হলেও রক্ষা পাবে। বাহিনীটির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।