অভুক্ত শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। এসব সত্য ও মহান কথার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অনেকেই শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন। মানুষ গড়ার কারিগর হিসেবে যুক্ত হতে পেরে নিজেদের তাঁরা ধন্যও মনে করেন।
দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে এবং বর্তমান বিশ্বের সঙ্গে খাপ খাওয়ানো ও পাল্লা দেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো জরুরি হয়ে পড়ে। নির্বাচিত জনপ্রতিনিধি ও বিদ্যানুরাগী ব্যক্তিরা অঞ্চলভিত্তিক প্রতিষ্ঠা করেন বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এক বুক আশা নিয়ে মানুষ গড়ার কারিগর নামক মহৎ পেশায় আত্মনিয়োগ করেন অনেকে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট দপ্তর থেকে ধাপে ধাপে স্বীকৃতিপ্রাপ্তও হয়। শুরু হয় এমপিওভুক্তির আশায় দিন গোনা। দিন গুনতে গুনতে কেউ কেউ এক যুগ, কেউ কেউ ১৫-১৬ বছর এমনকি অনেকে তার চেয়েও বেশি সময় পার করেছেন। তবু তাঁদের দিন গোনা শেষ হয়নি। এসব ভুক্তভোগী মানুষ গড়ার কারিগর আজ নিজেদের পরিবারই গড়তে পারছেন না। অনেকে সংসারই শুরু করেননি। যাঁরা করেছেন, তাঁদের নিত্যদিন স্ত্রী, স্বামী ও সন্তানদের কাছে মাথা নত করে চলতে হয়।
ঈদ, পূজা, নববর্ষ এসব বিশেষ সময়ে ওই সব শিক্ষকের কষ্টের পরিমাণ বেড়ে যায় বহুগুণ। সবাই যখন নানা ফর্দ নিয়ে কেনাকাটায় ব্যস্ত, তখন তাঁরা দুই বেলা দুমুঠো কী খেয়ে বাঁচবেন, সে হিসাব কষেই অতিষ্ঠ। কেউ কেউ নির্জনে বুক ভাসিয়ে কেঁদে কষ্ট কিছুটা কমানোর চেষ্টা করেন।
কর্তাব্যক্তিরা বিভিন্ন সময়ে এমপিওভুক্তির আশ্বাস দিলেও তার বাস্তবায়ন হয়নি। এ বছরের গোড়ার দিকে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা এমপিওভুক্তির দাবিতে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের লাঠিপেটা করে। একপর্যায়ে তাঁদের ওপর পিপার স্প্রে প্রয়োগ করা হয়। এমন সময় মাননীয় শিক্ষামন্ত্রী আন্দোলনকারী শিক্ষকনেতাদের সঙ্গে আলোচনায় বসে এমপিওভুক্তির ব্যাপারে কর্মপরিকল্পনা ঠিক করার জন্য তিন মাস সময় নেন। তাঁর আশ্বাসে আন্দোলনকারী শিক্ষকেরা ঢাকা ছেড়ে যাঁর যাঁর বাড়িতে ফিরে এসে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু করেন।
এদিকে তিন মাসের অধিক সময় পার হয়ে গেলেও শিক্ষামন্ত্রীর কোনো উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না। এমনকি এমপিওভুক্তির ব্যাপারে কোনো কথাই শোনা যাচ্ছে না। বর্তমান সরকারের মেয়াদও প্রায় শেষ। এমনি এক মুহূর্তে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা চোখে শুধু অন্ধকারই দেখছেন। তার পরও শিক্ষার্থীদের আলোর জগতে নিয়ে আসার ব্রতে নিজেদের নিয়োজিত রেখেছেন। জীবন এত অভিশপ্ত হবে, এ কথা আগে জানলে হয়তো এসব মানুষ গড়ার কারিগরেরা এ পেশায় আসতেন না।
শিক্ষকদের অভুক্ত রেখে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। তাই স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা এখন সময়ের দাবি।
মো. আমিনুল ইসলাম
সিনিয়র প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, চান্দাইকোনা, সিরাজগঞ্জ।