আগের অর্থবছরের তুলনায় ২০১২-১৩ অর্থবছরে ৯ শতাংশ বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কিংবা পণ্য-বাণিজ্যে ১০ দশমিক ৭৪ শতাংশ ঘাটতি হ্রাস নিঃসন্দেহে আমাদের অর্থনীতির জন্য আশাব্যঞ্জক খবর। প্রবাসী আয়ের উচ্চ প্রবাহ এবং রপ্তানি বৃদ্ধিই বৈদেশিক মুদ্রার ভান্ডার স্ফীত করতে সহায়ক হয়েছে নিঃসন্দেহে। এতে প্রমাণিত হয়, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে দৃঢ় ভিত্তি পেয়েছে। এখন প্রয়োজন সেই অর্থনীতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য বাস্তবমুখী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা।
গত রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাটিজের (বিজ) সেমিনারে মালয়েশীয় হাইকমিশনার নরলিন বিনতে ওথম্যান সঠিকভাবেই বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও সমস্যাকে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ অসম্ভব সম্ভাবনার একটি দেশ। তবে বিভিন্ন ক্ষেত্রে সমন্বয়হীনতা ও অবকাঠামো দুর্বলতার কারণে সেই সম্ভাবনাকে পুরো কাজে লাগানো, তথা বিদেশি বিনিয়োগকারীদেরও আকৃষ্ট করা যাচ্ছে না। তাঁর এই মন্তব্যের সঙ্গে দ্বিমত করার সুযোগ নেই। দেশে বিনিয়োগবান্ধব নীতি সত্ত্বেও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট না হওয়ার প্রধান কারণ বাংলাদেশে সম্পর্কে বহির্বিশ্বে নেতিবাচক ভাবমূর্তি, অবকাঠামো দুর্বলতা ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা।
এখন প্রশ্ন হলো, এসবের প্রতিকারে সরকার এখন পর্যন্ত কার্যকর ও টেকসই পদক্ষেপ নিতে পেরেছে কি না? বিদেশি বিনিয়োগের জন্য আকর্ষণীয় নীতি আছে স্বীকার করি। কিন্তু বিনিয়োগকারীরা এখানে এসেই যখন প্রচণ্ড যানজট, সড়ক-মহাসড়কের দুরবস্থা এবং বন্দর-সুবিধার অপ্রতুলতার মুখোমুখি হন, তখন স্বভাবতই তাঁরা উৎসাহ হারিয়ে ফেলেন। এসব সমস্যার সমাধান করতে পারলে বর্তমানে দেশে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ আসছে, তার কয়েক গুণ বেশি বিনিয়োগ আনা অসম্ভব হতো না। কেননা, আমাদের রয়েছে ১৫ কোটি জনসংখ্যার বিশাল বাজার। বিদেশি বিনিয়োগ বাড়লে বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য আনাও অসম্ভব নয়।
স্বীকার করি, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গত কয়েক বছরে বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে। শুধু মালয়েশিয়া নয়, প্রতিবেশী ভারত, চীন ও অন্যান্য দেশেও বাংলাদেশি পণ্যের রপ্তানি বেড়েছে; যদিও সেই বৃদ্ধি ক্রমবর্ধমান আমদানির হারকে ছাড়িয়ে যেতে পারেনি। তাই বিনিয়োগের ক্ষেত্রে আমাদের সম্ভাবনাকে যেমন পুরোপুরি কাজে লাগাতে হবে, তেমনি রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা এবং পরিমাণও বাড়াতে হবে।
উল্লেখ করা প্রয়োজন, দেশি কিংবা বিদেশি উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। আগামী নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তাতে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা উদ্বিগ্ন। এই অবস্থায় বিদেশি বিনিয়োগকারীরা আসবেন কেন? তাই, নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতা দূর করার বিকল্প নেই। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, সহায়ক নীতি-কৌশল এবং অবকাঠামোই পারে দেশের ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতিকে এগিয়ে নিতে। আশা করি, নীতিনির্ধারকেরা বিষয়টি অনুধাবন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।