অর্পিত সম্পত্তির ভূমিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার কর্তৃক অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন ২০১৩-এর মাধ্যমে অর্পিত সম্পত্তির ‘খ’-তালিকাটি বাতিল করা হয়েছে, যা ১০ অক্টোবর ২০১৩ তারিখে গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
অনেক ভুক্তভোগী ভূমি অফিসগুলোতে মালিকানা-সংক্রান্ত কাগজপত্র তথা নামজারি ও খাজনা পরিশোধের প্রক্রিয়াকরণ কাজ করেননি বলে জানা যায়। ‘খ’ তালিকাটি বাতিল হওয়ায় সম্ভবত তারা মনে করেছেন যে নিয়মিত ভূমির মালিকেরা যেভাবে নামজারি ও খাজনা পরিশোধের যাবতীয় কাজ সম্পন্ন করেন সেভাবেই কাজটি করলেই চলবে।
কারণ, এর জন্য সময়সীমা বেঁধে দেওয়া নেই। কিছুদিন আগে প্রথম আলোতে প্রকাশিত ভূমি মন্ত্রণালয়ের বিশেষ বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে ২১ নভেম্বর ২০১৩ তারিখ থেকে এক বছর অর্থাৎ আগামী ২০ নভেম্বর ২০১৪ তারিখের মধ্যে বাতিলকৃত ‘খ’ তালিকাভুক্ত সম্পত্তির মালিকেরা মালিকানা-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ভূমি অফিসগুলোতে দাখিল করতে ব্যর্থ হলে যেসব সম্পত্তি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ৯২ ধারা মোতাবেক সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত করা হবে।
যেহেতু ‘খ’ তালিকার ক্ষেত্রে কাগজপত্র দাখিল তথা নামজারি ও খাজনা পরিশোধের প্রক্রিয়াকরণ কাজের সময়সীমা নির্দিষ্ট করে আদেশ জারি করা হয়েছে। যেহেতু ইতিমধ্যে আবেদনকৃত/আবেদনের প্রক্রিয়ারত ভূমির মালিকদের কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পাদনে যথাযথ সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমি অফিসগুলোকে সদয় নির্দেশ প্রদান করলে এবং প্রক্রিয়াকরণ কাজটির মনিটরিং করা হলে ত্বরিত বিষয়টির সমাধান হবে বলে প্রতীয়মান হয়।
রতন কান্তি বসাক
মোহাম্মদপুর, ঢাকা।