মানুষের জন্য ফাউন্ডেশনের এক সূত্র মতে, বাংলাদেশে শুধু গত বছরই (২০১৩ সাল) ১৭০২ জন শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা, অপহরণ, আত্মহত্যা, নির্যাতন, খুন, ধর্ষণ এমনকি রাজনৈতিক সহিংসতা।
ইদানীং প্রায়ই লক্ষ করা যাচ্ছে, যেকোনো প্রতিশোধমূলক ঘটনার টার্গেট হিসেবে শিশুদের ব্যবহারের মাত্রা বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। পারিবারিক কলহ, ব্যক্তিগত শত্রুতা, প্রতিশোধ, সম্পত্তি আত্মসাৎ অথবা রাজনৈতিক সহিংসতায়—সব ক্ষেত্রেই শিশুদেরই বলির পাঁঠা হতে হচ্ছে। তা ছাড়া মেয়েশিশুদের ওপর আলাদাভাবে ধর্ষণ-পাচার বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন ইত্যাদি অনাচার চালানো হচ্ছে নির্দ্বিধায়।
লোভ ও নৈতিকতার অভাব আমাদের মনুষ্যত্বকে কোন পর্যায়ে নিয়ে গেছে, তা ভাবতেই গা শিউরে ওঠে! নিজ হীনস্বার্থ চরিতার্থ করার জন্য যারা প্রতিবাদবিমুখ, অসহায়, নিরস্ত্র শিশুদের ব্যবহার করে, তারা কি মানুষের পর্যায়ে পড়ে?
তাই আসুন, শিশুদের প্রতি সহানুভূতিশীল, সহমর্মিতাপূর্ণ মানসিকতা পোষণ করি, কোমলমতি শিশুদের তাদের স্বাভাবিক দুরন্তপনায় বেড়ে উঠতে দিই। কেননা আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ।
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।