অহংকার, খামখেয়াল ও প্রতিহিংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা দুঃখজনক ও অত্যন্ত বেদনাদায়ক যে শেখ হাসিনার সরকার সাড়ে চার বছর দেশ শাসন করার পর মানুষ বলতে বাধ্য হচ্ছে, এই সরকার মূলত অহংকার, খামখেয়াল ও প্রতিহিংসার ওপর ভিত্তি করে চলেছে এবং ‘পরিবর্তনের রাজনীতি’ প্রবর্তনের ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করেছে। এ ছাড়া বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ ও এর রাজনীতিকে বদলে দেওয়ার সুযোগও তারা হারিয়েছে। অথচ আওয়ামী লীগ এই পরিবর্তন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েই জনগণের কাছে ভোটপ্রার্থনা করেছিল। জনগণ তাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগ কথা রাখেনি। ‘পরিবর্তনের রাজনীতি’র পরিবর্তে তারা নিজেদের অহংকার, খামখেয়াল ও প্রতিহিংসা সহযোগে ‘পুরোনো রাজনীতি’র ধারাই বহাল রেখেছে। সরকারের এই তিনটি বৈশিষ্ট্যের দৃষ্টান্ত হিসেবে তাদের অহংকারের পরিণামে পদ্মা সেতুর ঋণ বাতিলের ঘটনা, তাদের খামখেয়ালিপূর্ণ আচরণের কারণে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলুপ্তি এবং তাদের প্রতিহিংসার কারণে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি গত সাড়ে চার বছরের আচরণ এবং গ্রামীণ ব্যাংককে টুকরা টুকরা করার প্রক্রিয়া শুরুর ঘটনার চেয়ে ভালো কোনো উদাহরণ আমাদের সামনে নেই।
যেমন আমরা বারবার লিখেছি, বিশ্বব্যাংকের ঋণ এবং পদ্মা সেতুর মাঝখানে বাধা হিসেবে কেবল একজন ব্যক্তিই দাঁড়িয়েছিলেন। অবশেষে শেখ হাসিনা ওই ‘একক ব্যক্তির’ পক্ষে অবস্থান নিলেন (মন্ত্রিসভার সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের আপত্তি সত্ত্বেও)। এটি ‘জনস্বার্থের’ বিরুদ্ধে সর্বোচ্চ দম্ভেরই বহিঃপ্রকাশ। কারণ, পদ্মা সেতু বাস্তবায়িত হলে লাখ লাখ মানুষ সরাসরি উপকার পেত, মোট দেশজ আয় (জিডিপি) বৃদ্ধি হতো এবং সার্বিক অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব পড়ত। কিন্তু সরকারের অহংকার সব কেড়ে নিয়েছে, এমনকি (পরিহাসময়ভাবে) তাদের লাভটুকুও।
বুক বাজানো আত্মতুষ্টি ও জনতার মধ্যে উন্মাদনা তৈরির চেষ্টা হিসেবে ‘নিজস্ব অর্থায়নে’ পদ্মা সেতু নির্মাণের ঘোষণা জাতীয় মর্যাদা নিয়ে ছেলেখেলা ছাড়া আর কিছুই নয়। বিষয়টিকে শেয়ারবাজার ও হল-মার্ক কেলেঙ্কারির পর জনগণের আবেগ নিয়ে সবচেয়ে বড় প্রতারণা হিসেবে বিবেচনা করা যায়। আমাদের অর্থমন্ত্রী যেমনটা খুব ভালো করে জানেন, জনগণের সম্পদের ‘আসল’ পরিমাণ হচ্ছে ‘সুযোগ ব্যয়’। বাংলাদেশ কেবল তৈরি পোশাক খাত থেকে প্রায় চার হাজার কোটি মার্কিন ডলার বার্ষিক আয় নিয়ে ‘নিজস্ব অর্থায়নে’ কেবল একটি কেন, বেশ কয়েকটি পদ্মা সেতু অবশ্যই নির্মাণ করতে পারে। কিন্তু গ্রামীণ অবকাঠামো, সড়ক, রেলপথ, জলপথ, টেলিযোগাযোগ, জ্বালানি ও শিল্পায়নের মতো বিভিন্ন সংকটপূর্ণ খাতে অর্থায়ন বন্ধ রেখে কেবল পদ্মা সেতু নির্মাণের কোনো যৌক্তিকতা আছে কি? অথচ গুরুত্বপূর্ণ এই কয়েকটি ক্ষেত্রে অর্থায়নের অভাবে প্রবৃদ্ধি পিছিয়ে পড়ছে। প্রবাদের সেই উটপাখিই কেবল বালুতে মাথা গুঁজে বলতে পারে, ‘আমাদের প্রায় সুদবিহীন শত শত কোটি ডলার ঋণের অর্থের প্রয়োজন নেই।’
জাতীয় মর্যাদার বিষয়টি বিবেচনা করলে ‘নিজস্ব অর্থায়নের’ কল্পিত গৌরবের চেয়ে দেশের জন্য বহু গুণ বেশি অপমান, অমর্যাদা ও কুখ্যাতি নিয়ে এসেছে পদ্মা সেতুর ঋণ কেলেঙ্কারি। ‘নিজস্ব অর্থায়নের’ বিষয়টি একটি বাজে অর্থনৈতিক সিদ্ধান্ত। জনস্বার্থের প্রতি এই স্পষ্ট ‘অবমাননার’ জন্য এই সরকারকে একদিন জবাবদিহি করতে হবে। কিসের জন্য তারা এমনটা করল? একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য?
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপের জন্য আমাদের প্রধানমন্ত্রী তাঁর সংসদীয় দলকে নির্দেশ দিয়েছিলেন এবং কেবল দুই সপ্তাহের মধ্যেই তা বাস্তবায়িত হয়। সংবিধানের এ রকম মৌলিক একটি সংশোধনী পাস হয়ে যায় কোনো প্রশ্ন উত্থাপন ছাড়াই? ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রায় তিন বছর ধরে রাজপথে ব্যাপক বিক্ষোভ ও ক্লান্তিকর টানা হরতালের মাধ্যমে এ দেশের জনগণকে কার্যত যে সরকারব্যবস্থাটি গিলিয়ে দেওয়া হয়েছিল, তা শুধু নেত্রীর খামখেয়ালেই বদলে গেল? এটি নিয়ে কোনো বিতর্ক বা আলোচনা হয়নি এবং কোনো প্রশ্নও তোলা হয়নি। ‘সর্বোচ্চ ক্ষমতার অধিকারী’ একটা জিনিস চাইলেন আর তাঁর অনুগত সংসদ সেই ইচ্ছা পূরণ করল। নির্বোধ বিরোধী দল তাদের গোঁয়ার্তুমি, বিচারবুদ্ধিহীনতা, অকারণ ও আত্মপরাজয়মূলক সিদ্ধান্তের কারণে সংসদ বর্জন করে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নকে আরও সহজ করে দেয়।
প্রধানমন্ত্রী ও সরকারের প্রতিহিংসাপরায়ণতার সেরা দৃষ্টান্ত হচ্ছে অধ্যাপক ইউনূসের প্রতি গত সাড়ে চার বছরের আচরণ এবং গ্রামীণ ব্যাংককে ভেঙে টুকরা টুকরা করে ফেলার চলমান পরিকল্পনা। বর্তমান অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ঘটনাচক্রে (আবারও পরিহাস) তাঁরাই গ্রামীণ ব্যাংক সম্পর্কে খুব ভালো জানেন। হূদয়ের অন্তস্তলে তাঁরা নিশ্চয়ই অনুভব করেন যে তাঁরা যা করতে যাচ্ছেন; তা অহেতুক, অন্যায় ও স্পষ্ট ভুল। তবু তাঁঁরা এই ‘বহু কালিমালিপ্ত’ দেশের সবচেয়ে বিখ্যাত প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার কাজে অংশীদার হচ্ছেন, যে প্রতিষ্ঠানটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সম্মান নোবেল পুরস্কার অর্জন করে সম্মানিত করেছে এই দেশকে।
জনগণ জানে যে অর্থমন্ত্রী রেগে আছেন অধ্যাপক ইউনূসের প্রতি। কিন্তু রাগ তো একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ভিত্তি হতে পারে না, যা কিনা বৈশ্বিক পরিমণ্ডলে আমাদের দেশের জনগণকে অতুলনীয় সম্মান ও মর্যাদা এনে দিয়েছে। গভর্নর তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানোর স্বার্থেই নিজের বিবেককে আড়াল করে রেখেছেন, এমনটা বিশ্বাস করা কঠিন। দুজনেই (অর্থমন্ত্রী ও গভর্নর) অত্যন্ত সম্মানিত ব্যক্তি। কিন্তু এমন সংকটময় মুহূর্তে প্রতিবাদ করার ব্যাপারে ব্যর্থতার কারণে তাঁদের ইতিহাসের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবং সেই বিচার, আমি মনে করি, অত্যন্ত কঠোর হবে।
সহজ যে প্রশ্নটির উত্তর মেলেনি তা হলো, গ্রামীণ ব্যাংককে কেন এমন বিকলাঙ্গ করে দেওয়া হচ্ছে? গ্রামীণ ব্যাংকের কার্যক্রম এভাবে বদলানোর প্রয়োজন কী? এটির পরিচালকমণ্ডলী, অংশীদার ও সুবিধাভোগীরা কি অভিযোগ করেছেন? কে শনাক্ত করেছেন এবং কী প্রমাণের ভিত্তিতে গ্রামীণ ব্যাংক পুনর্গঠন করতে হবে? শুধু যুক্তির খাতিরে যদি আমরা মেনে নিই যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহণের নির্ধারিত বয়সসীমা অধ্যাপক ইউনূস যেহেতু পেরিয়ে এসেছেন, এ ক্ষেত্রে ‘ন্যায্যতা প্রতিপাদনের’ জন্য (যদিও এটিকে আমরা কারণ হিসেবে যথেষ্ট গ্রহণযোগ্য মনে করি না) সরকার তাঁকে অপসারণ করেছে।
কিন্তু যে ব্যাংকটি দেশের ৮০ লাখ দরিদ্র মানুষের (যাঁদের ৯৫ শতাংশই নারী) অভাব দূর করতে সহায়তা করে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে, সেই ব্যাংকের বিরুদ্ধে এ রকম ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়ার কারণ কী? বর্তমান কমিশন (আমাদের দৃষ্টিতে যা এ রকম অনন্য ও বিশ্বজুড়ে প্রশংসিত একটি প্রতিষ্ঠানকে বিচার করার ন্যূনতম যোগ্যতাও রাখে না) এমন কোনো কারণ খুঁজে পায়নি, যার ভিত্তিতে গ্রামীণ ব্যাংককে ১৯টি ভাগ করার মতো চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে। গ্রামীণ ব্যাংকের নিজস্ব বোর্ড (যাঁরা প্রকৃত ও আইনি সিদ্ধান্তনির্ধারক), এর সব অংশীদার (যাঁরা ব্যাংকটির প্রকৃত ও আইনি মালিক) ও এর সুবিধাভোগী ব্যক্তিদের (এ দেশের গ্রামবাসী ৮০ লাখ নারী) এ ব্যাপারে কিছুই বলার নেই। তাঁদের কাছে কখনো জানতে চাওয়া হয়নি। কারণ, সরকার জানত যে তাঁরা গ্রামীণ ব্যাংক ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করবেন। এটা যদি সরকারের প্রতিহিংসাপরায়ণতা না হয়, তবে কী?
আমরা পুনরাবৃত্তির মধ্য দিয়ে উপসংহার টানছি যে অহংকারের কারণে পদ্মা সেতু হারিয়েছি। খামখেয়ালের কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকার হারিয়েছি। কিন্তু এখনো সময় আছে গ্রামীণ ব্যাংককে টুকরা টুকরা করে ফেলার মতো প্রতিহিংসা থেকে সরে আসার।
এই সত্য অস্বীকার করার উপায় নেই যে সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার (জোটের শরিকদের নিয়ে চার-পঞ্চমাংশ) জোরে কার্যত যা ইচ্ছা তা-ই করতে পারে, তা যতই অহেতুক ও আত্মপরাজয়মূলক হোক না কেন। অতীতে বিশ্বের বিভিন্ন স্থানে এ রকম বহু সরকার অসমর্থনযোগ্য, জনবিরোধী, গণতন্ত্রবিরোধী ও স্বাধীনতাবিরোধী পদক্ষেপ নিয়ে সমালোচিত হয়েছে। এসব সরকার তাদের প্রতি জনসমর্থনের অহংকার, আশপাশে বিদ্যমান অসন্তোষ ও সমালোচনা, যা তাদের জনস্বার্থবিরোধী বিভিন্ন নীতি ও প্রকল্প গ্রহণের ব্যাপারে সতর্ক করে দিয়েছিল, তা নিয়ে খুব কমই ভেবেছিল। এবং এসব সরকারের পতন হয় সাধারণত তাদের ‘দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অভিশাপেই’।
সাম্প্রতিক সিটি করপোরেশন নির্বাচনে বড় পরাজয়ের পর আওয়ামী লীগ যতই মুখরক্ষার চেষ্টা করুক, তাদের প্রতি ভোটারদের চরম অসন্তোষ যে ক্রমেই বাড়ছে, তা বিস্মৃত হওয়ার সুযোগ নেই। গ্রামীণ ব্যাংককে ভেঙে ফেলার মাধ্যমে এর ৮০ লাখ সরাসরি উপকারভোগীকে, যাঁদের প্রত্যেকের ওপর অন্তত পাঁচজন করে প্রত্যক্ষ ও পরোক্ষ নির্ভরশীল ব্যক্তি (পরিবারের সদস্য) রয়েছে, যোগ করলে এই অসন্তোষের মাত্রা আরও বাড়বে নিঃসন্দেহে। বর্তমান সংকটকালে তাঁদের অনুভূতি এবং তাঁদের কাছের মানুষের অনুভূতি উপেক্ষা করাটা ভোটের রাজনীতির জন্য ভালো পরিণাম বয়ে আনবে না।
আমরা অত্যন্ত নিশ্চিত যে আমাদের এসব যুক্তি ও সতর্কবার্তা সরকারপ্রধানের ওপর খুব সামান্যই প্রভাব ফেলবে। তবু আমরা ক্ষীণ আশা নিয়ে লিখছি যে ক্ষমতার উচ্চতর পর্যায়ের কোনো অংশ হয়তো যারা ন্যায়বোধ বা বিচার দিয়ে চালিত না হলেও সম্পূর্ণ নিজের ভালোমন্দ বিবেচনা করে সিদ্ধান্ত নেয়—গিরিচূড়া থেকে পতনের এক মুহূর্ত আগে সরে আসবে। তা ছাড়া আমরা কেবল একটি প্রমাণ রাখার জন্যও লিখছি যে জাতীয় স্বার্থবিরোধী এ রকম একটি পদক্ষেপ নেওয়ার আগে অন্তত কিছু প্রতিবাদ ও সতর্কবার্তা উচ্চারিত হয়েছিল।
ইংরেজি থেকে অনূদিত
 মাহ্ফুজ আনাম: সম্পাদক, ডেইলি স্টার।