হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি দেশে নতুন কিছু নয়। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কারণে-অকারণে এই রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করে আসছে। এখানে জনদুর্ভোগ বা দেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কিছুই বিবেচিত হয় না। আর এখন হরতাল মানেই সংঘাত-সহিংসতা, জানমালের ক্ষয়ক্ষতি ও জ্বালাও-পোড়াও। আগে হরতালের সময় হরতাল আহ্বানকারীরা কিছু দিক মেনে চলতেন, জরুরি কিছু দিক হরতালের আওতামুক্ত ছিল। এখন সম্ভবত হরতাল আহ্বানকারীরা কোনো কিছুই পরোয়া করছেন না। সভ্য সমাজের ন্যূনতম কিছু রীতিও মেনে চলা হচ্ছে না।
প্রথম আলো পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বিরোধী দলের ডাকা ৬০ ঘণ্টা হরতাল কর্মসূচি চলাকালে বিভিন্ন সময় অ্যাম্বুলেন্স, সাংবাদিক ও সংবাদপত্র বহনকারী গাড়িও হামলার শিকার হয়েছে। এমনকি লাশবাহী অ্যাম্বুলেন্সও হরতাল পালনকারীদের হাত থেকে রেহাই পায়নি। সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে লাশ নিয়ে ফেনীতে যাওয়ার পথে সীতাকুণ্ডে হামলার শিকার হয় একটি অ্যাম্বুলেন্স। এর আগে হরতালের প্রথম দিন রোববার একইভাবে অন্য একটি লাশবাসী অ্যাম্বুলেন্সে হামলা হয় পটিয়ায়। বগুড়ার বিভিন্ন স্থানে ভাঙচুরের শিকার হয়েছে অন্তত ১৫টি অ্যাম্বুলেন্স।
একইভাবে হরতাল চলাকালে হামলার শিকার হয়েছেন সাংবাদিকেরা, ককটেল হামলা হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলের গাড়িতে ও ভাঙচুর হয়েছে সংবাদপত্র বহনকারী গাড়ি। সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন তিন সাংবাদিক। এর মধ্যে নাটোরে আহত আরটিভির চিত্রগ্রাহক শেখ তোফাজ্জেল হোসেনের অবস্থা আশঙ্কাজনক। ককটেল হামলায় আহত হওয়ার পরও কয়েকজন যুবক তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে বলে জানা গেছে। পেশাগত দায়িত্ব পালনকারী একজন সাংবাদিকের প্রতি এ ধরনের আচরণ সভ্য সমাজে অকল্পনীয়।
আমাদের প্রশ্ন, এখন কি হরতালের আওতামুক্ত বলে কিছু নেই? যাঁরা হরতাল আহ্বান করেন, তাঁরা যদি অ্যাম্বুলেন্স, জনগণের চিকিৎসাসেবা বা সংবাদমাধ্যমকে হরতালের আওতার মধ্যে রাখেন, তবে তার একটি ঘোষণা দিচ্ছেন না কেন? যদি সেটা না করেন, তবে এ ধরনের হামলার দায় হরতাল আহ্বানকারী দল ও তাদের নেতৃত্বকে নিতে হবে।