আ জার্নি: মুগদা টু কারওয়ান বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিস ১১টায়। সাড়ে নয়টায় বেরোতে গেলাম। তুমুল বর্ষণ। জানি বাসে উঠতে পারব না। যদি পারিও তাতে উঠব না। অধমের এক্সপেরিয়েন্স বলে এই বর্ষণে বাসে উঠলে সেটা হিঁচড়ে হিঁচড়ে এক ঘণ্টায় মালিবাগ যাবে। সেখানে এখন ‘অথই সাগর’। সেই সাগরে এই ‘লাব্বাইক পরিবহন’ নূহের কিস্তি হয়ে কত ঘণ্টা ভাসবে সেটা আল্লাহ মালুম। সিএনজি যেতে পারবে না। মতিঝিল, বিজয় নগর, খিলগাঁও, মালিবাগ, মগবাজারের থই থই জল তাকে আগেই বলে দিয়েছে, ‘তুই ছোট মানুষ, এদিকে বড়দের ব্যাপার। এদিকে আসিস না।’ ভাবলাম, এই বিপদে ‘যার কেউ নাই তার উবার আছে’। স্মার্টফোনে উবারের খোঁজ নিতে গিয়ে দেখি সেখানেও ফাঁকা। কাছাকাছি তিন কিলোমিটারের মধ্যে কোনো গাড়ি নেই। তাহলে? পদব্রজেই হোক এ দুর্মর যাত্রা! বউ বলল, ‘ওরে, আজ তোরা যাসনে ঘরের বাহিরে!’ ছোট দুই শিশুপুত্র রবিঠাকুরের ‘যেতে নাহি দিব’ কবিতার ‘চারি বৎসরের কন্যাটির মতো’ ‘এতক্ষণ ছায়াপ্রায় ফিরিতেছিল মোর কাছে কাছে ঘেঁষে, চাহিয়া দেখিতেছিল মৌন নির্নিমেষে বিদায়ের আয়োজন।’ বৃষ্টির এই প্রবল ধারা দেখে তারাও অব্যক্ত ভাষায়, ‘কহিল বিষণ্ন-নয়ন ম্লান মুখে, ‘যেতে আমি দিব না তোমায়।’ 

তবু যেতে দিতে হলো। রাস্তায় নামলাম। সেকি বৃষ্টি! ছাতায় বড়জোর মাথা বাঁচানো যাবে। ধরলাম হাঁটা। লাজলজ্জার মাথা খেয়ে প্যান্ট তো আগেই গুটিয়েছি। ‘যস্মিন দেশে যদাচার।’ হাঁটার জায়গা মানে ফুটপাতে এখন কাদা আর কাদা। অসহায় ক্রোধে মন তেতে উঠল। মনে মনে বললাম, ‘হা রে হতভাগা! সিটি করপোরেশন যে প্রতিবছর এই ভর শ্রাবণে রাস্তা খুঁড়ে খুঁড়ে এডিপির বরাদ্দ বের করে আনে তা তুই জানিস না! বয়েস কি তোর সিটি করপোরেশনের চেয়ে কম? নামতে হয় তো পৌষ-মাঘ দেখে নাম না! তোকে মানা করছে কে?’ সামনে যতই এগোচ্ছি ততই চোখে পড়ছে, ‘উন্নয়নকাজ চলিতেছে! সাময়িক অসুবিধার জন্য দুঃখিত!’ বুঝলাম কথাটা আমাকেই বলা হচ্ছে। নিজেকে বড় কেউকেটা মনে হলো। করপোরেশন আমার কাছে দুঃখপ্রকাশ করছে! আহারে! আব্বা যদি বেঁচে থাকত। লোকটা দেখে যেতে পারত তাঁর ছেলের কী হ্যাডম!
মালিবাগ রেলগেট পর্যন্ত আসতে আসতে আমার আড়াই হাজার টাকা দামের অ্যাপেক্স স্যান্ডেল ফুলে ঢোল। না এটা পায়ে দিয়ে হাঁটতে পারছি, না হাতে নিয়ে চলতে পারছি। রেললাইন ধরে এবার আমি চলতে শুরু করেছি। এই পথে ‘ছেঁড়া ছাতা-রাজছত্র মিলে চলে গেছে’ সোজা কারওয়ান বাজারের দিকে। এই পথে হাঁটতে বেশ লাগে। লাইনের ওপর কী নেই? মনুষ্য বর্জ্য তো চোখ সওয়া হয়ে গেছে। এ ছাড়া আরও যা যা আছে তা দেখে রবিঠাকুরের ‘বাঁশি’ কবিতা মনে পড়বে না কার! ‘গলিটার কোণে কোণে জমে ওঠে/পচে ওঠে আমের খোসা ও আঁটি/কাঁঠালের ভূতি, মাছের কানকো/মরা বেড়ালের ছানা/ছাইপাশ আরো কত কী যে!’ এমন কবিতার রূপকল্পবান্ধব রেললাইন দুনিয়া দুটি আছে বলে মনে হয় না। যেখানে স্লিপার পানির ওপর ভেসে আছে সেখান দিয়ে হাঁটায় তেমন বেগ পেতে হয় না। কিন্তু যেখানে স্লিপার ডুবে গেছে, সেখানে পা রাখতে গিয়েই মনে পড়ে লালনের সেই সাম্যবাদী গান, ‘ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক জলে সকলে সূচি’। রবীন্দ্র-লালন করতে করতে আর নিজের বাপের নাম মনে আছে কি না, তা খেয়াল রাখতে রাখতে কারওয়ান বাজারে পৌঁছালাম।
এবার আমার আসল যাত্রা শুরু। বাজারের ভেতর দিয়ে সিএ ভবনের দিকে একটা রাস্তা গেছে। ওই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। সেখানে এসে দেখি সেটা এখন দামোদর। এবার আমার বিদ্যাসাগর হয়ে ঝাঁপ দেওয়া ছাড়া কোনো পথ নেই। লুঙ্গি পরে এলেও কাজ হতো না। পুরো কোমরপানি। এবার আমি গাইলাম, ‘আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়... ’। দয়াময় আধঘণ্টা পর এক ভ্যানওয়ালাকে পাঠালেন। পায়ে হাঁটলে দুই মিনিটের পথ। সেই পথ পাড়ি দিতে ভ্যানে চড়ে বসলাম। ‘চারিদিকে বাকা জল করিছে খেলা।’ সেকি খালি জল! জলের সাথে আরও যা যা ভেসে আসছে তার দৃশ্যকল্প মনে পড়লেই বমির ওষুধ খেতে মন চায়।
ভ্যানে বসে আছি। পায়ের নিচে কুলু কুল জল। দুপাশে দোকান তলিয়ে গেছে। ‘কত হেরিলাম, মনোহর ধাম কত মনোরম দৃশ্য!’ মনে হলো এমন সুযোগ আর কি পাব? পকেটে ছিল স্মার্টফোন। ভিডিও করা শুরু করলাম। ছবির গুণগত মান ঠিক রাখতে ক্যামেরার দিকে চোখ রাখায় খেয়াল ছিল না। পরে দেখি দুপাশের লোক সমানে আমাকে গালি দিচ্ছে। ‘মাইনসে বাঁচে না, আর উনি জমিদার আইছে ভিডু করতে!’ আমি তাঁদের কী বলব? কীই–বা বলার আছে।
মনে মনে শুধু বললাম, ‘এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়।’ এই ‘তারে’ মানে ‘কারে’? সে কি আমার বউ? নাকি মেয়র মহোদয়? এবার মাথায় বাজল গোলাম আলীর বাংলা গজল, ‘কারে কারে বলি আমি!’