বাংলাদেশসহ নিম্ন আয়ের ৭২টি দেশের বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে উদ্যোগ নিতে যাচ্ছে, তার মূল কথা হলো ওই সব দেশের সামষ্টিক অর্থনীতিতে শৃঙ্খলা বজায় রাখার জন্য তদারক করা। বড় অঙ্কের সহজ শর্তের ঋণ, অর্থাৎ যেসব ঋণের সুদের হার কম ও পরিশোধের সময়সীমা বেশি, সেগুলো ওরা তদারক করবে। অর্থনীতিতে সুশাসন নিশ্চিত করা আমাদের স্বার্থেই দরকার। সে ক্ষেত্রে আইএমএফের পরামর্শ ও তদারকিতে সমস্যা নেই। কিন্তু শর্তারোপ করলে উন্নয়নকাজ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেবে।
অনস্বীকার্য যে দেশের বড় বড় প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ ওঠে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নীতিনির্ধারক পর্যায়ে সমাদৃত হওয়া উচিত। আইএমএফ বৈদেশিক মুদ্রাভান্ডারে সহায়তার জন্য পর্যায়ক্রমে ১০০ কোটি ডলার সহায়তা দিচ্ছে। এ বিষয়ে ওরা নিয়মিত পর্যালোচনা করছে। বৈদেশিক মুদ্রা নীতিমালার আরও উদারীকরণ, দেশের বৈদেশিক মুদ্রাভান্ডার থেকে বিদেশে ব্যক্তি উদ্যোগে বিনিয়োগের ওপর বিদ্যমান বিধিনিষেধ শিথিল করা প্রভৃতি বিষয়ে অনেক পরামর্শ তারা দিচ্ছে। বাংলাদেশ প্রয়োজনীয় সংস্কারও করছে।
আইএমএফ মূলত দেখবে সামষ্টিক অর্থনীতি ভালো কি না, ব্যালান্স অব পেমেন্ট পরিস্থিতি কী, বৈদেশিক মুদ্রাভান্ডারে
যথেষ্ট মজুত আছে কি না, বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতা বাড়ছে কি না ইত্যাদি। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি তিন
বছর ধরে মানসম্পন্ন পর্যায়ে রয়েছে বলে আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিস ও এস অ্যান্ড পি (স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর) মন্তব্য করেছে।
বিশ্ব অর্থনীতিতে মন্দার মধ্যেও বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ভালো হওয়াকে তারা উচ্চ মূল্যায়ন করেছে। তারা বাংলাদেশের অর্থনীতিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার সমমানের বলে রেটিং করেছে।
আইএমএফকে মনে রাখতে হবে যে বাংলাদেশ স্বল্পোন্নত হলেও আফ্রিকার দরিদ্র দেশগুলোর কাতারে ফেলা ঠিক হবে না। আমাদের বৈদেশিক মুদ্রার মজুতের পরিমাণ এক হাজার ৯০০ কোটি ডলার অতিক্রম করেছে। তাই আইএমএফের সহজ শর্তে ঋণ পরিশোধে বাংলাদেশের সক্ষমতা এখন অনেক বেশি। সে ক্ষেত্রে স্বচ্ছতা ও অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করার জন্য তাদের সুপরামর্শের প্রয়োজন রয়েছে, কিন্তু অনাবশ্যক শর্ত নয়।
বাংলাদেশ আগামী কয়েক বছরে জাইকা, ভারত, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের আর্থিক সহায়তায় মেট্রোরেল, ঢাকা-চট্টগ্রাম রেলপথ উন্নয়ন প্রভৃতি বড় বড় প্রকল্প বাস্তবায়ন করবে। তাই প্রকল্প ধরে আইএমএফের তদারকি যেমন অনভিপ্রেত, তেমনি সময়সাপেক্ষ। কারণ, তাদের শর্তগুলো হয়ে থাকে ছকে বাঁধা ও যান্ত্রিক। বাংলাদেশের বিশেষ পরিস্থিতিতে হয়তো সেসব অপ্রাসঙ্গিক হবে। তাই প্রকল্প ধরে আইএমএফের তদারকি না হওয়াই ভালো। সামষ্টিক অর্থনীতির সূচকগুলো ঠিক আছে কি না, সেদিকেই তাদের বেশি নজর দেওয়া উচিত।
স্বল্প আয়ের দেশ থেকে বেরিয়ে এসে কত দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া যায়, সে উদ্যোগ গতিশীল করাই এখন বাংলাদেশের অন্যতম লক্ষ্য হতে হবে। তাহলে আইএমএফের এ ধরনের নজরদারির প্রশ্ন আর থাকবে না।