আইএসবিরোধী লড়াইয়ে সমন্বয়
নতুন বছর কেমন কাটবে বিশ্ববাসীর? পৃথিবীর প্রথম সারির নেতা ও ভাবুকেরা তুলে ধরেছেন তার এক আগাম ছবি। বাংলাদেশে শুধু প্রথম আলোকে দেওয়া প্রজেক্ট সিন্ডিকেটের নিবন্ধ নিয়ে চার দিনব্যাপী বিশেষ আয়োজন। আজ ছাপা হলো শেষ দুটি লেখা।

প্যারিসে গত ১৩ নভেম্বর যে সন্ত্রাসী হামলা হয়েছে, তা সামগ্রিকভাবে ইউরোপের হৃদয়ের ওপরেই আঘাত। ঘটনাটি ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসের হুমকির বিষয়টিকে আমাদের পররাষ্ট্রনীতির কার্যক্রমের একেবারে সামনে নিয়ে এসেছে। আমি মনে করি, নিজেদের দরজায় তালা এবং জানালায় তক্তা মেরে দেওয়া এ ধরনের আক্রমণের জবাব হতে পারে না। আমাদের স্বাভাবিক জীবনযাত্রা বন্ধ করে দিলে এবং নিজেদের মুক্ত সমাজটাকে রুদ্ধ করলে সেটা সন্ত্রাসীদের হাতের পুতুল হওয়ারই নামান্তর হবে।
তাই এর বিরুদ্ধে আমাদের পাল্টা পদক্ষেপ হতে হবে প্রথমত ও প্রধানত রাজনৈতিক। সে জন্য দেশের ভেতরে আরও
বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং মিত্রদেশগুলোর নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা আরও নিবিড় ও জোরদার করতে হবে। বিভিন্ন জনগোষ্ঠীকে সামাজিক অংশীদারিত্বের বাইরে রাখার কারণে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। পশ্চিমে এই বিছিন্নতার বিরুদ্ধে লড়াই করার সংকল্প আমাদের দেখাতে হবে। অর্থাৎ মুসলমানসহ অন্যান্য অভিবাসী জনগোষ্ঠীকে সমাজের সকল স্তরে একীভূত করার চেষ্টা বাড়াতে হবে। একই সঙ্গে আইএসের অপশক্তি মোকাবিলা করতে হবে তার উৎপত্তিস্থল ইরাক ও সিরিয়ায়।
প্যারিস হামলার রাতেই ফ্রান্সের পাশে থাকার অঙ্গীকার করেছে জার্মানি। আমরা সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছি, সেই প্রতিশ্রুতির মধ্যে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক সহায়তার বিষয়টিও অন্তর্ভুক্ত হবে।
আমরা সবাই জানি, শুধু বোমাবর্ষণ করে সন্ত্রাসবাদকে পরাস্ত করা যাবে না। আবার এটাও জানি, আইএস যে হুমকি সৃষ্টি করেছে, তা সামরিক অভিযান ছাড়া দমন করা যাবে না। আইএসের ওপর পাল্টা সামরিক আক্রমণ না চালালে এক বছর পর এমন কিছু অবশিষ্ট থাকবে না, যার ভিত্তিতে সিরিয়া বা ইরাক সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়া যাবে।
সম্প্রতি আমি ইরাকে দুই দিন কাটিয়েছি। দেশটির যেসব এলাকা আইএস নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল, গত বছর তার এক-চতুর্থাংশ থেকে তাকে সাফল্যের সঙ্গে হটিয়ে দেওয়া গেছে। তবে সংগঠনটিকে মোকাবিলার জন্য সবচেয়ে কঠিন কাজগুলো এখনো বাকি রয়ে গেছে। আইএসকে দমনের রাজনৈতিক কৌশলে সাফল্য অর্জন করতে হলে তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে।
প্রথমত, আইএসের বিরুদ্ধে যারা লড়াই করছে, তাদের সাহায্য করতে হবে। জার্মানি গত গ্রীষ্মে কুর্দি পেশমারগা বাহিনীকে অস্ত্র ও সামরিক উপকরণ সরবরাহ করার যে সিদ্ধান্ত নেয়, তা ঝুঁকিমুক্ত না হলেও সঠিক ছিল। জার্মানির সহায়তায় পেশমারগা গত নভেম্বরে সিনজার শহরটিকে আইএসের দখল থেকে মুক্ত করেছে। সেখানে আইএসের জঙ্গিরা গত গ্রীষ্মে ইয়াজিদি সম্প্রদায়ের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছিল। জোট বাহিনীর বিমান হামলা ছাড়া আইএসের অগ্রযাত্রা থামানোর উপায় ছিল না।
দ্বিতীয়ত, আগের কয়েকটি লড়াইয়ের অভিজ্ঞতা থেকে আমরা জানি আইএসের দখলমুক্ত বিভিন্ন এলাকায় জনগণের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। এ কারণেই আমরা ওই এলাকাগুলোয় স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিনিয়োগ করছি। পুনর্নির্মাণ করছি পুলিশ বাহিনী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুতের গ্রিড ও পানি সরবরাহব্যবস্থা। তিকরিত শহরটি মুক্ত হওয়ার পর দেড় লাখের বেশি মানুষ জার্মানির সহায়তায় সেখানে নিজ নিজ বাড়িতে ফিরতে পেরেছে।
তৃতীয় বিষয়টি অনুধাবন করা সবচেয়ে কঠিন আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুরোনো যেসব অভ্যন্তরীণ বিরোধ ও বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আইএস প্রথম দিকে নিজেদের দখল বিস্তার করেছে, সেগুলো দূর করার জন্য ইরাক ও সিরিয়ার সব জনগোষ্ঠীকে অভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যের অন্তর্ভুক্ত করতে হবে।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি একটি উৎসাহব্যঞ্জক সংস্কার কর্মসূচি চালু করেছেন। এতে দেশটির রাজনীতিতে সুন্নি সম্প্রদায়ের আরও বেশি অংশগ্রহণের পথ সুগম হয়েছে। সিরিয়ায় এ ধরনের রাজনৈতিক প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই অনুপস্থিত। তবু আমাদের সেই উদ্দেশ্য নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে।
জার্মানির পররাষ্ট্রনীতিতে এ ধরনের বিভিন্ন প্রচেষ্টাকে সামনের সারিতে রাখা হয়েছে। আমি রিয়াদ, তেহরান, আঙ্কারা, বৈরুত, আম্মান ও ভিয়েনায় গত বছর বহু আলোচনায় অংশ নিয়েছি ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে বিভেদ দূর করার জন্য। এসব আলোচনা প্রায়শই বেশ কঠিন ছিল। এভাবেই সিরিয়ায় বিবদমান বিভিন্ন গোষ্ঠীকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর পাঁচ বছরে প্রথমবারের মতো আমরা সংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ দেশকে ভিয়েনা আলোচনায় বসাতে পেরেছি। এ কারণে আমি বেশ উৎসাহিত বোধ করছি। সিরিয়ায় অস্ত্রবিরতি এবং একটি রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার ব্যাপারে ভিয়েনা বৈঠকে মতৈক্য হয়েছে। তবে বিষয়টি উদ্যাপনের সময় এখনো আসেনি। কিন্তু ওই সংকট নিরসনের লক্ষ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেমন ন্যূনতম মতৈক্য হয়েছে, তেমনি ইরান এবং সৌদি আরবও কিছু বিষয়ে একমত হয়েছে। সিরিয়ার বিদ্রোহী সংগঠনগুলোর সঙ্গে রিয়াদে গত ডিসেম্বরে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ওই সাফল্য অর্জনের পথে প্রথম ধাপ।
সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে একটি রাজনৈতিক মতৈক্য অর্জন করার কাজটা দীর্ঘ ও কষ্টসাধ্য হবে। তার ফলাফলও সম্পূর্ণ আমাদের হাতে নেই। এ কাজে যেসব অংশীদারকে আমরা পাশে চাই, তাদের কারও কারও আগ্রহ ও উদ্দেশ্য আমাদের চেয়ে ভিন্ন। কোনো কোনো দেশের মধ্যে পারস্পরিক বিরোধও রয়েছে।
কিন্তু সিরিয়া পরিস্থিতি নিয়ে যে জটিলতা রয়েছে, তা নিয়ে অভিযোগ করলে সমাধানের কোনো বিকল্প পথ মিলবে না। আসলে কিছু রাজনৈতিক বাস্তবতায় শত্রু-মিত্রের মানদণ্ডকে অজুহাত হিসেবে দাঁড় করানো যায় না। বিরোধপূর্ণ অঞ্চলটির বিভেদ ও লড়াই শেষ না হওয়া পর্যন্ত হাত গুটিয়ে বসে থাকলে এবং অপেক্ষা করলে সিরিয়া কিংবা দেশটির কোনো প্রতিষ্ঠান আর অবশিষ্ট থাকবে না।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা হয়েছে। এতে প্রমাণিত হয়েছে, সদিচ্ছার কূটনীতিতে অটল থাকলে অবশ্যই সফল হওয়া যায়। লিবিয়ায়ও জার্মানির একজন অভিজ্ঞ কূটনীতিকের উপস্থিতিতে এবং জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় আলোচনা শুরু হয়েছে। এর মধ্য দিয়ে সেখানে একটি সুশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক পথে প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে।
পররাষ্ট্রনীতি নির্ধারক হিসেবে আমাদের অবশ্যই সব ধরনের অনিশ্চয়তা নিয়ে বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে হবে। আর এ ক্ষেত্রে আমাদের সক্রিয়তা ও নিষ্ক্রিয়তা—দুটোরই দায় নিতে হবে, এমনকি সাফল্যের কোনো নিশ্চয়তা না থাকলেও। এতে আমাদের ধৈর্যের গুরুত্ব প্রকাশ পাবে। সম্পর্কের সেতু বন্ধ করে দিলে আমরা আইএস বা ইসলামি সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করতে পারব না। আমাদের এখন সতর্কতার সঙ্গে সামরিক, মানবিক ও কূটনৈতিক পদক্ষেপের সমন্বয় ঘটানোর উপযোগী একটি রাজনৈতিক কৌশল অটল নিষ্ঠার সঙ্গে প্রয়োগ করতে হবে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট; অনুবাদ: আশিস আচার্য
ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ার: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী।