অধ্যাপক আসিফ নজরুলের একটা নিজস্ব গুণ আছে। যে বিষয়টিকে তিনি তাঁর ভাষায় ‘দুর্ভাগ্য’ মনে করেন, তিনি সেটাকে সব মানুষের দুর্ভাগ্য বলে চালিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমার ধারণা, নিজের মতকে জনমত ভাবার একটা আত্মপ্রেম তাঁর মধ্যে কাজ করে। নিজের রাজনৈতিক মত প্রকাশের একটা নিরপেক্ষ ভঙ্গি তিনি রপ্ত করতে পেরেছেন। বিষয়বস্তুর পক্ষে-বিপক্ষে কিছু কথা বলে তিনি উপসংহার টানেন। তাঁর লেখায় ভাব ও অভাব দুটোই প্রতিভাত। ভাব হলো নিরপেক্ষ ভাবমূর্তি তৈরির প্রচেষ্টা, আর অভাব হলো চিন্তার দারিদ্র্য।
কাদের মোল্লার রায়ে তিনি বিস্মিত না হতাশ, বুঝতে পারেন না। তাঁর বড় রসদ, তিনি আইনের অধ্যাপক। কিন্তু পত্রিকায় এই পরিচয়ে রাজনৈতিক বিষয়গুলোর নিজস্ব আইনি ধারাভাষ্য তিনি অবিরত বয়ান করে চলেছেন। যদিও রাজনৈতিক বিষয়ে বিচারিক যাচাইকে তিনি অপাঙেক্তয় মনে করেন (প্রথম আলো, ৩১ জুলাই)। বিচারপতি খায়রুল হকের আইন কমিশনের চেয়ারম্যান হওয়া তিনি মেনে নিতে পারবেন না, এটা স্বাভাবিক। গত ৩১ জুলাই বিচারপতি হককে নিয়ে যে লেখাটি তিনি লিখেছেন, তা সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি এবং অনুমাননির্ভরতার জ্বলন্ত উদাহরণ। বিচারপতি হককে তিনি প্রথমে আক্রমণ করেছেন তাঁর লেখার শিরোনাম ‘এক বিচারপতির প্রশ্নবিদ্ধ নিয়োগ’-এর মাধ্যমে। আসিফ নজরুল স্বীকার করুন আর না-ই করুন, বিচারপতি খায়রুল হক বাংলাদেশের বিচারিক ইতিহাসে উজ্জ্বলতম মেধাবী প্রধান বিচারপতি। তাঁকে ‘এক বিচারপতি’ বলে উপস্থাপনে তাঁর কৃতিত্ব ম্লান হয় না, বরং লেখকের শব্দচয়নের দীনতা ফুটে ওঠে। আরও নিচুতা বের হয়ে আসে যখন তিনি অন্যান্য বিচারপতিসহযোগে বিচারপতি খায়রুল হকের প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে রাজনীতির গন্ধ পান।
আসিফ নজরুল স্বাধীনতার ঘোষক প্রশ্নকে ‘অনেকাংশে রাজনৈতিক’ হিসেবে আখ্যা দিয়ে বলতে চেয়েছেন, ‘জিয়া স্বাধীনতার ঘোষক নন’ মর্মে বিচারপতি হকের রায় দেওয়াটা ঠিক হয়নি। তাঁর আপত্তিটা ‘জিয়া ঘোষক নন’ এইখানে, নাকি ‘বিচারপতি হক রায় দিতে পারবেন না’—এইখানে তা বোঝা গেল না। রাজনীতির ধারা সংবিধানের চেহারা নিরূপণ করে, এটা তাঁর বোঝার কথা। তাঁর এটাও জানার কথা যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা আছে এবং স্বাধীনতার ঘোষণাপত্র হলো বাংলাদেশ সংবিধানের ভিত্তি (৮ম সংশোধনী মামলা, ১৯৮৯)। সুতরাং জিয়াকে স্বাধীনতার ঘোষক বলা সংবিধানের শপথ এবং স্বাধীনতার ঐতিহাসিক দলিলের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিষয় বিচারিক নিরীক্ষণ করার ক্ষমতা আদালতের রয়েছে। এখানে আসিফ নজরুল রাজনীতির কী দেখলেন? কোনো রায় বিএনপির বিপক্ষে গেলেই কি সেটা বিচারিকভাবে অন্যায্য হয়ে যাবে? তিনি ভুলে গেলেন যে আইনেরও একটা ঐতিহাসিক দায় রয়েছে। ইতিহাসের ধারা পাল্টে দিয়ে কোনো দেশের জন্মের ইতিহাসকে যদি অস্বীকার করা হয়, তবে ওই দেশের বহমান আইন চুপ করে থাকতে পারে কি?
আসিফ নজরুল লিখেছেন, বিচারপতি খায়রুল হক ১৩তম সংশোধনী মামলার সংক্ষিপ্ত রায়ের বাইরে গিয়ে পূর্ণাঙ্গ রায়ে সরকারকে সন্তুষ্ট করেছেন। এটা নিয়ে আসলেই বিতর্ক হতে পারে, আদৌ পূর্ণাঙ্গ রায় সংক্ষিপ্ত রায়ের ভিন্নার্থ কি না। পূর্ণাঙ্গ রায়ে একজন বিচারক তাঁর সারসংক্ষেপ আদেশকে আরও পরিশোধিত ও পরিশীলিত করবেন, সেটাই তো স্বাভাবিক। বিচারপতি খায়রুল হক যখন সারসংক্ষেপ রায় দিয়েছিলেন, তখনই আসিফ নজরুল তাঁর কঠোর সমালোচনা করে কলাম লিখেছিলেন। সুতরাং বিচারপতি হক রায় যে যুক্তিতেই দিন না কেন, অধ্যাপক আসিফ তার খুঁত বের করবেন, এটাই স্বাভাবিক। এর পরও কথা থাকে, রায় তো আর বিচারপতি হক একা দেননি। ১৩তম সংশোধনী মামলায় ভিন্নমতের বিচারকও ছিলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় হয়েছে, সেখানে বিচারপতি হককে একক আক্রমণ করার মানে কী? মনে আছে, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক পরিচয় নিয়ে বিচারপতি কে এম হাসান যখন ৬৭ বছর বয়স বৃদ্ধির সুবিধা নিয়ে জাতিকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছিলেন ২০০৬ সালে, তখন বিচারপতি কে এম হাসানের পক্ষে সাফাই গেয়েছিলেন অধ্যাপক আসিফ নজরুল। বিচারপতি হকের যে সমালোচনা তিনি করেছেন, তা বস্তুনিষ্ঠ নয়, বরং বিরাগপ্রসূত।
খায়রুল হককে অনেক বিচারপতি ডিঙিয়ে প্রধান বিচারপতি করা হয়েছিল বলে আসিফ নজরুল আমাদের স্মরণ করে দিয়েছেন। যদিও বিএনপি এই ডিঙানোর সংস্কৃতি শুরু করেছিল, সে-কথা লেখক বেমালুম চেপে গেলেন। জ্যেষ্ঠতা নীতির ব্যতিক্রম করা যাবে না—এ রকম বাধার দৃষ্টান্ত অধ্যাপক আসিফ দিতে পারবেন কি? বিচারপতি হকের যোগ্যতা নিয়ে তিনি কোনো প্রশ্ন তোলেননি।
আসিফ নজরুল স্বীকার করেছেন, প্রধান বিচারপতি বা স্বনামধন্য বিচারপতিদের আইন কমিশনের চেয়ারম্যান করা একটা ঐতিহ্য। তাঁর মতে, আগের প্রধান বিচারপতিরা (যেমন বিচারপতি মোস্তাফা কামাল, বিচারপতি এ টি এম আফজাল) কম বিতর্কিত ছিলেন, তাই তাঁদের নিয়োগের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা যায়নি। লক্ষ করার বিষয়, আগের বিচারপতি নিয়োগের সাংবিধানিক বৈধতা নিয়ে অধ্যাপক আসিফের কোনো আপত্তি নেই, তাঁর আপত্তি শুধু বিচারপতি হকের বেলায়। তিনি যে বিচারপতিদের প্রতি প্রীতি দেখাচ্ছেন, তাঁদের অনেকেই সামরিক শাসনের বৈধতা দিয়েছেন, হয় রায়ের মাধ্যমে, নয় আচরণে বা নীরবতায়। অধ্যাপক আসিফ কি তাঁর সামরিক আইনপ্রীতি আরেকবার প্রকাশ করলেন? স্মর্তব্য, ১৫তম সংশোধনীতে সামরিক সরকারকে বারিত করে যে সংশোধনী আনা হয়েছে, অধ্যাপক আসিফ তাঁর একনিষ্ঠ সমালোচক।
আসিফ নজরুল বিচারপতি খায়রুল হকের নৈতিকতা নিয়ে আরও একটা প্রশ্ন তুলেছেন। সামরিক ফরমানকে অবৈধ ঘোষণা করে, সেই ফরমানজাত কোনো সুবিধা তিনি গ্রহণ করতে পারেন কি না? অথবা তাঁর কোনো লাভজনক পদ (যেমন—আইন কমিশনের চেয়ারম্যানের পদ) গ্রহণ করা স্ববিরোধমূলক হবে কি না? বিষয়টা শুধু বিচারপতি হক কেন, পুরো জাতিরই নৈতিকতার প্রশ্ন। সামরিক বিজেতাদের অতীত কীভাবে আমাদের বর্তমানকে রচনা করবে, তা এক বড় বাস্তবতা। ‘বারুদের বিস্ফোরণে উৎকীর্ণ আমার শ্রুতি, আমার দৃষ্টিতে ভবিষ্যৎ’, তাই আমাদের ‘ভবিষ্যতের দিকেই নিশানা তাক’ করে দাঁড়ানো ছাড়া উপায় তো নেই। সংবিধানের অভিভাবক আদালত যদি কোনো ব্যাখ্যা দেন এবং তা যদি বিচার বিভাগ এবং বিচারব্যবস্থার জন্য কল্যাণকর হয়, তাহলে তাতে ‘অনৈতিকতার’ কী আছে? বিচারপতি খায়রুল হক ১৩তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তাঁর নিজের প্রধান উপদেষ্টা হওয়ার সম্ভাবনা অবশ্য বাতিল করেছেন। এর চেয়ে নৈতিকতার ও নির্লোভতার বড় দৃষ্টান্ত আর হতে পারে কি? অধ্যাপক আসিফ বলেছেন, বিচারপতি হককে নিয়োগ দেওয়ার জন্য সরকার দুই বছর অপেক্ষা করেছে। তাহলে আইনের স্বনামধন্য অধ্যাপক ড. শাহ আলমকে ওই দায়িত্বে রেখে সরকার কি কোনো ভালো কাজই করেননি?
আসলে অধ্যাপক আসিফের লেখার বিষয় হওয়া উচিত ছিল বিচারপতি হকের নিয়োগে আইন কমিশন শক্তিশালী হবে কি না। তিনি যে আইন কমিশনের ইতিহাস, মর্যাদা, সৌকর্য ইত্যাদি বিষয়ে উদাসীন, তা জানা ছিল না। তাঁর লেখার ভাব দেখে মনে হয়, সরকার আইন কমিশনের সব সুপারিশ বাস্তবায়ন করার জন্য বসে আছে। কিন্তু আমরা কে না জানি, অধ্যাপক শাহ আলমের নেতৃত্বাধীন কমিশন গত তিন বছরে অনেক সুন্দর সুন্দর আইন সুপারিশ করেছে। কিন্তু সরকার বাস্তবায়ন করেছে খুব সামান্য। ভবিষ্যৎদ্রষ্টার মতো অধ্যাপক আসিফ বলে গেছেন যে বিচারপতি হকের সব সুপারিশ বাস্তবায়ন করতে সরকার এক পায়ে দাঁড়িয়ে আছে।
আইন কমিশন একটা দেশের মান-মর্যাদা এবং আইনি সংস্কৃতির ধারক। বিচারপতি খায়রুল হকের মতো একজন সাবেক প্রধান বিচারপতিকে সরকার এই পদে নিয়োগ দিয়ে বিজ্ঞতার পরিচয় দিয়েছে। এতে আইন কমিশনের মর্যাদা এক ধাপ ওপরে উঠেছে। সাংবিধানিক প্রজ্ঞার জয় হয়েছে। সবকিছুকে সাংবিধানিক বাতাবরণ দিয়ে দেখা বুদ্ধিমানের কাজ নয়। বিচারপতি ফ্রাঙ্কফার্টারের কথা ধার করে বলা যায়, ‘সাংবিধানিকতার দিকে দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা সাংবিধানিক প্রজ্ঞার সমার্থক করে ফেলার মতো। এ ধরনের প্রবণতা উদার নৈতিকতাবাদের পরিপন্থী।’ বিচারপতি খায়রুল হক স্বাধীনতার ঘোষণা মামলা, পঞ্চম সংশোধনী মামলা, বুড়িগঙ্গা রক্ষা মামলা এবং ফতোয়াসংক্রান্ত মামলায় যে স্বদেশি আইনতত্ত্বের সৃষ্টি করেছেন, তা আমাদের মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হবে। আইন কমিশন ও জাতি তাঁর অভিজ্ঞতার মাধ্যমে লাভবান হবে বৈকি!
এস এম মাসুম বিল্লাহ্: সহকারী অধ্যাপক, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
[email protected]