আইন নিজের গতিতে চলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকেরা প্রায়ই বলে থাকেন, আইন নিজস্ব গতিতে চলবে, অপরাধী যে–ই হোক না কেন, তাঁকে শাস্তি পেতে হবে। কিন্তু সব ক্ষেত্রে যে আইন নিজের গতিতে চলে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্যবসায়ী ফরহাদ অপহরণের ঘটনাই তার প্রমাণ। ছাত্রলীগের কর্মীরা গত ৮ মে ফরহাদকে জগন্নাথ হলের একটি কক্ষে আটকে রেখে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে তাঁর স্বজনেরা বিষয়টি শাহবাগ থানায় জানালে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার এবং পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করে। এরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থী।
এ–সংক্রান্ত বিচারাধীন মামলাটি যাতে পরিণতি না পায় সে জন্য ছাত্রলীগের নেতাসহ বিভিন্ন মহল থেকে অপহৃত ব্যবসায়ীর পরিবারকে চাপ দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত; যদিও অজ্ঞাত কারণে এর তদন্তকাজ এগোচ্ছে না। এ অবস্থায় ভুক্তভোগীর পরিবার মামলাটি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কেবল তা-ই নয়, নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ী ফরহাদ ফকিরাপুল এলাকা থেকে ব্যবসাও গুটিয়ে নিয়েছেন। পত্রিকার খবর অনুযায়ী, আরফান নামের এক যুবক ছাত্রলীগের ওই কর্মীদের পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের বিনিময়ে তাঁদের দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কতটা নৈতিক অধঃপতন ঘটলে ছাত্রলীগের কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কলেজের ছাত্ররা ভাড়ায় অপহরণ করার কাজে নামতে পারেন?
যেখানে ছাত্রলীগ নেতৃত্বের উচিত ছিল ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিদের বহিষ্কার করা, সেখানে তাদের পক্ষে তদবির করা সংগঠনটির দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। অপহরণ মামলায় ছাত্রলীগের কয়েকজন কর্মী জড়িত থাকায় যদি আইন নিজস্ব গতিতে না চলে, তাহলে যেসব ফৌজদারি মামলায় ক্ষমতাসীন দল ও ওই ছাত্রসংগঠনটির বড় নেতারা জড়িত, সেসবের পরিণতি সম্পর্কে সন্দেহমুক্ত হওয়া যায় না।