দেশে অনেক ভালো আইন আছে, কিন্তু সে আইন কি ঠিকমতো মানা হয়? না, মানা হয় না। তাহলে দেশজোড়া এত দুর্নীতি হতো না। এই আইন দেশের নাগরিকেরা ঠিকমতো মেনে চলছে কি না, তা দেখার কি কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, রয়েছে। তবে সেখানেই মহাসমস্যা। দেশকে ভালোবাসার মানুষ কয়জন আছে। মোটেই নেই? থাকলে দেশে যেসব দুর্নীতি হচ্ছে, তা হতো না। সব ক্ষেত্রেই অনিয়ম; বাড়ি তৈরি, বিদ্যুৎ, টেলিফোন, ওয়াসা, গ্যাস—প্রতিটি জায়গায় টাকা ছাড়া কোনো কাজই এগোয় না। যার ফলে অনিয়মগুলো থেকে যায়।
আগারগাঁওয়ের লোকেরা প্রথমে জমি কিনে বাউন্ডারি ওয়াল করে, তার সঙ্গেই টিনের শেড করে দীর্ঘদিন বস্তি ভাড়া খাটিয়ে পরিবেশ নষ্ট করে। তারপর টিনের ছাদ খুলে তার ওপরেই ছাদ ঢালাই করে দোতলা-তিনতলা বানায়। এ জন্য নিয়মমতো জায়গা ছেড়ে বাড়ি বানানো হয় না আবার প্ল্যান পাস করার বালাইও থাকে না। অথচ পাশের বাড়ির কোনো সমস্যা হচ্ছে কি না, তারও কোনো ধার ধারে না। এতে একজনের দেখাদেখি অন্যরাও এভাবেই দুর্নীতি করে। যার ফলে ভাড়া থাকেন যাঁরা, তাঁরাও ময়লার গাড়িতে ময়লা না দিয়ে পাশের বাড়িতে ফেলাই শ্রেয় মনে করেন, কটা টাকা তো বাঁচে!
বলছিলাম রাজউকের নিয়মের কথা। সেখানে তো অনিয়মের অভিযোগ করতেও টাকা দিতে হয়। নইলে আবেদন নেবেই না। এ ছাড়া আরও আছে। বাড়ির মালিকেরা বাড়ি বানানোর সময় রাস্তা থেকে যতটা জায়গা পাওয়া যায়, দখল করে বাসা বানান। গাড়ি চলাচলের অসুবিধা যতই থাকুক না কেন, তাঁদের মোটেই মাথাব্যথা নেই। কেউ আপত্তি জানালে, জায়গামতো টাকা ঢেলে খরচ করে বাড়তি জায়গাটা হজম করে ফেলা হয়। এই হলো আমাদের এলাকা ও দেশের ছবি।
মো. ইসলাম, আগারগাঁও, ঢাকা।