দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে রাজনৈতিক সহিংসতা তুলনামূলকভাবে হ্রাস পাওয়ায় জনমনে একধরনের স্বস্তি দেখা দিয়েছে বটে; কিন্তু প্রতিনিয়ত সংঘটিত নানা অপরাধের ঘটনা থেকে এটা স্পষ্ট যে, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। হত্যা, অপহরণ, ধর্ষণ, ছিনতাইসহ নানা ধরনের অপরাধের খবর প্রতিদিনের সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। প্রতিটি অপরাধের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখা হলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বাস্তবে কতটা খারাপ হয়েছে, তা অনুধাবন করা যাবে না। কিন্তু সামগ্রিকভাবে সেগুলো থেকে একটা উদ্বেগজনক চিত্রই ফুটে ওঠে।
প্রশাসন কিংবা কোনো আইন প্রয়োগকারী সংস্থার পরিচয় দিয়ে লোকজনকে তুলে নিয়ে যাওয়া, তাদের নিরুদ্দেশ থাকার যেসব ঘটনা ইতিমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেগুলোকে ভুক্তভোগীদের তরফে রাজনৈতিকভাবে দেখা হচ্ছে। প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো অবশ্য এসব মানুষের নিরুদ্দেশ থাকার ব্যাপারে নিজেদের দায়দায়িত্ব অস্বীকার করছে। কিন্তু ‘তুলে নিয়ে যাওয়া’ মানুষগুলো কোথায়, কী অবস্থায় আছেন, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষগুলো কোনো খোঁজখবর দিতে পারছে না। তাহলে কি এটাও আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতির লক্ষণ নয়? মানুষের নিরাপত্তা প্রদানের দায়িত্ব কার? কেউ অপহূত হলে তাকে উদ্ধার করা এবং অপহরণকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থাগুলো তো এড়াতে পারে না।
বিশেষ উদ্বেগের বিষয় হচ্ছে, নারীর নিরাপত্তাহীনতা বেড়ে গেছে। গতকাল শনিবারের প্রথম আলোর শেষ পাতায় ‘মেয়েটির বিভীষিকাময় এক রাত’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে রাজশাহীর বাঘা উপজেলার এক কর্মজীবী নারীর যে বিপদের বর্ণনা রয়েছে, তা এককথায় রোমহর্ষক। এটিকে একটি প্রত্যন্ত অঞ্চলের বিচ্ছিন্ন ঘটনা বলে খাটো করে দেখার উপায় নেই। শহর কিংবা গ্রামাঞ্চল—সবখানেই পথেঘাটে নারীর জন্য ওত পেতে রয়েছে এমন বিপদ, কোথাও বেশি, কোথাও বা একটু কম মাত্রায়। একই দিনের প্রথম আলোতেই মানিকগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে এক তরুণের ধরা পড়ে গণপিটুনি খাওয়ার খবর ছাপা হয়েছে। মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষার সময় এক ছাত্রীর ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে স্কুলছাত্রীদের অব্যাহত আন্দোলনের খবরও ছাপা হয়েছে একই দিনে। শুধু একটি দিনের বিষয় এটি নয়, জাতীয় সংবাদমাধ্যমে নারীদের নানাভাবে আক্রান্ত হওয়ার খবর প্রতিনিয়তই ছাপা হচ্ছে। কিন্তু প্রতিকারের খবর নেই বললেই চলে। নারীধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের সাজা হয়েছে—এমন সংবাদ অত্যন্ত বিরল।
সরকারি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে রাজনৈতিক সহিংসতা দমনে এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করতে যতটা তৎপর দেখা যায়, হত্যা-ধর্ষণসহ নানা ধরনের অপরাধ দমনের ব্যাপারে ততটা দেখা যায় না। কিন্তু সরকারের কাছে জনসাধারণের প্রধান দাবি নিরাপত্তা, সব ধরনের অপরাধ থেকে সুরক্ষা। সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে রাজনৈতিক সহিংসতা বন্ধের সুফল জনজীবনে প্রতিফলিত হওয়ার নয়।