গত শনিবার রাতে পাবনা সদর উপজেলার পুষ্পগড়া বাজারে সন্ত্রাসীরা আওয়ামী লীগের তিনজন কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে, পরদিন গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু হয়৷ টেকেরহাটেও দুর্বৃত্তদের গুলিতে মাদ্রাসাশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন৷ এর দুই দিন আগে সন্ত্রাসীরা ঢাকায় এক ঠিকাদারকে হত্যা করে এবং কুমিল্লায় ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে নিহত হন এক ব্যবসায়ী৷ ওই দিন দুপুরে দিনাজপুরে একজন শিশু প্রাইভেট পড়ার জন্য বের হয়ে আর বাড়ি ফেরেনি৷ তাকে অপহরণের অভিযোগ উঠেছে৷
চার দিনে আটজন খুন৷ এর আগে নারায়ণগঞ্জে এক দিনেই সাত খুন হয়ে গেছে৷ তার পরও খুন চলছে৷ মানুষ শঙ্কায় আছে৷ জরুরি কাজ ছাড়া বাসার বাইরে যেতে চায় না কেউ৷
সরকার বলছে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অথচ অপরাধী চক্র আরও বেপরোয়া হয়ে উঠছে৷ বেশ কিছু খুনের ঘটনা ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বের ভয়াবহ পরিণতি বলে অভিযোগ রয়েছে৷ এসব অভিযোগ ভিত্তিহীন বলা যাবে না৷ আবার যেসব ঘটনায় তাৎক্ষণিকভাবে দুর্বৃত্তদের নাম-পরিচয় জানা যায় না, সেগুলোর দায় বিরোধী দলের ওপর চাপানো হয়৷ এর ফলে আসল অপরাধীরা নির্বিঘ্নে আড়ালে চলে যাওয়ার সুযোগ পায়৷
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই অপরাধী চক্র খুন-অপহরণ চালিয়ে যেতে পারছে৷ এর দায় মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরই বর্তায়৷ এত থানা-পুলিশ, বিশেষ সংস্থার এত লোকজন কী করে? কোন এলাকায় কোন অপরাধী চক্র সক্রিয়, তার সব তথ্য তো তাদের নখদর্পণে থাকার কথা৷ তাহলে কীভাবে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটে চলেছে?
তবে যখন দেখা যায়, কিছু অপরাধী ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয়ে অবাধে খুনখারাবি চালিয়ে যাচ্ছে, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশের ইতস্ততভাব দেখা যায়৷ ‘অপরাধী যে-ই হোক, কাউকে ছাড়া হবে না’ এটা যে কথার কথা নয়, সরকারকে কাজেই প্রমাণ করতে হবে৷ অভিযুক্তের রাজনৈতিক পরিচয় গৌণ৷ প্রতিটি ঘটনায় প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করুন, তাহলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে৷