জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন ছিনতাইকারী ধরা পড়েছে, সেটি বড় খবর নয়; বড় খবর হলো, সেই ক্যাম্পাসটি এখন ছিনতাইকারী, মাদকসেবী ও ব্যবসায়ীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে৷ ক্যাম্পাসে আটক একজন ছিনতাইকারীর ভাষ্য অনুযায়ী, ক্যাম্পাসটিতে ৪০ জন ছিনতাইকারীর একটি দল আছে, যারা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে থাকে৷ এর পাশাপাশি এই চক্রটি মাদক সেবন ও ব্যবসার সঙ্গেও জড়িত৷
অারও উদ্বেগের বিষয় হলো, এই ছিনতাইকারী চক্রের বেশির ভাগ ক্যাম্পাসেরই বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান৷
আদর্শ ক্যাম্পাসের যে বৈশিষ্ট্য, তা অনেক আগেই হারিয়ে ফেলেছে জাহাঙ্গীরনগরসহ প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়৷ এখন অধিকাংশ ক্যাম্পাসে শিক্ষার খবরকে ছাপিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘাত, শিক্ষকদের অন্তর্দলীয় কোন্দলের খবরই অগ্রাধিকার পেয়ে থাকে৷ সেই সঙ্গে ছিনতাই, মাদক ব্যবসা ও সেবনের বিষয়টি সংশ্লিষ্ট সবার জন্যই আতঙ্কের৷ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা তরুণেরা যদি তাঁদের নাগালের মধ্যে মাদকজাতীয় দ্রব্য পেয়ে যান, তাহলে তাঁদের নেশাগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়৷ এ থেকে উত্তরণের উপায় কী? উপায় হলো, ক্যাম্পাসে যাতে এসব মাদকদ্রব্য না ঢুকতে পারে, সে ব্যাপারে কঠোর নজরদারি৷ ক্যাম্পাসে ছিনতাইয়ের মতো অপরাধের কারণও এই মাদকাসক্তি৷ মাদকের অর্থ জোগাড় করতেই অনেকে চুরি ও ছিনতাইয়ের অাশ্রয় নেয়৷ বিভিন্ন আবাসিক ভবন ও হল থেকে ল্যাপটপ, মুঠোফোন, ঘড়ি ইত্যাদি চুরি যাওয়ার ঘটনাও বেড়েছে৷
সমস্যাটি এক দিনে তৈরি হয়েছে, তা ভাবার কোনো কারণ নেই৷ প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এত দিন কেন নির্বিকার ছিল? কর্তৃপক্ষের অজ্ঞাতে যদি এসব ছিনতাই ও চুরির ঘটনা ঘটে থাকে, তাহলে বুঝতে হবে সেখানে প্রক্টরিয়াল বডিটি একেবারেই অকার্যকর৷ আর যদি উদাসীনতার কারণে এমনটি হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নিতে হবে৷
একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অপরাধীদের অভয়াশ্রম হবে, সেটি কোনোভাবে মানা যায় না৷ বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী, এমনকি শিক্ষকের সন্তানও যদি এ ধরনের দুষ্কর্মে লিপ্ত থাকে, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে৷