শুক্রবারের প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন বলছে, উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে রাজশাহী সফরে গিয়ে প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশে বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে, দেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত রাখতে হলে আগামী নির্বাচনে আবার নৌকা মার্কায় ভোট দিতে হবে। কিন্তু একই দিনে পত্রিকাটিতে আরও তিনটি প্রতিবেদন ছাপা হয়েছে, যাতে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র ফুটে উঠেছে।
ঢাকার বঙ্গবাজারের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের উল্টো দিকে রেলওয়ে কর্তৃপক্ষের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ‘আনন্দবাজার’ থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে রেলের জায়গা পুনরুদ্ধার করতে গিয়ে পুলিশ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে গোলাগুলি পর্যন্ত হয়েছে। বৃহস্পতিবারের ওই সংঘর্ষের মূল কারণ হচ্ছে, আনন্দবাজারের ওপর শ্রমিক লীগ ও ছাত্রলীগের আধিপত্য ও নিয়মিত চাঁদাবাজি। বাজারটি দখলমুক্ত করে রেলের জায়গা রেলকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগে পুলিশ শ্রমিক লীগের সন্ত্রাসীদের সঙ্গে পেয়েছিল এ কারণে যে, শ্রমিক লীগ ওই বাজারের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে বসেছে। অন্যদিকে ছাত্রলীগ বাজার উচ্ছেদে বাধা দিতে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছিল এ কারণে যে, বাজারটি উচ্ছেদ হয়ে গেলে সেখান থেকে তারা যে নিয়মিত চাঁদা পেত, তা বন্ধ হয়ে যাবে।
এ ছাড়া নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে বেসরকারি পরিবহন সংস্থা নসিব পরিবহনের কার্যালয়সহ পুরো প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ জবরদখল করার চেষ্টা চলছে আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের ছত্রচ্ছায়ায়। তাঁর শ্যালক এহসানুল হাসান ওরফে নিপু ইতিমধ্যে দখলবাজ-শিরোমণি হিসেবে যথেষ্ট নাম করেছেন। গত বৃহস্পতিবার নসিব পরিবহনের কার্যালয় দখলের উদ্দেশ্যে সশস্ত্র হামলা চলেছে দুই দফায়। এই নিপুর সন্ত্রাসী তৎপরতায় নারায়ণগঞ্জের পরিবহন মালিক-শ্রমিকেরাসহ সবাই ইতিমধ্যে অতিষ্ঠ। আর যশোরে শিক্ষার্থীদের মেস হিসেবে ব্যবহূত ‘নূরজাহান হল’ নামের একটি বাড়ির মালিকের কাছে চাঁদা দাবি করে না পেয়ে সেটির জানালা-দরজা খুলে নিয়ে গেছেন যশোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল করিম ও তাঁর দলবল। ছাত্রলীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে, তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু এমন দৃষ্টান্ত একেবারেই বিরল।
আওয়ামী লীগ আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইলে তাদের যশোরের মতো বিরল দৃষ্টান্তকে আইন প্রয়োগের সাধারণ চিত্রে পরিণত করতে হবে: কোনোখানেই যেন সরকারি দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি-দখলবাজি ও সন্ত্রাস কেউ চালাতে না পারে, তা নিশ্চিত করতে হবে।