আওয়ামী লীগ কি পারবে ঘুরে দাঁড়াতে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর পর পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর হার দলীয় নেতা-কর্মী-সমর্থকদের বড় ধরনের ধাক্কা দিয়েছে সন্দেহ নেই। এত দিন বড়-ছোট-মাঝারি যে নেতারা সভা-সমাবেশে কথার ফানুস উড়িয়েছেন, তাঁদেরও কল্পনার আকাশ থেকে নেমে আসতে হয়েছে বাস্তবের মাটিতে। সম্প্রতি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী এক বর্ধিত সভায় বলেছেন, আওয়ামী লীগ এমনই এক দল, যাকে হতাশা স্থায়ীভাবে কখনোই গ্রাস করতে পারেনি। ধ্বংসস্তূপ থেকে বারবার জেগে ওঠার অভিজ্ঞতা এ দলের আছে।
এ বক্তব্য সময়োপযোগী ও প্রেরণার সঞ্চারী। দলের কর্মী-সমর্থকেরা যে হতাশায় আক্রান্ত, এ কথা তিনি জানেন। কেননা, সিলেট, রাজশাহী বা গাজীপুরের দূরত্ব যতটাই হোক, তার ঢেউ চট্টগ্রামের কর্মী-সমর্থকদের মনে এসে লাগতে দেরি হয়নি। তা ছাড়া স্থানীয় নির্বাচনের পরাজয়ের সূচনা তো হয়েছিল চট্টগ্রাম থেকেই। সেই নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী হেরেছিলেন সবে বিএনপিতে যোগ দেওয়া রাজনীতির মাঠে প্রায় অজ্ঞাতকুলশীল মোহাম্মদ মন্জুর আলমের কাছে। সেই স্মৃতি নিশ্চয়ই ভুলে যেতে চেয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা, কিন্তু পুরোনো ক্ষতে নতুন করে নুনের ছিটা ছড়িয়ে দিল যেন পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন।

বর্ধিত সভায় মহিউদ্দিন দলীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন তিনি, ‘নিজের জেদকে জয়ী করতে দলকে পরাজিত করার মানসিকতা পরিহার করতে হবে।’ জানি না তাঁর এই উপলব্ধি ও আহ্বান কতটা আন্তরিক। কেননা, এ প্রসঙ্গে নগর আওয়ামী লীগের আরেকজন নেতা ও মন্ত্রী আফছারুল আমীনের পত্রিকান্তরে দেওয়া বক্তব্যে কোথায় একটা সংশয়ের আভাস যেন পাওয়া যায়। তিনি বলেছেন, ‘ঐক্যের কথা, শান্তির কথা খুব ভালো। এসব কথা শুনতে ভালো লাগে। কিন্তু কথার সঙ্গে বাস্তবতার মিল থাকলে আরও ভালো।’

চট্টগ্রামের রাজনীতির খোঁজখবর যাঁরা রাখেন তাঁরা জানেন, এখানকার আওয়ামী লীগ এখন তিনটি ধারায় বিভক্ত। মহিউদ্দিন চৌধুরী, আফছারুল আমীন ও নুরুল ইসলাম বিএসসি—এই তিনটি ধারার নেতৃত্ব দিচ্ছেন। অবশ্য নগর কমিটির সদস্য আ জ ম নাসির উদ্দিনের অনুসারী একটি অংশও আছে, যার অধিকাংশই ছাত্র ও যুবক।

গত জাতীয় সংসদ নির্বাচনে নগরের চারটি আসনেই প্রার্থী মনোনয়ন নিয়ে তৎকালীন মেয়র মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে মতদ্বৈধতা সৃষ্টি হয় দলের অন্যান্য নেতার। নির্বাচনে মহিউদ্দিন দলের প্রার্থীদের পক্ষে প্রচারকাজে তেমন আন্তরিক ছিলেন না, এমন অভিযোগও আছে। মহিউদ্দিনের যথেষ্ট সহযোগিতা না পেয়েও নির্বাচনী বৈতরণি পার হতে পেরে প্রতিশোধ নেওয়ার জন্য তক্কে তক্কে ছিলেন এই নেতারা। সুযোগ পাওয়া গেল সিটি করপোরেশন নির্বাচনে। মেয়র পদে মহিউদ্দিনের হার সেই প্রতিশোধেরই ফল বলে মনে করেন অনেকে।

যাই হোক, এর মধ্যে কর্ণফুলী দিয়ে গড়িয়ে গেছে অনেক পানি। স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান আবার শক্ত করেছেন মহিউদ্দিন। রাজপথে এখনো তাঁর উপস্থিতি যতটা উজ্জীবিত করতে পারে কর্মী-সমর্থকদের, অন্য নেতাদের ভূমিকা তেমন জোরালো মনে হয় না। আবার এই মহিউদ্দিন-নির্ভরতাকে নতুন নেতৃত্ব গড়ে ওঠার পথে অন্তরায় বলেও মনে করা হয়।

নিয়মিত কাউন্সিল না হওয়ায় নতুন নেতৃত্বের সম্ভাবনাও তৈরি হচ্ছে না। অবশ্য একই নেতৃত্বের ছত্রচ্ছায়ায় দল পরিচালিত হওয়ার এই প্রবণতা নতুন কিছু নয়, বরং নগর আওয়ামী লীগের  ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি, জহুর আহম্মদ চৌধুরী ২৩ বছর, এম এ মান্নান ৩২ বছর, আখতারুজ্জামান চৌধুরী ৩৪ বছর, এ বি এম মহিউদ্দিন চৌধুরী ৩৩ বছর, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৩৩ বছর দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। এতে একদিকে নতুন নেতৃত্ব বিকাশের পথ রুদ্ধ হয়েছে, অন্যদিকে দীর্ঘ সময় ধরে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে নানা রকম কোন্দলে জড়িয়েছেন এই নেতারা ও তাঁদের সমর্থকেরা।

আশার কথা, নতুন কাউন্সিলের তোড়জোড় শুরু হয়েছে। এর প্রস্তুতি হিসেবে ওয়ার্ড সম্মেলন চলছে। মোট ৪৪ ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ১৫টির সম্মেলন, তারিখ ঘোষণা হয়েছে আরও ১৬টির। লক্ষণীয় বিষয় হচ্ছে, প্রথম দিকে ওয়ার্ড সম্মেলনগুলোতে (হালিশহর, দেওয়ানহাট) নেতাদের অনুসারীদের মধ্যে বিশৃঙ্খলা হয়েছে, হাতাহাতি, মারামারি হয়েছে। নেতারা পরস্পরের বিরুদ্ধে দায় চাপিয়েছেন এসব অঘটনের জন্য। কিন্তু ওয়ার্ড সম্মেলন ও কমিটি গঠন প্রক্রিয়া অব্যাহত থাকায় কমে এসেছে এসব বিশৃঙ্খলা, এখন বিবদমান নেতারাও নবনির্বাচিত কমিটির সঙ্গে দিব্যি হাসিমুখে ফটোসেশনে অংশ নিচ্ছেন। মহিউদ্দিনের পাশে বসে ওয়ার্ড সম্মেলন পরিচালনা করছেন আফছারুল আমীন, আর নুরুল ইসলাম তো গণমাধ্যমেই বলেছেন মহিউদ্দিন তাঁর নেতা। সব মিলিয়ে বেশ একটা ‘ঐক্য ঐক্য’ ভাব এসেছে দলে। ছিদ্রান্বেষণ না করাই ভালো, তবে অভিজ্ঞজনেরা বলছেন এই ‘ঐক্য’ জাতীয় নির্বাচন সামনে রেখে যাঁর যাঁর অবস্থান ধরে রাখার কৌশল। দীর্ঘদিন পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করলেও নুরুল ইসলাম যে মহিউদ্দিনকে তাঁর নেতা বলে স্বীকৃতি দিচ্ছেন বা আফছারুল আমীন হাসিমুখে বসছেন মহিউদ্দিনের পাশে, তার পেছনে নিশ্চয়ই কার্যকর রয়েছে কোতোয়ালি ও ডবলমুরিং আসনের দলীয় মনোনয়ন নির্বিঘ্ন হওয়া এবং নির্বাচনী প্রচারে নগর সভাপতির সমর্থন ও সহযোগিতা লাভের গোপন বাসনা। অন্যদিকে বন্দর এলাকার সাংসদ ও আওয়ামী লীগে নবাগত এম এ লতিফ সম্ভবত সাতে-পাঁচে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ করে আওয়ামী লীগে এসে মনোনয়ন, এমনকি নির্বাচনে জয় পাওয়া এই সাংসদ দলীয় রাজনীতিতে ভূমিকা রাখার যে চেষ্টা আগে করেছিলেন, সেই অভিজ্ঞতা সুখকর হয়নি। অন্তত দুবার বিপক্ষ গ্রুপের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন তিনি। এখন তাই সেই চেষ্টা বাদ দিয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নিয়ন্ত্রণ হাতে রাখা আর স্বল্পমূল্যে চাল বিতরণের মতো ‘জনহিতকর’ কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগে কোন্দল এখন তেমন দৃশ্যমান নয়। এই আপাত শান্তির পরিবেশ নগর সম্মেলনের জন্য খুবই উপযুক্ত সময়। ঈদের পর আগস্টের মাঝামাঝি সময়ে এই সম্মেলনের পরিকল্পনা করা হয়েছে। বলা হচ্ছে, সম্মেলনের পর আরও গতিশীল হয়ে উঠবে দল। কিন্তু থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড় করে কি আর পরিবর্তন আসে? মান্নান-মহিউদ্দিন বা আখতারুজ্জামান-মোশাররফের পর যাঁরা এ দলে সক্রিয় হয়েছিলেন, সেই খোরশেদ আলম সুজন, আ জ ম নাছির উদ্দিন, ইব্রাহিম হোসেন চৌধুরী এমনকি ইফতেখার সাইমুলদের বয়সও এখন পঞ্চাশ থেকে ষাটের ঘরে। দলের নেতৃত্ব পেতে হলে আর কত প্রৌঢ়ত্ব অর্জন করতে হবে তাঁদের?

এ তো গেল সাংগঠনিক দিক। এর বাইরে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়েও বিব্রত সরকারি দলটির স্থানীয় নেতা-কর্মীরা। ২০০১ সালে জাতীয় নির্বাচনে ভরাডুবির পর আওয়ামী লীগের কিছু শিক্ষা হয়েছিল। তাই ২০০৯ সালে ক্ষমতায় আসার পর মামুনুর রশীদ মামুন, হেলাল আকবর, চন্দন ভৌমিক, দুলু, মফিজের মতো সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেননি এখানকার নেতারা। চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বস্তিকর ছিল দীর্ঘদিন। কিন্তু সরকারের শেষ দিকে হঠাৎ করে আবার নতুন করে উত্থান ঘটেছে সন্ত্রাসীদের। কয়েক দিন আগে রেলের টেন্ডার নিয়ে প্রকাশ্য গোলাগুলিতে লিপ্ত হয়েছে যুবলীগ ও ছাত্রলীগের দুটি গ্রুপ। এতে নিহত হয়েছে এক শিশুসহ দুজন। একটি গ্রুপের নেতৃত্ব দিয়েছেন হেলাল উদ্দিন আকবর। দীর্ঘদিন থাইল্যান্ডে ছিলেন হেলাল, সেখানে জেলও খেটেছেন। কী করে ফিরে এসে তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হতে পারলেন সেটা নিশ্চয়ই ভাবার বিষয়। একইভাবে বন্দুকযুদ্ধে অন্য গ্রুপের নেতৃত্ব যিনি দিয়েছেন, সেই সাইফুল আলম ওরফে লিমনও অজ্ঞাত কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক! যুবলীগ ও ছাত্রলীগে দীর্ঘদিন নিরলস কাজ করে যাচ্ছেন এমন কর্মীর অভাব নেই। কিন্তু হেলাল ও লিমনরা যখন কেন্দ্রীয় কমিটিতে স্থান পান, তখন সাধারণ কর্মীদের কাছে এই বার্তাটি পৌঁছে যায়, যেকোনো উপায়ে অর্থ উপার্জন করে ‘যথাস্থানে’ পৌঁছে দিতে পারলে পদ ও পদবি পাওয়া সম্ভব। এই পদ ও পদবিধারী কিংবা বাহুবলে নেতৃত্বপ্রাপ্তরাই বারবার আওয়ামী লীগের পতনের পথ সুগম করেছেন। হেলাল, লিমন এখন জেলে। তাঁদের গ্রেপ্তারের ব্যাপারে বাদ না সেধে আওয়ামী লীগের স্থানীয় নেতারা সুচিন্তার পরিচয় দিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় কমিটিতে বসে কে বা কারা এই সন্ত্রাসীদের উৎকোচের (?) বিনিময়ে পদ-পদবি বিতরণ করেছেন, তার তদন্ত হওয়া দরকার বলে মনে করেন স্থানীয় নেতা-কর্মীরা।

ক্ষতি যা হওয়ার ইতিমধ্যেই হয়েছে, তবু ভবিষ্যতে নগর সম্মেলনের মাধ্যমে যদি এই সন্ত্রাসীদের দলীয় পরিচয়ের বাইরে রাখা যায়, তাতে নেতৃত্বের প্রতি আস্থা ফিরে আসতেও পারে। তা ছাড়া নগরের সাংসদের বিরুদ্ধেও তেমন কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি এ পর্যন্ত। মনে রাখা দরকার, গত নির্বাচনে এই নগরে প্রথমবারের মতো চারটি আসনই জিতে নিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।

বিশ্বজিৎ চৌধুরী: সাংবাদিক ও লেখক।